১০:৩৩ পি.এম
হবিগঞ্জ, ১৬ নভেম্বর ২০২৬ : জেলার সীমান্তবর্তী এলাকা গুলোতে নজরদারি বৃদ্ধি করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দূরনিয়ন্ত্রিত ও সেন্সরভিত্তিক সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট এবং সোলার লাইট স্থাপন করেছে।
সোমবার সন্ধ্যায় বিজিবি’র হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানানো হয়, কঠোর নজরদারির পাশাপাশি অবৈধ সীমান্ত পারাপার, মাদক, মানব পাচার এবং চোরাচালান রোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বাল্লা, দুধপাতিল, নিউ বাল্লা আইসিপি, গুইবিল এবং চিমটিবিল এলাকায় অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে। এর ফলে, এই এলাকা গুলো এখন চব্বিশ ঘণ্টা নজরদারির আওতায় রয়েছে এবং প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে সীমান্ত এলাকায় অপরাধী সনাক্ত করা সম্ভব হবে।
আরও পড়ুন: বরিশাল মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রিয়াজ ও সম্পাদক মুন্না
এই উদ্যোগগুলোর ফলে সীমান্ত এলাকার সামগ্রিক নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। বিজিবি আশা করছে, চোরাচালান এবং অবৈধ পারাপার কার্যকরভাবে নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি, জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিজিবি’র নজরদারি সক্ষমতাকে বহুগুণ বাড়িয়েছে। তিনি বলেন, "মানব পাচার, চোরাচালান এবং মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন