১০:৩৯ পি.এম
ঢেমসি (Buckwheat) নামক একটি পুষ্টিগুণে সমৃদ্ধ কিন্তু কম পরিচিত ফসল নিয়ে যৌথ গবেষণা, চাষাবাদ এবং বাণিজ্যিক ব্যবহারের সম্ভাবনা নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ফসলটির পুষ্টিমান, জিনগত উন্নয়ন, জলবায়ু-সহনশীল জাত উদ্ভাবন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে গবেষণা সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সেমিনারটি সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর। কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে কৃষকের জন্য অর্থায়নের অনিশ্চয়তা, সিলেটে প্রতিবাদস্বরূপ সাইকেল র্যালি
মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের (CAAS) ইনস্টিটিউট অব ক্রপ সায়েন্সেসের অধ্যাপক ড. মেইলিয়াং ঝৌ (Meiliang Zhou)। তার প্রবন্ধের শিরোনাম ছিল ‘Pangenome-Guided Breeding Restores High-Altitude Adaptation and Improves Yield in Tartary Buckwheat’। এতে প্যানজিনোমভিত্তিক গবেষণা ও আধুনিক জিনোমিক প্রযুক্তির মাধ্যমে ঢেমসির জিনগত বৈচিত্র্য শনাক্ত, প্রতিকূল পরিবেশে অভিযোজনক্ষমতা বৃদ্ধি এবং অধিক ফলনশীল জাত উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরা হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ ‘From Underutilized Crop to Functional Food: Nutritional, Metabolomic and Bioactive Profiling of Buckwheat’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এই প্রবন্ধে ঢেমসির পুষ্টিগুণ, বিপাকীয় উপাদান এবং জৈবসক্রিয় যৌগের বৈশিষ্ট্য ও কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারে জানানো হয়, ঢেমসি একটি পুষ্টিসমৃদ্ধ ছদ্মশস্য। এতে প্রোটিন, খাদ্যআঁশ ও বিভিন্ন খনিজ উপাদানের পাশাপাশি রুটিন ও কোয়ারসেটিনের মতো জৈবসক্রিয় যৌগ রয়েছে। প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত হওয়ায় ফসলটি কার্যকরী খাদ্য (Functional Food) তৈরির ক্ষেত্রেও সম্ভাবনাময়। তুলনামূলক স্বল্প জীবনচক্র ও কম উপকরণে চাষের সম্ভাবনা থাকায় ফসলটি বাংলাদেশের কৃষিতে বৈচিত্র্য আনয়ন এবং পুষ্টিনিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে পারে। তবে দেশের বিভিন্ন কৃষি-পরিবেশে এর উপযোগিতা ও ফলন সক্ষমতা যাচাইয়ে মাঠপর্যায়ে গবেষণা ও পরীক্ষার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্ল্যা বলেন, ঢেমসি চাষ ও এর বহুমুখী ব্যবহার নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ গবেষণার ব্যাপক সম্ভাবনা রয়েছে। স্থানীয় পরিবেশ ও কৃষির উপযোগিতা বিবেচনায় গবেষণার মাধ্যমে ফসলটির উৎপাদন ও বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। এ ধরনের সহযোগিতামূলক গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি উচ্চতর গবেষণায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ লক্ষ্যে চীনা গবেষকদের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: রাসায়নিক সার মিলছে না, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান
গবেষণার বিষয়ে হাবিপ্রবি গবেষক অধ্যাপক ড. আবু সাঈদ বলেন, সত্তর আশির দশকে ঢেমসি অনেক পরিচিত একটি ফসল ছিলো। রংপুর অঞ্চলে এই ফসল ব্যাপক আকারে চাষ হতো। তবে সময়ের বিবর্তনে বর্তমানে এটি বিলুপ্তির পথে। এই ফসলের পুষ্টিগুণ অনেক। বর্তমানে পুষ্টি নিরাপত্তা অনেক বড় একটি বিষয়। আমি ২০১২ সাল থেকে এই ফসল নিয়ে গবেষণা করছি। বর্তমানে আমি চীনের গবেষকের সাথে কাজ করছি। আমরা এই ফসলের উন্নত জাত এবং জীবনরহস্য উন্মোচনের চেষ্টা করছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন