ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম


চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম

বাংলাদেশে ফ্যাসিবাদী সংস্কৃতি দূর করার লক্ষ্যে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক ব্যক্তিদের মূল্যায়ন করা আবশ্যক। যদি শুধুমাত্র দলীয় আনুগত্য কিংবা চাটুকারিতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে রাষ্ট্র আবারও সংকটের সম্মুখীন হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই মন্তব্য করেছেন যে, জুলাই বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘আওয়ামী সন্ত্রাস, আওয়ামীপনা ও ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লব-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক মিনহাল আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম উল্লেখ করেন, জুলাই বিপ্লবের অন্যতম বড় শক্তি ছিল মানুষের ঐক্যবদ্ধ অবস্থান। রাজনৈতিক ও আদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের প্রতি ভালোবাসা, সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস এবং অন্যায়-জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলেন। বাম, ডানসহ বিভিন্ন মতাদর্শের মানুষ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এই ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা জুলাই বিপ্লবকে সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

আরও পড়ুন: কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে মানুষের মধ্যে আত্মত্যাগের যে মানসিকতা তৈরি হয়েছিল, তা ছিল অভূতপূর্ব। শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে অংশ নিয়েছিলেন। একজন আক্রান্ত হলে অন্যজন তাঁকে রক্ষা করতে এগিয়ে এসেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রান্ত হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশে দাঁড়িয়েছেন। মাদ্রাসার শিক্ষার্থীরা আক্রান্ত হলে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এগিয়ে এসেছেন। সাংবাদিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন।

জুলাই আন্দোলনের আধ্যাত্মিক ও মানবিক দিক তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে মানুষ নফল রোজা রেখেছেন, নামাজ পড়ে আন্দোলনকারীদের জন্য দোয়া করেছেন। দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরাও আন্দোলনকারীদের জন্য দোয়া করেছেন। আন্দোলনের কঠিন মুহূর্তেও একদিকে গুলিবর্ষণ, আহত ও রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে, অন্যদিকে আজান হলে অনেকে নামাজে দাঁড়িয়ে গেছেন। জুলাই বিপ্লবের বিজয়ের পর গণভবনে মানুষের আল্লাহর কাছে সেজদায় অবনত হওয়ার দৃশ্যও সেই আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ। ঐক্য, আত্মত্যাগ ও আল্লাহর সাহায্যের সমন্বয়েই বিজয় সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জুলাই-পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হলেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। শহীদ পরিবারগুলোর প্রত্যাশা এবং রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল, তা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। শুধুমাত্র শাসকের পরিবর্তন হলেই ফ্যাসিবাদ দূর হয় না; ফ্যাসিবাদী চিন্তা, সংস্কৃতি ও শাসনব্যবস্থারও পরিবর্তন প্রয়োজন।

বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে জাহিদুল ইসলাম বলেন, সরকারকে ফ্যাসিস্ট বলতে চান না, তবে তাদের কিছু কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। অতীতে আওয়ামী লীগ কোনো প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিষয়কে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করত। বর্তমান সরকারের কিছু প্রতিনিধির মধ্যেও একই প্রবণতা দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংসদ সদস্যদের বাড়িতে হামলা কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়ে প্রশ্ন উঠলেও অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট জবাব ও কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

আরও পড়ুন: মেজর জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উত্থান ও আধুনিকায়ন

তিনি আরও বলেন, অতীতে বিএনপিও জুলুমের শিকার হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জুলাইয়ের প্রকৃত চেতনা ধারণ করেন এবং যোগ্যতা ও দক্ষতা রাখেন, এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিতে হবে। প্রয়োজনে ভিন্ন মতাদর্শের যোগ্য ব্যক্তিদেরও রাষ্ট্রের স্বার্থে মূল্যায়ন করতে হবে। যদি শুধুমাত্র চাটুকারদের পদায়ন করা হয়, তাহলে রাষ্ট্র আবারও সংকটের মুখে পড়বে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, আওয়ামীপনা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি সংস্কৃতি, চিন্তাচেতনা ও অভ্যাস। বাংলাদেশ থেকে এ ধরনের সংস্কৃতি দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জুলাই বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মিনহাল সম্পাদক ইউসুফ আম্মারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠক ও রাজনীতিক সামান্তা শারমিন এবং ডেল এইচ. খান প্রমুখ।

আরও পড়ুন: ক্যালকুলেটর ছাড়াই লাখ টাকার হিসাব করেন রিপন, আঙুলের টোকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধিতে সিগন্যালস কোরকে সেনাপ্রধানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধিতে সিগন্যালস কোরকে সেনাপ্রধানের আহ্বান

যশোর সেনানিবাসে অবস্থিত সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল (এসটিসিঅ্যান্ডএস)-এ ‘কোর অব সিগন্যালস’-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ও ১৬ নভেম্বর দুই দিনব্যাপী এই অনুষ্ঠানমালা সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সম্মেলনে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রের ক্রমপরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সিগন্যালস কোরকে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেনাপ্রধান ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি কোরের সব সদস্যকে আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া, তিনি এসটিসিঅ্যান্ডএস-এ আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লেতে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেন।

অন্যদিকে, সিগন্যালস কোরের সপ্তম কোর পুনর্মিলনী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আবদুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে এক মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান এই কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রাক্তন ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। তিনি সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মহান স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে দেশের জন্য এই কোরের অবদান ও অর্জনের ওপর আলোকপাত করেন। সেনাপ্রধান ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় সবাইকে আত্মনিবেদিত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট; প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক; আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার; সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা; সিগন্যালস কোরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং তাঁদের পরিবারবর্গসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলডিসি উত্তরণে সমন্বিত পদক্ষেপ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


এলডিসি উত্তরণে সমন্বিত পদক্ষেপ নিয়েছে সরকার: অর্থমন্ত্রী

সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়া নির্বিঘ্ন ও টেকসই করতে সরকার জাতীয় রোডম্যাপ, আর্থিক সংস্কার এবং বিকল্প অর্থায়ন কৌশলসহ সমন্বিত নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, জাতীয় রোডম্যাপ ও সংশোধিত মসৃণ উত্তরণ কৌশল সঠিকভাবে বাস্তবায়ন করা হলে, বিকল্প অর্থায়ন, ঋণ ব্যবস্থাপনা এবং পুঁজিবাজারে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের এলডিসি উত্তরণকে নির্বিঘ্ন ও টেকসই করা সম্ভব হবে।

জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন। সংরক্ষিত নারী আসন-৪৯-এর স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিন এ নোটিশ উত্থাপন করেন।

অর্থমন্ত্রী জানান, জাতিসংঘের পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময় শেষে ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কথা ছিল।

তবে কোভিড-১৯ মহামারির পরবর্তী অর্থনৈতিক চাপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আঞ্চলিক সংঘাত, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তন এবং আর্থিক খাতের দুর্বলতার কারণে দেশের সংস্কার কার্যক্রম ও উত্তরণের প্রস্তুতি বাধাগ্রস্ত হয়।

এ পরিস্থিতিতে দেশের শীর্ষস্থানীয় চেম্বার ও ব্যবসায়ী সংগঠনগুলো সরকারের কাছে প্রস্তুতিমূলক সময় বাড়ানোর আহ্বান জানায়।

তিনি বলেন, এর পরিপ্রেক্ষিতে সরকার বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি মূল্যায়নে জাতিসংঘ ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের (ইউএনসিটিএডি) কাছে একটি স্বাধীন মূল্যায়ন প্রতিবেদন তৈরির অনুরোধ জানায়। বাংলাদেশে উত্তরণের প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদনে প্রস্তুতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘাটতি এবং উত্তরণ প্রক্রিয়ায় গুরুতর বিঘ্নের বিষয়টি উঠে আসে।

এই মূল্যায়নের ভিত্তিতে বাংলাদেশ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটির (সিডিপি) কাছে প্রস্তুতিমূলক সময় আরও তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণের আনুষ্ঠানিক অনুরোধ জানায়।

অর্থমন্ত্রী বলেন, গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে বাংলাদেশের প্রস্তুতিমূলক সময় তিন বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে। সে অনুযায়ী, বাংলাদেশ ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি তালিকা থেকে উত্তরণ ঘটাবে।

এলডিসি উত্তরণকে গৌরবের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ উত্তরণের ফলে বাংলাদেশ বর্তমানে স্বল্পোন্নত দেশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে যেসব বিশেষ সহায়তা ও সুবিধা পেয়ে থাকে, সেগুলো ধীরে ধীরে হারাবে। ফলে নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ‘মসৃণ, টেকসই ও অপরিবর্তনীয় এলডিসি উত্তরণের জাতীয় রোডম্যাপ (২০২৬-২০২৯)’ প্রণয়ন করেছে।

এ রোডম্যাপে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্য ও বাজারে প্রবেশাধিকার, উৎপাদনশীলতা ও শিল্পায়ন, মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা এবং সুশাসন ও অংশীদারিত্বসহ অর্থনৈতিক রূপান্তরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভ চিহ্নিত করা হয়েছে।

রোডম্যাপে ২১টি প্রধান কর্মক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ও সহযোগী সংস্থা এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ রয়েছে। পাশাপাশি বেসরকারি খাতের জন্য ১৫টি উচ্চপ্রভাবসম্পন্ন কর্মক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে প্রযুক্তির আধুনিকায়ন, পরিবেশগত, সামাজিক ও সুশাসনসংক্রান্ত মানদণ্ড (ইএসজি), শ্রমিকদের অধিকার ও শ্রমমান নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন, পণ্য ও বাজার বহুমুখীকরণ, পরিবেশবান্ধব বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি সহযোগিতা।

পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকার আগে প্রণীত মসৃণ উত্তরণ কৌশলও সংশোধন করছে।

অর্থমন্ত্রী বলেন, কার্যকর বাস্তবায়ন ও সমন্বয় নিশ্চিত করতে তার নেতৃত্বে জাতীয় উত্তরণ পরিবীক্ষণ ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয়, প্রতিবন্ধকতা দূরীকরণ এবং নীতিগত দিকনির্দেশনা দেবে। কমিটির প্রতি মাসে অন্তত একটি সভা করার কথা রয়েছে। ইতোমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিবের নেতৃত্বে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে কাজ করছে।

উন্নয়ন অর্থায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ ধীরে ধীরে হারাবে এবং ঋণের ব্যয় বেড়ে যাবে।

এ পরিস্থিতি মোকাবিলায় উত্তরণ-পরবর্তী সময়ে উন্নয়ন অর্থায়ন অব্যাহত রাখতে সরকার দেশের সরকারি অর্থায়ন কাঠামো পুনর্গঠন করছে। এর লক্ষ্য অর্থায়নের উৎস বহুমুখীকরণ।

তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরে সরকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশ বাজেট ঘাটতি নির্ধারণ করেছে। রাজস্ব আহরণ বাড়ানো এবং সতর্ক ঋণ ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

সরকার মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল হালনাগাদ করছে এবং নিয়মিত ঋণের স্থায়িত্ব বিশ্লেষণ করছে, যাতে দেশের ঋণঝুঁকির অবস্থান মাঝারি থেকে নিম্ন পর্যায়ে নামিয়ে আনা যায়।

এ ছাড়া বাজেটের অর্থায়নে ব্যাংক খাত থেকে সরকারি ঋণ গ্রহণ ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এর পরিবর্তে অভ্যন্তরীণ রাজস্ব, সহজ শর্তে বৈদেশিক অর্থায়ন এবং বাজারভিত্তিক আর্থিক উপকরণের সমন্বয়ে অর্থায়নের ব্যবস্থা করা হবে।

অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক অর্থায়নের উৎস বহুমুখীকরণের লক্ষ্যে প্রথমবারের মতো সার্বভৌম বন্ড ইস্যুর সম্ভাবনা পর্যালোচনা করছে সরকার। এ ক্ষেত্রে ডলার বন্ড, পান্ডা বন্ড ও সামুরাই বন্ড ইস্যুর বিষয়টি বিবেচনায় রয়েছে।

ব্যাংকঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে দীর্ঘমেয়াদি অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পুঁজিবাজারকে গড়ে তুলতে চায় সরকার।

এ লক্ষ্যে করপোরেট বন্ডের বাজার সম্প্রসারণ, স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে মিউনিসিপ্যাল বন্ড চালু এবং দীর্ঘমেয়াদি সরকারি ও বেসরকারি প্রকল্পে বন্ড, সুকুক ও অবকাঠামো তহবিলের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি পেনশন তহবিল, বীমা কোম্পানি, সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে সরকার উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, সরাসরি ঋণের দায় সৃষ্টি না করে আন্তর্জাতিক ইকুইটি বিনিয়োগ আকৃষ্ট করতে হংকংয়ে বাংলাদেশভিত্তিক একটি ইকুইটি ফান্ড প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

সুলতানা জেসমিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, জনমিতিক পরিবর্তন ও এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দক্ষতা উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর সরকার অধিক গুরুত্ব দিচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, আগের বছরগুলোর তুলনায় সরকার শিক্ষা খাতে উল্লেখযোগ্য পরিমাণ বেশি অর্থ বরাদ্দ করেছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের অঙ্গীকার করা হয়েছে। সরকার এ লক্ষ্যমাত্রা অর্জনের দিকে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

অর্থমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক পরিবেশের উপযোগী জনশক্তি গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডিএফসি থেকে অর্থায়ন পাওয়ার স্বীকৃতি পেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ডিএফসি থেকে অর্থায়ন পাওয়ার স্বীকৃতি পেল

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি) থেকে অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের স্বীকৃতি অর্জন করেছে। এই স্বীকৃতির ফলে দেশের অবকাঠামো, জ্বালানি এবং প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়েছে। একইসঙ্গে, এসব প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য যুক্তরাষ্ট্রের ডিএফসির আর্থিক সহায়তা পাওয়ার পথও উন্মুক্ত হয়েছে।

সোমবার, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেয়।

সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের প্রকল্পগুলোতে সহায়তা দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায়ও সাহায্য করবে।

ডিএফসির মতে, অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর বড় সুযোগ সৃষ্টি হয়েছে। সংস্থাটির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগও বৃদ্ধি পাবে, যা গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্প বাস্তবায়নকে সহজ করবে।

এসব বিনিয়োগের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জন্য প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করা সম্ভব হবে। এই প্রক্রিয়ায় সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে বলে সংস্থাটি মনে করে।

ডিএফসি জানায়, অনেক বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না। এ ধরনের বাধা দূর করে প্রকল্পগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন ও ঝুঁকি মোকাবিলায় সংস্থাটির সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, "ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করার এবং দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে—এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।"

তিনি আরও বলেন, "গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচন করা সম্ভব।" একইসঙ্গে, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া যাবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, "পারস্পরিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন।" এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর ফলে দুই দেশেরই সমৃদ্ধি বৃদ্ধি পাবে।

ডিএফসি আরও জানায়, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। এই অঞ্চলে দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করতে কাজ করছে ডিএফসি। পাশাপাশি, বেসরকারি পুঁজি কাজে লাগিয়ে এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে সংস্থাটি বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব : রাষ্ট্রপতি

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের একটি অবিস্মরণীয় ব্যক্তিত্ব।

তিনি উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মওলানা ভাসানী শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। কৃষক, শ্রমিক এবং সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিরলসভাবে কাজ করেছেন।

রাষ্ট্রপতি আরও বলেন, মওলানা ভাসানীর আপসহীন সংগ্রামী জীবন এবং সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাঁকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে।

আগামীকাল মঙ্গলবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বাণীতে এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের প্রতিটি পর্যায়ে মওলানা ভাসানীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।

তিনি আরও বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। পরবর্তীতে তিনি ২৫ জুলাই ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বা ভাসানী ন্যাপ প্রতিষ্ঠা করেন।

রাষ্ট্রপতি জানান, ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তিনিই প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বলেন, স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে মওলানা ভাসানী সমানভাবে সক্রিয় ছিলেন। ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তাঁর নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ছিলো দেশের অধিকার আদায়ের লড়াইয়ে কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞার একটি উজ্জ্বল ও সাহসী দৃষ্টান্ত।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ, ন্যায় ও সাম্যের প্রতি অঙ্গীকার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।

তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তাঁর জীবনাদর্শ ও কর্ম আমাদের দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগাবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%