বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৩৯ পি.এম
রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালের পাশে একটি রঙের দোকানে আগুন লেগেছে।
বুধবার দুপুর ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, দুপুর ২টার পরে কলেরা হাসপাতালের পাশে একটি রঙের দোকানে অগ্নিকাণ্ডের খবর পাই। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ডিউটি অফিসার জানান, এখন পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুপুর ২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং অপরিকল্পিতভাবে ফুটপাথ ও সাইকেল লেন নির্মাণ বন্ধের দাবিতে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারীদের অভিযোগ, পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলমান থাকা অবস্থায় গত সোমবার (৭ সেপ্টেম্বর) মাস্টারপ্ল্যান প্রণয়ন কমিটির (টিএমসি) সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই প্রায় ২৫ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৮ দশমিক ৫৬ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ, ফুটপাথ ও পৃথক সাইকেল লেন নির্মাণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার প্রকল্পটির উদ্বোধনের কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।
মানববন্ধনে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’-এর অন্যতম সংগঠক সজীব আহমেদ জেনিস বলেন, ‘উন্নয়নের নামে এরই মধ্যে প্রায় ৩ হাজার গাছ কাটা পড়েছে এবং অসংখ্য লেক ও জলাধার ভরাট হয়েছে। এর ফলে ক্যাম্পাসের তাপমাত্রা বৃদ্ধি এবং লেক শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে।
তাই প্রাণ-প্রকৃতি রক্ষার স্বার্থে একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান অত্যন্ত জরুরি।’
তিনি আরো বলেন, ‘মানববন্ধনের খবর পেয়ে প্রশাসন প্রায় ২৫ কোটি টাকার ফুটপাত ও রাস্তা নির্মাণ প্রকল্পের উদ্বোধন স্থগিত করেছে। সাত বছরের আন্দোলনের ফলে মাস্টারপ্ল্যান প্রণয়নের জন্য আর্থিক সংকুলান ও টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তাই নতুন কোনো খণ্ডিত উন্নয়নকাজ শুরুর আগে মাস্টারপ্ল্যানের কাজ দৃশ্যমান করতে হবে।
জেনিসের দাবি, ফুটপাত ও সড়ক নির্মাণের এই পরিকল্পনাটি সাবেক আওয়ামী লীগ সরকারের আমলের প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছিল। বর্তমান প্রশাসন কোনো সামগ্রিক পরিকল্পনা ছাড়াই সেটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তার ভাষ্য, কেন্দ্রীয় স্যুয়ারেজ ও ড্রেনেজব্যবস্থা ছাড়া এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন কার্যকর হবে না।
মানববন্ধনের সমাপনী বক্তব্যে অদ্রি অংকুর বলেন, মূল সড়ক ঘেঁষে অপরিকল্পিতভাবে নতুন কলা ভবন নির্মাণের ফলে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সড়ক বন্ধ রাখতে হয়। এটি প্রশাসনিক অব্যবস্থাপনার একটি উদাহরণ।
তিনি আরো অভিযোগ করেন, টিএসসি-সংলগ্ন পুকুর ভরাটের কারণে বর্ষাকালে ক্যাম্পাসে কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তার মতে, ক্যাম্পাসের জলাধার, গাছপালা ও সড়কব্যবস্থা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। ফলে খণ্ডিত ও অপরিকল্পিত উন্নয়ন এসব প্রাকৃতিক বৈশিষ্ট্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এ ছাড়া, পৃথক ও সামগ্রিক পরিবেশগত মূল্যায়ন ছাড়া কোনো সড়ক প্রশস্তকরণ বা ফুটপাত নির্মাণ না করার দাবি জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে আগামী ৫০ থেকে ১০০ বছরের বিভাগীয় সম্প্রসারণ, আবাসন এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের বিষয় বিবেচনায় নিয়ে একটি সামগ্রিক ও দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবি জানান তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক হাজার দুইজন। বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১১৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম রোগীর সংখ্যা এক লাখ ৬৭ হাজার ৫৮০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬৯ জন। গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৯০৪ জন।
গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩৯৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪১ হাজার ৮১৯ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯০২ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ : ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র চেয়ে করা রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মণ্ডল আর নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী।
আজকের এই রায়ের ফলে কেউ ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করতে পারবে না বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী।
ছবি ছাড়া বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র করতে চেয়ে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি রিট করেন রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা।
পরবর্তীতে সে রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।
আজ রিটটি খারিজ করেছেন হাইকোর্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ডিজিটাল ওজন মেশিনের ভেতরে রশি ও রাবার সংযুক্ত করে ক্রেতাদের কম ওজন দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ইলিশ মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মাছ বিক্রেতার নাম আপেল মাহমুদ।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আনন্দ বাজারের মাছের পাইকারি ও খুচরা আড়তে বাজার তদারকিতে বিশেষ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় আপেল মাহমুদের ডিজিটাল ওজন মেশিন পরীক্ষা করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ওজন মেশিনের ভেতরের যন্ত্রাংশের সঙ্গে একটি রাবার ও রশি সংযুক্ত করে রেখেছিলেন আপেল মাহমুদ। রশিটির অপর প্রান্ত বাইরে এনে গামছার আড়ালে নিজের হাতের কাছে রাখতেন তিনি। ক্রেতারা মাছ কেনার সময় গামছার আড়াল থেকে রশি টেনে বা ঢিল দিয়ে ডিজিটাল পর্দায় প্রদর্শিত ওজন নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতেন। এতে ক্রেতারা নির্ধারিত দামের বিপরীতে কম ওজনের মাছ পেতেন।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, আপেল মাহমুদ তার এই কৌশল ও অপরাধের কথা স্বীকার করেছেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি করবেন না বলে অঙ্গীকার করেছেন ওই মাছ বিক্রেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ