১০:৩০ পি.এম
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ‘শিল্পা চাকমা উচ্চশিক্ষা বৃত্তি’ প্রকল্পের মাধ্যমে ২০২৭ সালের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের জন্য আবেদন আহ্বান করেছে। এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগে স্নাতক পর্যায়ে শতভাগ বৃত্তিতে পড়াশোনা করার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১৬ নভেম্বর) এই তথ্য জানানো হয়।
নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৭ সালের শীতকালীন সেমিস্টারে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, ব্যবসায় প্রশাসন ও ফ্যাশন ডিজাইন বিভাগে অধ্যয়ন করার সুযোগ পাবেন। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি রিসার্চ সোসাইটির নেতৃত্বে রেদওয়ান-ইয়ামিন
এই বৃত্তির অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করা এবং তাদের সৃজনশীল ও পেশাগত দক্ষতা বিকাশে সহায়তা করা।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রবিন খান বলেন, ‘আমাদের উদ্দেশ্য, শিল্পা চাকমার স্মৃতিকে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির একটি স্থায়ী উদ্যোগে রূপ দেওয়া। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশের মাধ্যমে তাদের শিক্ষা ও পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করাই এ বৃত্তির মূল লক্ষ্য।’
আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬। আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন আবেদন ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, শিল্পা চাকমা রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালের আগস্টে কক্সবাজারে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার স্মৃতি ধরে রাখা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণে সহায়তার লক্ষ্যে ২০২২ সালে তার নামে এ বৃত্তি প্রবর্তন করা হয়।
আরও পড়ুন: তেঁতুলিয়ায় এক শিক্ষার্থীর পাঠদানে ৫ প্রভাষক, ১৬ শিক্ষক-কর্মচারী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন