১০:০৬ পি.এম
বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মশাল মিছিল ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রঙ্গশ্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তবিরকাঠী গ্রামের কাঠেরপুল এলাকায় এই মিছিলটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে মহাসড়কে চলাচলরত একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মিছিলকারীরা হাতে মশাল ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত বাকেরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকাবাসীর দাবি, মহাসড়কে এ ধরনের মিছিল ও ভাঙচুরের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি। বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন