ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পোরশাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল


পোরশাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সাপাহার বালিকা ফুটবল দল

নওগাঁর পোরশায় পোরশা উপজেলা বালিকা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাপাহার উপজেলা বালিকা ফুটবল দল।সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। দুই দলই গোলের জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয় সাপাহার বালিকা ফুটবল দল।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ হোসেন মোল্লা ।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে। বর্তমানে অনেক তরুণ মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। পাশাপাশি কেউ কেউ মাদকের ঝুঁকিতেও জড়িয়ে যাচ্ছে। এসব আসক্তি থেকে বেরিয়ে এসে তরুণদের পড়াশোনা, খেলাধুলা ও সুস্থ বিনোদনে নিজেদের সম্পৃক্ত করতে হবে।তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে এবং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। তাই ঘরে বসে কিংবা মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় না করে মাঠে এসে খেলাধুলায় অংশগ্রহণের জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জিয়াউর রহমান, হেকস/ইপারের সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর জনাব রুকনুজ্জামান ইসলাম, ভারপ্রাপ্ত ক্রীড়া সম্পাদক জনাব মোঃ সালাউদ্দিন, ক্রীড়া ধারাভাষ্যকার জনাব মনিরুল ইসলাম এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ তোফাজ্জল হোসেন।এ ছাড়া উপস্থিত ছিলেন সাপাহারের মোঃ আব্দুল বাশেদ, টিমের কোচ সবুজ চাঁন খালকো, প্রধান রেফারি জনাব মোঃ আবু রউফ, সহকারী রেফারি শহিদুল ইসলাম এবং লাইনম্যান আব্দুল বারেক ও মোঃ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে নারী ফুটবলের প্রসার, মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক জীবন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মশাল মিছিল ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা :মোঃসানি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মশাল মিছিল ও গাড়ি ভাঙচুরের অভিযোগ

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মশাল মিছিল ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ১৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের রঙ্গশ্রী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তবিরকাঠী গ্রামের কাঠেরপুল এলাকায় এই মিছিলটি বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে মহাসড়কে চলাচলরত একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় মিছিলকারীরা হাতে মশাল ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত বাকেরগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকাবাসীর দাবি, মহাসড়কে এ ধরনের মিছিল ও ভাঙচুরের ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি। বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল পালিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১২ পি.এম


মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল পালিত হবে

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন নিবেদিত এক রাজনৈতিক ব্যক্তিত্ব মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল পালিত হবে।

১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এই উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বাণী দিয়েছেন।

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা—প্রতিটি পর্যায়েই মওলানা ভাসানী গণমানুষের পক্ষে সোচ্চার ছিলেন। ক্ষমতার চেয়ে মানুষের অধিকার, ব্যক্তিস্বার্থের চেয়ে জনস্বার্থ এবং আপসের চেয়ে ন্যায়ের প্রশ্নকে প্রাধান্য দেওয়া এই নেতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বতন্ত্র অবস্থানের অধিকারী।

মওলানা ভাসানীর রাজনীতির মূল শক্তি ছিল সাধারণ মানুষের সঙ্গে তার গভীর সংযোগ। কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র মানুষের জীবনসংগ্রামকে তিনি রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিলেন। তার কাছে স্বাধীনতা কেবল রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অর্জন নয়, বরং মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করারও নাম।

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শরাফত আলী খান এবং মাতা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ভাসানী পরবর্তী সময়ে ভারতের দেওবন্দে ইসলামি শিক্ষায় অধ্যয়ন করেন। তবে তার চিন্তা ও কর্ম কেবল ধর্মীয় পরিসরে সীমাবদ্ধ থাকেনি। সমাজের অসংগতি, শ্রেণিবৈষম্য এবং সাধারণ মানুষের বঞ্চনা তাকে রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত করে।

১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেন। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে তিনি দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন। পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের সময় ভারতে অবস্থানকালে তিনি বাংলাদেশের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালের ২২ জানুয়ারি দেশে ফিরে আবারও সাধারণ মানুষের অধিকার ও রাষ্ট্রের জবাবদিহির প্রশ্নে সক্রিয় হন।

স্বাধীন বাংলাদেশেও তার রাজনীতির মূল লক্ষ্য ছিল শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি জনগণের অধিকার, খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য এবং গণতান্ত্রিক জবাবদিহির দাবি জানান। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি সাধারণ মানুষের জীবনসংগ্রামের প্রতি তার দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ উপলক্ষে জাতীয় কমিটি গঠন করেছে। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্য সচিব করা হয়েছে।

অন্যদিকে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা শুরু হয়েছে। এটি আগামীকাল ১৭ নভেম্বর শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় সংসদে পাস হলো বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


জাতীয় সংসদে পাস হলো বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬

চূড়ান্ত যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ পাস হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি রিপোর্ট আকারে উপস্থাপন করার পর তা পাস হয়।

এর আগে, চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর সর্বসম্মতিক্রমে গত ১১ নভেম্বর বিলটি সংসদীয় কমিটিতে পাস হয়। ওই দিন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিলটি যাচাই-বাছাই সম্পন্ন করে সংসদ অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের অনুমোদন দেওয়া হয়।

গত ২৬ জুলাই, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে বিলের খসড়া চূড়ান্ত অনুমোদন লাভ করে। এরপর, গত ১৯ আগস্ট লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক বিলটির ভেটিং সম্পন্ন হয়। পরবর্তীতে, বিলটি অর্থ বিল হিসেবে বিবেচিত হওয়ায় অর্থ বিভাগের মাধ্যমে গত ১৭ অক্টোবর রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০২৬’ প্রণয়নের মাধ্যমে বগুড়া ও এর সন্নিহিত এলাকার সমন্বিত ও পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য সংরক্ষণ, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিজে ফল পেতে বাড়তি তাগিদ পাকিস্তান-শ্রীলঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


সিরিজে ফল পেতে বাড়তি তাগিদ পাকিস্তান-শ্রীলঙ্কার

ঢাকা, ১৬ নভেম্বর ২০২৬ : মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ও শেষ টেস্টে ফল পেতে নিজেদের আরও বেশি উজাড় করে দেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস এবং পাকিস্তানের বোলিং কোচ শন টেইট।

প্রতিকূল আবহাওয়া এবং ঘাসে ঢাকা উইকেটের কারণে বোলারদের প্রত্যাশিত ধার বজায় রাখা সম্ভব হয়নি, ফলে প্রথম টেস্টটি নিষ্প্রাণ ড্র হয়ে যায়।

প্রথম ইনিংসে পাকিস্তান ৯ উইকেটে ৪৩৪ রানে ইনিংস ঘোষণা করার পর শ্রীলঙ্কা ৪ উইকেটে ৪০৪ রান তুলে শক্ত অবস্থানে ছিল। কিন্তু সেখান থেকে মাত্র ৪২ রানে শেষ ছয় উইকেট হারিয়ে ৪৪৬ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার দুটি সুযোগই কাজে লাগাতে পারেনি লঙ্কানরা।

শেষ দিনে পাকিস্তানের ৫৭ রানে ৩ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল শ্রীলঙ্কা। কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি ক্যাচ হাতছাড়া করায় শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৮৪ রান তুলে ম্যাচটি ড্র করে স্বাগতিকরা।

কুশল বলেন, পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল তার দল। তিনি উল্লেখ করেন, ‘পাকিস্তানের ওপর চাপ তৈরি করতে আমরা ভালো একটি লিড গড়তে চেয়েছিলাম। তবে সাকিব খানকে কৃতিত্ব দিতেই হবে। সে অসাধারণ বোলিং করেছে এবং আমাদের আটকে রেখেছে।’

কুশল ও ধনঞ্জয়া ডি সিলভা সেঞ্চুরি তুলে নিয়ে পঞ্চম উইকেটে ২৪৯ রান যোগ করেন। এরপর মাত্র ৪২ রানের মধ্যে শেষ ছয় উইকেট হারায় শ্রীলঙ্কা। সাকিবের ১৩০ রানে ৭ উইকেট শিকারে কার্যত ছন্দ হারায় শ্রীলঙ্কা। অভিষেক টেস্টেই সাত উইকেট নেওয়া পাকিস্তানের চতুর্থ বোলার হন তিনি।

দ্বিতীয় টেস্টের উইকেট সবুজ বলে জানিয়েছেন কুশল, ‘উইকেট বেশ সবুজ মনে হচ্ছে। প্রথম টেস্টে আমরা যে উইকেটে খেলেছিলাম, সেটির সঙ্গে এর বেশ মিল রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা কন্ডিশন পর্যালোচনা করব।’

স্পিনার প্রভাত জয়াসুরিয়া কিংবা কেশারা নুয়ান্থার একজনকে দলে নেওয়ার কথা ভাবছে শ্রীলঙ্কা। অন্যদিকে পাকিস্তান রাজাউল্লাহর পরিবর্তে ১৯ বছর বয়সী তরুণ পেসার আলী শাব্বিরকে টেস্ট অভিষেক করানোর বিষয়ে চিন্তা করছে।

চলতি বছরে প্রথম টেস্ট সিরিজ জিততে পাকিস্তানি খেলোয়াড়দের বাড়তি প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন টেইট। সাবেক অস্ট্রেলীয় পেসার টেইট বলেন, ‘বাড়তি সেই তাগিদটা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘গত টেস্টের বেশির ভাগ সময় বোলাররা যেভাবে বল করেছে, তাতে আমি খুশি। তবে এবার তাদের কাছ থেকে আরও বাড়তি প্রচেষ্টা চাই।’

অভিজ্ঞ ব্যাটার সৌদ শাকিল দুই ইনিংসেই সেঞ্চুরি থেকে অল্পের জন্য বঞ্চিত হন। প্রথম ইনিংসে ৯৩ এবং দ্বিতীয় ইনিংসে ৯৭ রান করেন তিনি। অধিনায়ক বাবর আজমের টেস্ট সেঞ্চুরির খরাও অব্যাহত রয়েছে। টানা ৪২ ইনিংসে তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি তিনি।

দুই ম্যাচের এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ। আগামী বছরের ফাইনালে ওঠার দৌড় থেকে অবশ্য আগেই ছিটকে গেছে সর্বশেষ নবম অবস্থানে থাকা পাকিস্তান এবং সপ্তম স্থানে থাকা শ্রীলঙ্কা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%