০৭:৪৯ পি.এম
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা প্রদান করা হয়নি- এই অভিযোগ তুলে আজ সোমবার (১৬ নভেম্বর) সিলেট নগরীর উপশহর থেকে বালুচর এলাকা পর্যন্ত সাইকেল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চলমান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমের আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) এবং আইডিয়া যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।
র্যালী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিনটি ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু ওই দিনের আলোচনায় কৃষকদের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি।
আরও পড়ুন: শেরপুরে ৮৮ দিন গুম ও ৮০৮ দিন কারাভোগের পর নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি
এফএও-ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য প্রয়োজন, অথচ এই খাতটি মাত্র ২০ শতাংশ অভিযোজন অর্থ পায়; জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির অংশ ২০০০ সালে ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে।
আয়োজকেরা জানান, এই প্রচারাভিযানের উদ্দেশ্য হচ্ছে স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিকে কপ-৩১-এর আলোচনায় অন্তর্ভুক্ত করা। কৃষিকে শুধুমাত্র নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি জানান, ২০ নভেম্বরের কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণের সুস্পষ্ট অঙ্ক রাখতে হবে এবং চাহিদার অনুপাতে এর নির্ধারিত অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে, যা ক্ষুদ্র কৃষকদের কাছে অনুদান হিসেবে পৌঁছাবে, ঋণ হিসেবে নয়।
আইডিয়ার ক্যাম্পইল এসোসিয়েট নোমান খান বলেন, কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করা উচিত। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকদের কার্যকর অংশগ্রহণ।
আরও পড়ুন: রাসায়নিক সার মিলছে না, ১৫ হাজার কলাগাছ লাগিয়ে চরম বিপাকে শাহজাহান
এসময় উপস্থিত ছিলেন সিলেট সাইক্লিং ক্লাবের তানু সরকার, কৌশিক পাল, ইমরান আহমেদ, আবু রায়হান, মুস্তাকিম চৌধুরী, সমীর দাস, কায়সার আহমেদ, আলী আকবর, হাবিব আলী, রাহিদ, মাহবুবুল হক, শাখাওয়াত হোসাইন, ফেরদৌস আহমেদ, সাব্বির আহমেদ, জাহেদুল, বকুল আহমেদ, শফিকুল, শফিউর প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন