১০:২৩ এম
শীতের রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে থাকে, তখন কোমরে দড়ি বেঁধে কুয়াশা ও ঠান্ডা উপেক্ষা করে খেজুরগাছের দিকে ওঠেন গাছিরা। ভোরের আলো ফোটার আগেই গাছ থেকে রস নামানো হয়। বাড়ির উঠানে তখন চুলা জ্বালানোর প্রস্তুতি নিয়ে অপেক্ষা করেন পরিবারের নারীরা। রস নামানোর পর শুরু হয় ছেঁকে নেওয়া, কড়াইয়ে জ্বাল দেওয়া, গুড়ের পাক তৈরি ও পাটালি বাঁধার কাজ। ধোঁয়ায় চোখ জ্বলে, আগুনের তাপে হাত পুড়ে যায়, তবুও থামে না কর্মযজ্ঞ। কারণ কয়েক মাসের এই পরিশ্রমের ওপরেই নির্ভর করে অনেক পরিবারের সারা বছরের সংসার, সন্তানদের পড়াশোনা ও অন্যান্য খরচ।
চলতি বছরের শীতের আগমন ঘিরে রাজশাহীর গ্রামাঞ্চলে খেজুরের রস ও গুড় নিয়ে ইতোমধ্যেই কর্মচঞ্চল পরিবেশ তৈরি হয়েছে। বাঘা, চারঘাট, পুঠিয়া ও দুর্গাপুরসহ বিভিন্ন উপজেলার গ্রামে গ্রামে শুরু হয়েছে খেজুর গাছ পরিচর্যার কাজ। কেউ গাছের মাথা পরিষ্কার করছেন, কেউ ডালপালা ছাঁটছেন, আবার কেউ রস সংগ্রহের হাঁড়ি ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করছেন। অন্যদিকে বাড়িতে নারীরা ব্যস্ত গুড় তৈরির চুলা ও উপকরণ প্রস্তুত করতে। নারী-পুরুষের সম্মিলিত শ্রমে খেজুর গুড়ের মৌসুম যেন গ্রামীণ জনপদে এক উৎসবের আবহ তৈরি করেছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে রাজশাহী জেলায় ৯ হাজার মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলাজুড়ে রয়েছে প্রায় ১১ লাখ খেজুর গাছ। উৎপাদিত গুড় স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। রপ্তানিও হচ্ছে বিদেশে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চলতি মৌসুমে এ শিল্প ঘিরে দুই শতাধিক কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। গাছ পরিচর্যা থেকে শুরু করে রস সংগ্রহ, গুড় তৈরি, পরিবহন ও বিপণন পর্যন্ত অর্ধলক্ষাধিক মানুষের মৌসুমি কর্মসংস্থান হবে।
আরও পড়ুন: অসময়ের টানা বৃষ্টিতে পোরশার ধানচাষিরা বিপাকে, মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় পাকা ধান
স্বামীর গাছে ওঠা, স্ত্রীর চুলায় গুড় তৈরি
খেজুর গুড় উৎপাদনের সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ নারীদের নীরব শ্রম ও অবদান। ভোররাতে স্বামীরা যখন গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত থাকেন, তখন বাড়িতে চুলা জ্বালানোর প্রস্তুতি নেন স্ত্রীরা। বড় কড়াইয়ে রস ঢেলে ঘণ্টার পর ঘণ্টা আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। রসের ঘনত্ব ঠিক রাখা, গুড়ের পাক তৈরি ও পাটালি বাঁধার কাজে প্রয়োজন হয় অভিজ্ঞতা, দক্ষতা ও ধৈর্যের।
এক নারী গুড় প্রস্তুতকারক বলেন, ‘শীত পড়লেই আমাদের সংসারে দম ফেলার ফুরসত থাকে না। ও ভোররাতে কুয়াশা ভেঙে গাছে ওঠে রস নামাতে, আর আমি চুলা জ্বালিয়ে বসে থাকি। রস জ্বাল দেওয়া থেকে গুড়ের পাক ধরা পর্যন্ত সারাক্ষণ চোখ রাখতে হয়। হাত পুড়ে যায়, ধোঁয়ায় চোখ জ্বলে, তবু ভালো গুড় তৈরি হলে সব কষ্ট ভুলে যাই।’
আরেক নারী বলেন, শীতের রাতে সবাই যখন লেপের নিচে ঘুমান, তখন তার স্বামী কোমরে দড়ি বেঁধে ঠান্ডার মধ্যে গাছে ওঠেন। এতে ভয় লাগলেও সংসারের কথা ভেবে মন শক্ত করেন তিনি। কয়েক মাসের এই পরিশ্রমেই সারা বছরের সংসার চলে, সন্তানদের পড়াশোনার খরচ জোগাড় হয়। অনেক নারী শুধু গুড় তৈরিই করেন না, প্যাকেটজাতকরণ ও বিক্রির কাজেও অংশ নেন। ফলে এ মৌসুমে তাদের শ্রম পরিবারের আয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে দোকানের গেট খুলতে গিয়ে মা-মেয়ের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
বাঘায় বেড়েছে খেজুর গাছ
রাজশাহীর অন্যতম খেজুর গুড় উৎপাদনকারী উপজেলা বাঘা। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় বর্তমানে খেজুর গাছের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬২ হাজারে। গত বছরের তুলনায় গাছ বেড়েছে চার হাজারের বেশি। উপজেলায় ৭৮ হেক্টর জমিতে খেজুর গাছ রয়েছে।
বাঘার আড়ানি, তেঁতুলিয়া, পাকুড়িয়া ও আশপাশের গ্রামগুলোতে এখন গাছ পরিচর্যার কাজ চলছে। গাছের মালিকদের কাছ থেকে ইজারা নিয়ে পরিচর্যা করছেন গাছিরা। গাছ প্রস্তুতের পর নির্দিষ্ট সময় পরে শুরু হয় রস সংগ্রহ। শীতের তীব্রতা বাড়লে রসের পরিমাণও বাড়বে বলে আশা করছেন তারা।
হাটবাজার ও অনলাইন বাণিজ্যে সম্ভাবনা
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও
খেজুর গুড়ের মৌসুমে বাঘা ও পুঠিয়ার বিভিন্ন হাটে জমে ওঠে বেচাকেনা। স্থানীয় বাজারের পাশাপাশি পাইকারি ব্যবসায়ীরা এসব হাট থেকে গুড় কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠান। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন জেলায় রাজশাহীর খেজুর গুড়ের চাহিদা রয়েছে। পাশাপাশি অনলাইনভিত্তিক ব্যবসার প্রসারে উৎপাদকদের কাছ থেকে সরাসরি গুড় কেনার সুযোগ তৈরি হয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, খাঁটি খেজুর গুড়ের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে। তবে ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করা, গুণগত মান বজায় রাখা এবং সঠিকভাবে সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ। শীত বাড়ার সঙ্গে উৎপাদন বাড়বে।
অর্ধলক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা
খেজুর গুড়ের মৌসুমে শুধু গাছি ও গুড় তৈরির কারিগররাই নন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হন বিপুলসংখ্যক মানুষ। গাছ পরিচর্যা, রস সংগ্রহ, জ্বালানি সংগ্রহ, গুড় তৈরি, প্যাকেটজাতকরণ, পরিবহন ও বিপণন—বিভিন্ন ধাপে তৈরি হয় মৌসুমি কর্মসংস্থান। এতে পুরুষের পাশাপাশি নারীরাও পরিবারের আয়ে ভূমিকা রাখেন।
আরও পড়ুন: মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তেই হামলা, রেলপথ দুই ঘণ্টা অবরোধ
কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে রাজশাহী জেলায় ৯ হাজার মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্য রয়েছে। এ উৎপাদন ঘিরে অর্ধলক্ষাধিক মানুষের মৌসুমি কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, উৎপাদক থেকে পাইকারি ও খুচরা বাজার পর্যন্ত বিস্তৃত এ বাণিজ্য স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়াবে। তবে এ শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, গুড়ের মান বজায় রাখা, ভেজাল প্রতিরোধ এবং আধুনিক সংরক্ষণব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন