প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোর সেনানিবাসে অবস্থিত সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল (এসটিসিঅ্যান্ডএস)-এ ‘কোর অব সিগন্যালস’-এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং সপ্তম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ও ১৬ নভেম্বর দুই দিনব্যাপী এই অনুষ্ঠানমালা সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সম্মেলনে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আধুনিক যুদ্ধক্ষেত্রের ক্রমপরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন ও উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি সিগন্যালস কোরকে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেনাপ্রধান ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি কোরের সব সদস্যকে আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া, তিনি এসটিসিঅ্যান্ডএস-এ আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লেতে সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্পগুলো পরিদর্শন করেন।
অন্যদিকে, সিগন্যালস কোরের সপ্তম কোর পুনর্মিলনী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আবদুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে এক মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান এই কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্রাক্তন ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। তিনি সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মহান স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে দেশের জন্য এই কোরের অবদান ও অর্জনের ওপর আলোকপাত করেন। সেনাপ্রধান ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় সবাইকে আত্মনিবেদিত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট; প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক; আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার; সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা; সিগন্যালস কোরে কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য এবং তাঁদের পরিবারবর্গসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন