১১:১৪ পি.এম
নাটোরের লালপুরে রাতের অন্ধকারে এক কৃষকের পুকুরপাড়ে লাগানো ৪৫০টি কলাগাছ কেটে ও ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কৃষক দাবি করেছেন, এতে প্রায় ২ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেছেন, পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে তার বাগানটি নষ্ট করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরপাড়জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কেটে ও ভেঙে ফেলা অসংখ্য কলাগাছ। কিছু গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে, আবার কিছু গাছ ভেঙে ফেলে রাখা হয়েছে। দীর্ঘ পরিচর্যায় বেড়ে ওঠা গাছগুলো ফলন দেওয়ার উপযোগী হওয়ার আগেই নষ্ট করে দেওয়ায় পুরো বাগানটি কার্যত ধ্বংস হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. সজিব আলী (৩২) ওই গ্রামের বাদশা আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্রম, সময় ও অর্থ ব্যয় করে পুকুরপাড়ে কলাগাছের আবাদ করেছিলেন। তার স্বপ্ন ছিল, গাছগুলো থেকে ফলন পেয়ে সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনবেন। কিন্তু শুক্রবার রাতে দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তার সেই স্বপ্ন ভেঙে গেছে।
আরও পড়ুন: পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে এভাবে একটি বাগানের শত শত কলাগাছ কেটে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা বাগান মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। এতে কৃষক সজিব আলী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কান্নাজড়িত কণ্ঠে সজিব আলী বলেন, ‘অনেক কষ্ট করে এই পুকুরটি ও কলাগাছগুলো আবাদ করেছি। এগুলোর পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলায় আমি প্রায় নিঃস্ব হয়ে পড়েছি। আমার সঙ্গে পূর্বের শত্রুতার কারণে ক্ষতি করার জন্যই এমন কাজ করেছে বলে মনে হচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তিনি জানান, বাগানের ৪৫০টি কলাগাছ কেটে ও ভেঙে ফেলায় তার প্রায় ২ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এই বিপুল পরিমাণ ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন