ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সদরপুরে যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের কাছে সোপর্দ


সদরপুরে যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের কাছে সোপর্দ

ফরিদপুরের সদরপুর উপজেলা সদরে যুবদলের মিছিল চলাকালীন ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে যুবদলের নেতাকর্মীরা ইউসুফ মুন্সী (৪০) নামের এক ভ্যানচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

এই ঘটনা ঘটে সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে, উপজেলা সদরপুর বাজারের মাদ্রাসা মোড়ে। মিছিলের নেতৃত্বে থাকা যুবদল নেতা জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ার কারণে তাকে আটক করা হয়েছে।

আটক হওয়া ইউসুফ মুন্সী সদরপুর সদর ইউনিয়নের নয়রশি গ্রামের আব্দুর রাজ্জাক মুন্সীর ছেলে। তিনি একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক।

আরও পড়ুন: ভোলায় বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ ৫ জন আটক

স্থানীয় সূত্র ও যুবদল নেতার বক্তব্য অনুযায়ী, সোমবার দুপুরে উপজেলা সদরের কৃষ্ণপুর মোড় থেকে যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও সহিংসতার প্রতিবাদে আয়োজিত এই মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে পৌঁছায়। অভিযোগ রয়েছে যে, এ সময় ইউসুফ মুন্সী মিছিলের সামনে দাঁড়িয়ে বারবার ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

পরে যুবদলের নেতাকর্মীরা তাকে আটক করে সদরপুর থানায় নিয়ে যান। মিছিলের নেতৃত্ব দেওয়া যুবদল নেতা মুন্সী ইসারত জানিয়েছেন, মিছিল চলাকালে ওই ব্যক্তি আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছিলেন। এজন্য তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ এ বিষয়ে বলেন, যুবদলের নেতাকর্মীরা ইউসুফ নামে এক ব্যক্তিকে থানায় সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বান্দরবানে ত্রিদেশীয় শূন্যরেখায় ৮ সন্দেহভাজন আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি রিসার্চ সোসাইটির নেতৃত্বে রেদওয়ান-ইয়ামিন

আন্তর্জাতিক ডেস্ক

মাভাবিপ্রবি প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি রিসার্চ সোসাইটির নেতৃত্বে রেদওয়ান-ইয়ামিন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি রিসার্চ সোসাইটি’র ২০২৬ সালের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিভাগের সকল শিক্ষকদের অনুমোদন ও স্বাক্ষরে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেদওয়ান আহমেদ শাওন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইয়ামিন আলম চৌধুরী। সহসভাপতি হিসেবে রয়েছেন মারুফ হাসান তালুকদার।
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন গৌরব ভৌমিক শর্গো (যুগ্ম সাধারণ সম্পাদক), মাহমুদা রহমান আশা (সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক), মো. আশিকুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), আফরুজা আক্তার ইতি (সহকারী সাংগঠনিক সম্পাদক), মেহেদী হাসান ও আরাফাত হোসেন শিশির (কোষাধ্যক্ষ), এস এম মাহমুদুল ইসলাম (গবেষণা ও উচ্চশিক্ষা সম্পাদক), মো. শাকিল হাসান (সহকারী গবেষণা ও উচ্চশিক্ষা সম্পাদক), মো. পিয়াসুর রহমান হিশাম (প্রেস, পাবলিকেশন ও আইটি সম্পাদক), অনুষ্কা কর্মকার ও মাহিনুর আক্তার সুমি (সহকারী প্রেস, পাবলিকেশন ও আইটি সম্পাদক), সামিহা সুলতানা (যোগাযোগ ও আউটরিচ সম্পাদক) এবং ফারহানা ফেরদৌসী রিমো (সহকারী যোগাযোগ ও আউটরিচ সম্পাদক)।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম, শুরভী আক্তার, মো. ইশতিয়াক আহমেদ ইমন, রুনিয়া আক্তার, আফরিন আক্তার সুচনা, মুহাম্মদ সামফাত হোসেন, শহিদ রানা, সাবরিনা আলম স্বমালী, সামিয়া ইয়াসমিন, নোটন দেবনাথ, মুরাদ পারভেজ, তৌফিক আহমেদ, মো. শাহরিয়ার হাসান সোমাপতো, মাহমুদা মিম, সাদিয়া ইফফাত তান্নি, মো. আশরাফুল ইসলাম ও মারিয়া আন্তরা মুর্মু।

নবনির্বাচিত সভাপতি রেদওয়ান আহমেদ শাওন বলেন, 'শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ সৃষ্টি ও বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশে কাজ করবে রিসার্চ সোসাইটি। সেমিনার, কর্মশালা ও গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটিকে আরও সক্রিয় ও গবেষণাবান্ধব করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের সব সদস্যের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।'

সাধারণ সম্পাদক ইয়ামিন আলম চৌধুরী বলেন, 'সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে নতুন কমিটি। বায়োইনফরমেটিক্স, মলিকুলার বায়োলজি ও গবেষণাপদ্ধতি নিয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালোবাসা নাকি ‘অ্যাটেনশন’ পাওয়ার কামনা? বুঝবেন কিভাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


ভালোবাসা নাকি ‘অ্যাটেনশন’ পাওয়ার কামনা? বুঝবেন কিভাবে

আপনি কি সারাক্ষণ কারও মেসেজের অপেক্ষায় থাকেন? ফোনের পর্দায় তার নাম দেখলেই কি মুখে হাসি ফুটে ওঠে? আবার উত্তর দিতে দেরি করলেই মন খারাপ হয়ে যায়? এমন অনুভূতি থেকে মনে হতে পারে, আপনি হয়ত প্রেমে পড়েছেন।

তবে মনোবিশ্লেষণধর্মী দৃষ্টিকোণ থেকে সব সময় এমন অনুভূতিকে ‘ভালোবাসা’ বলা সম্ভব নয়। অনেক সময় এটি অন্য কারও কাছ থেকে মনোযোগ, স্বীকৃতি বা গুরুত্ব পাওয়ার প্রতি নির্ভরশীলতার একটি রূপ হতে পারে।

প্রেম এবং মনোযোগের প্রতি আসক্তির মধ্যে পার্থক্য করা সব সময় সহজ নয়। বিশেষ করে যখন কারও নিয়মিত বার্তা আপনার প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়। তবে কিছু লক্ষণ খেয়াল করলে নিজের অনুভূতি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া সম্ভব। যেমন-

তার উত্তরের ওপর নির্ভর করে আপনার মেজাজ।

যদি তার কাছ থেকে দ্রুত উত্তর পান, তাহলে আপনার মন ভালো হয়ে যায়। অন্যদিকে, উত্তর আসতে দেরি হলে অস্থিরতা কিংবা হতাশা ভর করে। দিনের বাকি সময়টাও হয়ত খারাপ কাটে। যদি আপনার ভালো থাকা বা মন খারাপের বিষয়টি পুরোপুরি তার দেওয়া মনোযোগের ওপর নির্ভর করে, তাহলে বুঝতে হবে আপনি হয়ত তার স্বীকৃতিকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন।

কথোপকথনের চেয়ে তার মেসেজ বেশি গুরুত্বপূর্ণ।

একবার ভেবে দেখুন, আপনি কি সত্যিই মানুষটিকে মিস করেন, নাকি তার কাছ থেকে নিয়মিত বার্তা পাওয়ার অভ্যাসটিকে? তার সঙ্গে অর্থবহ কথাবার্তার চেয়ে সকালে পাওয়া একটি 'গুড মর্নিং' কিংবা ছোট্ট প্রশংসা যদি বেশি আনন্দ দেয়, তাহলে আপনার অনুভূতি নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।

তার নেতিবাচক দিকগুলো সহজেই উপেক্ষা করেন।

আপনাদের চিন্তাভাবনা, পছন্দ কিংবা জীবন সম্পর্কে প্রত্যাশায় হয়ত যথেষ্ট অমিল রয়েছে। কিন্তু সে যখনই প্রশংসা করে বা আপনাকে বিশেষ অনুভব করায়, তখন এসব পার্থক্য আর চোখে পড়ে না। আসলে কারও কাছ থেকে কাঙ্ক্ষিত হওয়ার অনুভূতি অনেক সময় সম্পর্কের প্রকৃত সামঞ্জস্য বিচার করার বিষয়টি আড়াল করে দেয়।

সে দূরত্ব তৈরি করলেই আপনার আগ্রহ বেড়ে যায়।

সে যখন নিয়মিত যোগাযোগ রাখে, তখন সবকিছু স্বাভাবিক মনে হয়। কিন্তু হঠাৎ যোগাযোগ কমিয়ে দিলে কিংবা দূরে সরে গেলে তাকে নিয়ে আপনার চিন্তা বেড়ে যায়। বারবার তার মেসেজ চেক করতে ইচ্ছা করে, কখন উত্তর দেবে তা নিয়ে অস্থিরতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে নিজের অনুভূতিকে গভীর ভালোবাসা ভেবে ভুল হতে পারে। বাস্তবে এটি ভালোবাসার চেয়ে হারিয়ে ফেলার ভয় কিংবা অনিশ্চয়তা থেকে তৈরি হওয়া উদ্বেগও হতে পারে।

নিজের চেয়ে তার পছন্দ-অপছন্দকে বেশি গুরুত্ব দেন।

সে আপনাকে পছন্দ করে কি না, তার চোখে আপনাকে কেমন দেখায় কিংবা আপনার কোনো আচরণে সে বিরক্ত হলো কি না—এসব ভাবতে আপনি অনেকটা সময় ব্যয় করেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, মানুষটির সঙ্গে সময় কাটিয়ে আপনি নিজে কতটা আনন্দ পান? একটি সুস্থ সম্পর্ক শুধু অন্যের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার চেষ্টা নয়। বরং সেই মানুষটির সঙ্গে আপনার চাহিদা, প্রত্যাশা ও মানসিক স্বাচ্ছন্দ্যের মিল রয়েছে কি না, সেটিও সমান গুরুত্বপূর্ণ।

কারও প্রতি আকর্ষণ অনুভব করা কিংবা তার কাছ থেকে মনোযোগ প্রত্যাশা করা অস্বাভাবিক নয়। তবে সেই মনোযোগের ওপর নিজের ভালো থাকা নির্ভরশীল হয়ে পড়লে বিষয়টি নিয়ে ভাবা জরুরি। কারণ ভালোবাসার সম্পর্কে শুধু অন্য মানুষটি আপনাকে কতটা গুরুত্ব দিচ্ছে, সেটিই নয়; তার সঙ্গে থাকলে আপনি কতটা ভালো থাকছেন, সেটিও গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৃত্যুর পরও বার্সা সমর্থকদের ক্যাম্প ন্যুতে থাকার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


মৃত্যুর পরও বার্সা সমর্থকদের ক্যাম্প ন্যুতে থাকার সুযোগ

ফুটবলের প্রতি ভালোবাসা কখনো কখনো মৃত্যুর পরও অটুট থাকে। এই ভালোবাসাকে স্থায়ী ঠিকানা দেওয়ার জন্য একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বার্সেলোনা। ক্লাবের নতুন ক্যাম্প ন্যু স্টেডিয়ামে তৈরি হচ্ছে একটি বিশেষ স্মৃতিসৌধ, যেখানে মৃত্যুর পর সমর্থকদের দেহভস্ম সংরক্ষণের ব্যবস্থা থাকবে। ‘মেমোরিয়াল এফসি বার্সেলোনা’ নামের এই প্রকল্পে রাখা হবে ২৬ হাজার কলম্বারিয়াম বা দেহভস্ম সংরক্ষণের বিশেষ কুঠুরি।

ক্লাবের পক্ষ থেকে ১০ নভেম্বর প্রকল্পটির বিস্তারিত তুলে ধরা হয়েছে। স্পটিফাই ক্যাম্প ন্যুর উত্তর গোলপোস্টের কাছে প্রায় ১ হাজার ৫০০ বর্গমিটার জায়গাজুড়ে তৈরি হবে এই স্মৃতিসৌধ। সেখানে বার্সেলোনার ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে বড় দেয়ালচিত্র থাকবে এবং সমর্থকদের স্মৃতিফলক রাখার জন্য আলাদা জায়গা বরাদ্দ করা হবে। সব মিলিয়ে ২৬ হাজার দেহভস্ম সংরক্ষণের কুঠুরির পাশাপাশি ৯ হাজার স্মৃতিফলকও থাকবে।

এই উদ্যোগের মাধ্যমে সমর্থকেরা মৃত্যুর পরও প্রিয় ক্লাবের সঙ্গে নিজেদের সম্পর্ক ধরে রাখতে পারবেন। বার্সেলোনার প্রাতিষ্ঠানিক ভাইস প্রেসিডেন্ট মারিয়া এলেনা ফর্ত প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর দাদার একটি ইচ্ছার কথা তুলে ধরেন। তিনি জানান, তাঁর দাদা চেয়েছিলেন, তাঁকে যেন বার্সার মাঠের পাশে সমাহিত করা হয়, যাতে পরকালেও দলের গোলের আনন্দ শুনতে পারেন। ফর্তের মতে, এমন স্বপ্ন অনেক সমর্থকই দেখেন।

তবে ক্যাম্প ন্যুতে চিরস্থায়ী ঠিকানা পেতে খরচ করতে হবে অর্থ। ১০ বছরের জন্য একটি কুঠুরি ব্যবহারের মূল্য শুরু ২ হাজার ৪৯০ ইউরো থেকে। ২৫ বছরের জন্য খরচ ৪ হাজার ৯৯০ ইউরো এবং ৫০ বছরের জন্য ৫ হাজার ৯৯০ ইউরো। এর সঙ্গে বছরে ৭০ ইউরো রক্ষণাবেক্ষণ ফি দিতে হবে। দেহভস্ম রাখার পাত্র ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত ১৮০ ইউরোও লাগবে।

প্রকল্পটির প্রথম ধাপ ২০২৭ সালের শেষ দিকে চালু হওয়ার কথা। দ্বিতীয় ধাপের কাজ শেষ হওয়ার সম্ভাবনা ২০২৮ সালের মাঝামাঝি। এরই মধ্যে এক হাজারের বেশি সমর্থক জায়গা নেওয়ার আগ্রহ দেখিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

বার্সেলোনার এই উদ্যোগ ফুটবলবিশ্বে বেশ ব্যতিক্রমী হলেও একেবারে নতুন নয়। আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস ও এস্পানিওলের মতো ক্লাবেরও সমর্থকদের জন্য একই ধরনের স্মৃতিসৌধ রয়েছে। তবে ২৬ হাজার কুঠুরি নিয়ে বার্সেলোনার প্রকল্পটি আকারের দিক থেকে উল্লেখযোগ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি গঠন, সভাপতি রুমী ও সম্পাদক রিমু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি গঠন, সভাপতি রুমী ও সম্পাদক রিমু

পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই সাত সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ রিয়াইনুল ইসলাম রিমুকে মনোনীত করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর থেকে সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে সই করেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আল আমিন সুজন, সহ-সভাপতি নুরুল ইসলাম লিটন গাজী, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাঁশী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেছেন। পটুয়াখালী জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী ৩০ দিনের মধ্যে গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%