বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:৪৩ পি.এম
ডিজিটাল ওজন মেশিনের ভেতরে রশি ও রাবার সংযুক্ত করে ক্রেতাদের কম ওজন দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ইলিশ মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মাছ বিক্রেতার নাম আপেল মাহমুদ।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আনন্দ বাজারের মাছের পাইকারি ও খুচরা আড়তে বাজার তদারকিতে বিশেষ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় আপেল মাহমুদের ডিজিটাল ওজন মেশিন পরীক্ষা করতে গিয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ওজন মেশিনের ভেতরের যন্ত্রাংশের সঙ্গে একটি রাবার ও রশি সংযুক্ত করে রেখেছিলেন আপেল মাহমুদ। রশিটির অপর প্রান্ত বাইরে এনে গামছার আড়ালে নিজের হাতের কাছে রাখতেন তিনি। ক্রেতারা মাছ কেনার সময় গামছার আড়াল থেকে রশি টেনে বা ঢিল দিয়ে ডিজিটাল পর্দায় প্রদর্শিত ওজন নিজের ইচ্ছেমতো নিয়ন্ত্রণ করতেন। এতে ক্রেতারা নির্ধারিত দামের বিপরীতে কম ওজনের মাছ পেতেন।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, আপেল মাহমুদ তার এই কৌশল ও অপরাধের কথা স্বীকার করেছেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি করবেন না বলে অঙ্গীকার করেছেন ওই মাছ বিক্রেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার মেট্রোরেলের স্টেশন এবং চলমান ট্রেনে মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) একটি লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিইউবিটি লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিইউএলএ) সাধারণ সম্পাদক আইনজীবী এইচ এম রাশিদুল ইসলাম জনস্বার্থে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এই লিগ্যাল ডিমান্ড নোটিশটি পাঠান।
নোটিশে দেশের শীর্ষ তিন মোবাইল অপারেটর-গ্রামীণফোন, বাংলালিংক এবং রবি আজিয়াটাকে (এয়ারটেল) মেট্রো রেল এলাকায় প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের অনুমতি ও সুযোগ-সুবিধা দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বর্তমানে প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করেন। কিন্তু ট্রেন চলাকালীন এবং স্টেশনগুলোতে দুর্বল নেটওয়ার্কের কারণে যাত্রীরা জরুরি প্রয়োজনে কথা বলতে পারেন না অথবা বারবার কল কেটে যায়। এর ফলে প্রতিদিন হাজারো যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন।
নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। যদি এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া হয়, তবে জনস্বার্থে হাইকোর্টে রিট আবেদনসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে স্বাস্থ্যহানিকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং নানা অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন আস্পদ্দি এলাকায় পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, আস্পদ্দি এলাকার বিসমিল্লাহ বেকারি ও নিপা বেকারিতে নোংরা পরিবেশ, খাদ্যে ক্ষতিকারক রাসায়নিক রং ব্যবহার এবং পণ্যের মোড়কে মেয়াদ না থাকাসহ নানা অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪৩ ধারায় বিসমিল্লাহ বেকারিকে ৫ হাজার টাকা এবং একই ধারায় নিপা বেকারিকে ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।
অভিধানে কাউখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ নুরুল আলম বখতিয়ার এবং কাউখালী থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, আমরা নিয়মিত তদারকির অংশ হিসেবে কাউখালীর বেকারিগুলোতে অভিযান চালিয়েছি। বেকারির খাদ্যপণ্যে ক্ষতিকারক রং মেশানো হচ্ছে এবং প্যাকেটজাত পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের কোনো তারিখ দেওয়া হচ্ছে না। এটি ভোক্তাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনের স্পষ্ট লঙ্ঘন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ০৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সেলিম মিঞা, টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
সভায় বক্তাগণ ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
উপসাগরীয় অঞ্চল এবং আশপাশের যেসব নেতৃবৃন্দ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছিলেন তাদের সেই চেষ্টা গুড়ে বালি। কেননা তারা আজ সকালে উঠেও হামলা ও পাল্টা হামলার মতো সেই একই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
ফলে বলা যায় গত ২৪ ঘণ্টায় যা ঘটেছে তা নিশ্চিতভাবেই একটি বড় ধরনের সহিংস উত্তেজনার বহিঃপ্রকাশ।
ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সামরিক হামলার জবাবে তারা জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে মার্কিন বাহিনীর ওপর একটি ‘বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে।
তাদের দাবি, এই ক্ষেপণাস্ত্র হামলায় এফ-৩৫, এফ-১৬ এবং এফ-১৫ ফাইটার জেটের রক্ষণাবেক্ষণ ও মোতায়েন কেন্দ্রে আঘাত হানা হয়েছে।
তবে আইআরজিসির দাবির সাথে জর্ডানের সামরিক বাহিনীর বক্তব্যের মধ্যে বড় ধরনের অমিল রয়েছে। জর্ডান সেনাবাহিনী জানিয়েছে, তারা ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যার মধ্যে ১৮টি ধ্বংস করা হয়েছে এবং ২টি ফাঁকা জায়গায় গিয়ে পড়েছে। ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
পৃথকভাবে আইআরজিসি আরও দাবি করেছে, তারা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর দু’টি ডেস্ট্রয়ার, আরও দু’টি মার্কিন জাহাজ এবং আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
ফলে এতদিন মধ্যপ্রাচ্যের যে সমস্ত আঞ্চলিক নেতৃবৃন্দ উভয় পক্ষকে সংঘাত থেকে দূরে রাখতে এবং টেবিলে আলোচনায় বসাতে দৌড়ঝাঁপ করছিলেন, তাদের শান্তি প্রচেষ্টা বড় ধরনের ধাক্কা খেয়েছে। দুই পক্ষ থেকে আসা পাল্টাপাল্টি দাবি ও সামরিক তৎপরতার ধরন ইঙ্গিত দিচ্ছে-আগামী দিন ও সপ্তাহগুলোতে এই সংঘাত প্রশমিত হওয়ার বদলে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ