০৮:৫৪ পি.এম
আফগানিস্তানের কুনার প্রদেশে ঘটে যাওয়া একটি স্কুলের নিকট বিস্ফোরণের ফলে অন্তত ১০ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১১০ জনেরও বেশি। শনিবার সকালে আসাদাবাদের আন্দরসির এলাকায় এই বিস্ফোরণটি ঘটে। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসিকে এই তথ্য প্রদান করেছেন।
মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, কাছাকাছি অবস্থিত একটি খনন প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণের গুদামে অবহেলা ও অসতর্কতার কারণে এই বিস্ফোরণটি সংঘটিত হয়েছে। তিনি জানান, এ ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্য বিভাগের পরিচালক সামি উল হক বায়ান জানিয়েছেন, আসাদাবাদের শাগাই মিডল স্কুলের নিকটবর্তী একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটেছে। সেখানে খননকাজের জন্য বিস্ফোরক প্রস্তুতির কাজ চলছিল। পাথর ভাঙার কাজে ব্যবহারের জন্যও এসব বিস্ফোরক প্রস্তুত করা হচ্ছিল।
আরও পড়ুন: কানাডার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি
অন্যদিকে, বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে জানানো হয়েছে, আহতদের মধ্যে ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য আহতদের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন