ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিরপুরে সাবেক ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান পুলক গ্রেপ্তার, বিশৃঙ্খলার অভিযোগ


মিরপুরে সাবেক ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান পুলক গ্রেপ্তার, বিশৃঙ্খলার অভিযোগ

রাজধানী ঢাকা থেকে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আক্তারুজ্জামান পুলককে (৫৬) গ্রেপ্তার করেছে।

শনিবার (২১ নভেম্বর) কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে বলে এসআরইউর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া আক্তারুজ্জামান পুলক মিরপুরের সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সাবেক ছাত্র সংসদের ভিপি এবং মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।

আরও পড়ুন: গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস প্রতিরোধে মিলনকে মন্ত্রী করার দাবি

এসআরইউ সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআরইউর ইনভেস্টিগেশন বিভাগের একটি দল কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে আক্তারুজ্জামান পুলককে আটক করে। তিনি সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদদাতা এবং অর্থ জোগানদাতা হিসেবে চিহ্নিত হয়েছেন।

এই ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আক্তারুজ্জামান পুলককে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গঙ্গাচড়ায় ৭৬ শিক্ষার্থীকে কুরআনের ছবক, ১১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


গঙ্গাচড়ায় ৭৬ শিক্ষার্থীকে কুরআনের ছবক, ১১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

রংপুরের গঙ্গাচড়ায় অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ৭৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের ছবক প্রদান করা হয়। পাশাপাশি, বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়েছে।

শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে জ্ঞানগৃহ আইডিয়াল স্কুলের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

বিদ্যালয়ের সভাপতি মো. আবিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী। বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেয়ামত আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব, সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামছুল হুদা এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ।

এছাড়া, ছাত্রনেতা হামিদুর রহমান, ব্যবসায়ী মারুফ রহমান, নিউজ ২৪-এর গঙ্গাচড়া প্রতিনিধি সুজন আহমেদ, সাংবাদিক নির্মল রায়, বিএনপি নেতা মোতাহার হোসেন, জামায়াত নেতা তাজউদ্দীন ও সোহাগ রহমান, ব্যবসায়ী মিজানুর রহমান ও খয়জার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, "শিক্ষার্থীদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক গুণাবলি, শৃঙ্খলা ও আদর্শ গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, "এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।"

অনুষ্ঠানের একপর্যায়ে ৭৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান করা হয়। ছবক প্রদান করেন তাকওয়া মসজিদের ইমাম মাওলানা মুফতি আমানুল্লাহ ও উপজেলা মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা তাজুল ইসলাম।

পরে অষ্টম ও পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা, জান্নাত বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা এবং বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মোট ১১০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনা পেয়ে অনুভূতি প্রকাশ করে নবম শ্রেণির শিক্ষার্থী ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত মিশকাতুল মাহি বলেন, "এটা আমার জীবনে অত্যন্ত আনন্দের একটি দিন। ক্রেস্ট পেয়ে খুবই আনন্দ লাগছে।"

জান্নাত বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সাবিহা ইবতেসাম বলেন, "ক্রেস্ট ও বৃত্তির টাকা পেয়ে খুবই আনন্দ লাগছে। নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে।"

অভিভাবক সাহেব আলী মন্তব্য করেন, "আমার মেয়ে আজ বৃত্তির টাকা ও ক্রেস্ট পেয়েছে, এজন্য আমি খুবই আনন্দিত। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।"

সহকারী অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম বলেন, "প্রতিষ্ঠানটি ব্যতিক্রমধর্মী। এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাও দেওয়া হচ্ছে।"

বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. ওজায়ের হোসেন বলেন, "২০২২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির মূল লক্ষ্য প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতার বিকাশে এগিয়ে নেওয়া।" তিনি উল্লেখ করেন যে, ধারাবাহিকভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখছে। তিনি বলেন, "দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে, এমন শিক্ষার্থী গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।" এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস প্রতিরোধে মিলনকে মন্ত্রী করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস প্রতিরোধে মিলনকে মন্ত্রী করার দাবি

গাজীপুর জেলা দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলের মধ্যে একটি। স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে গাজীপুরবাসীর বিশেষ ভূমিকা রয়েছে। এই জেলা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি এবং লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানের কেন্দ্র হিসেবে পরিচিত।

অতীতে গাজীপুর থেকে একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন, তবে এবারের সরকার গঠনের পর ৫ টি আসনের মধ্যে কাউকেই মন্ত্রী করা হয়নি।

বর্তমান সরকারের মন্ত্রিসভায় গাজীপুরের কোনো প্রতিনিধি না থাকার বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহল ও সচেতন নাগরিকদের কাছে একটি বড় ধরনের প্রতিনিধিত্বের অভাব হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল মনে করছেন, গাজীপুরের ৫ টি আসনের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত এমপিদের মধ্যে এ কে এম ফজলুল হক মিলন অন্যতম। ছাত্রজীবন থেকে আন্দোলন সংগ্রামে তার বিশেষ ভূমিকা রয়েছে। বিশেষ করে ৯০ এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে তিনি ছিলেন অন্যতম ছাত্র নেতা। বিএনপির রাজনীতিতে প্রতিটি আন্দোলনে তার অবদান রয়েছে।

গাজীপুর জেলা দেশের অন্যতম বৃহৎ পোশাকশিল্পাঞ্চল। এই জেলার জাতীয় অর্থনীতি, রপ্তানি আয় এবং লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকা সরাসরি জড়িত। রাজনৈতিক অস্থিরতা কিংবা সহিংসতার সামান্য প্রভাবও শিল্প উৎপাদন ও অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। স্থানীয়দের মতে, গাজীপুরে শুধু জনপ্রতিনিধি নয়, সরকারের উচ্চ পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম একজন মন্ত্রীর প্রয়োজন রয়েছে।

দীর্ঘ প্রায় ৫ দশকের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এ কে এম ফজলুল হক মিলন ছাত্ররাজনীতি থেকে উঠে আসা বিএনপির একজন প্রবীণ নেতা। ১৯৭৯ সালে ঢাকা কলেজ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে তিনি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেছেন। তার রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দায়িত্ব পালন এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। তিনি এক সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বহুবার জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দলীয় সূত্র জানায়।

এ কে এম ফজলুল হক মিলন ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং সাম্প্রতিক নির্বাচনে উল্লেখযোগ্য জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়াকে রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল তার দীর্ঘ রাজনৈতিক গ্রহণযোগ্যতার প্রমাণ হিসেবে দেখছেন। তাদের মতে, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে গাজীপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রেখেছে।

অতীতে গাজীপুর থেকে একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করলেও বর্তমানে জেলার কোনো মন্ত্রী না থাকায় স্থানীয়দের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় সচেতন মহলের মতে, মন্ত্রিসভায় জেলার একজন অভিজ্ঞ প্রতিনিধি থাকলে গাজীপুরের সমস্যা ও সম্ভাবনা সরাসরি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার সুযোগ বাড়বে। বিশেষ করে রাজনৈতিক সংকট কিংবা শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে দ্রুত সমন্বয় ও কার্যকর উদ্যোগ গ্রহণে তা সহায়ক হতে পারে।

তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে গাজীপুরের শান্তিশৃঙ্খলা, শিল্পাঞ্চলের নিরাপত্তা, উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় তার মতো অভিজ্ঞ নেতৃত্বের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গাজীপুরবাসীর একটি বড় অংশের প্রত্যাশা, প্রবীণ ও পরীক্ষিত নেতা এ কে এম ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে জেলার মর্যাদা, উন্নয়ন ও প্রতিনিধিত্ব নিশ্চিত করবে সরকার। এখন সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে এ দাবির বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই তাকিয়ে আছেন গাজীপুরবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের লালপুরে রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


নাটোরের লালপুরে রাতের আঁধারে কৃষকের ৪৫০ কলাগাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

নাটোরের লালপুরে রাতের অন্ধকারে এক কৃষকের পুকুরপাড়ে লাগানো ৪৫০টি কলাগাছ কেটে ও ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী কৃষক দাবি করেছেন, এতে প্রায় ২ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেছেন, পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে তার বাগানটি নষ্ট করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার আরবাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, পুকুরপাড়জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কেটে ও ভেঙে ফেলা অসংখ্য কলাগাছ। কিছু গাছের গোড়া কেটে দেওয়া হয়েছে, আবার কিছু গাছ ভেঙে ফেলে রাখা হয়েছে। দীর্ঘ পরিচর্যায় বেড়ে ওঠা গাছগুলো ফলন দেওয়ার উপযোগী হওয়ার আগেই নষ্ট করে দেওয়ায় পুরো বাগানটি কার্যত ধ্বংস হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. সজিব আলী (৩২) ওই গ্রামের বাদশা আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্রম, সময় ও অর্থ ব্যয় করে পুকুরপাড়ে কলাগাছের আবাদ করেছিলেন। তার স্বপ্ন ছিল, গাছগুলো থেকে ফলন পেয়ে সংসারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনবেন। কিন্তু শুক্রবার রাতে দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তার সেই স্বপ্ন ভেঙে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আঁধারে এভাবে একটি বাগানের শত শত কলাগাছ কেটে ফেলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা বাগান মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে। এতে কৃষক সজিব আলী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কান্নাজড়িত কণ্ঠে সজিব আলী বলেন, ‘অনেক কষ্ট করে এই পুকুরটি ও কলাগাছগুলো আবাদ করেছি। এগুলোর পেছনে আমার অনেক টাকা খরচ হয়েছে। একসঙ্গে এতগুলো গাছ কেটে ফেলায় আমি প্রায় নিঃস্ব হয়ে পড়েছি। আমার সঙ্গে পূর্বের শত্রুতার কারণে ক্ষতি করার জন্যই এমন কাজ করেছে বলে মনে হচ্ছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তিনি জানান, বাগানের ৪৫০টি কলাগাছ কেটে ও ভেঙে ফেলায় তার প্রায় ২ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এই বিপুল পরিমাণ ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাগলা মসজিদে দানের রেকর্ড, ১৫ দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


পাগলা মসজিদে দানের রেকর্ড, ১৫ দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্সে এবার পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গণনা শেষে এ পরিমাণ অর্থের হিসাব পাওয়া যায়। এর ফলে মসজিদটির দানের আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। প্রায় ৪ মাস ২৫ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টায় মসজিদের দানবাক্সগুলো একে একে খোলা হয়। পরে ৯টায় মসজিদের দোতলায় টাকা গণনা কাজ শুরু হয়। প্রায় ১৪ ঘণ্টা গণনা কাজে ছয় শতাধিক লোক অংশ নেন।

৪ মাস ২৫ দিন পর মসজিদের দানবাক্স বা সিন্দুকগুলো খোলা হয়। টাকাগুলো ভরতে ৫১টি বস্তার প্রয়োজন পড়ে। পরে বস্তাগুলো মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানে কঠোর নিরাপত্তায় গণনার কাজ চলে।

দানবাক্স খোলার সময় কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হকসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণনার কাজ তদারকি করেন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এবারের গণনার কাজে অংশ নেন ছয় শতাধিক লোক। তাদের মধ্যে ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী, আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসা ও পাগলা মসজিদের এতিমখানার সাড়ে তিনশ শিক্ষার্থী, মসজিদের কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এবারও নগদ অর্থের পাশাপাশি বিদেশি মুদ্রা এবং সোনা-রুপার অলঙ্কার পাওয়া গেছে।

ছয় বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া সোনা-রুপা গত ১২ অক্টোবর ওজন করা হয়। সেদিন পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি সোনা ও ১ হাজার ৮৮ ভরি রুপা। একই সঙ্গে পাওয়া বিদেশি মুদ্রাও গণনা করা হয়।

এর আগে গত ২৭ জুন মসজিদের দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা, যা ছিল মসজিদের ইতিহাসে সর্বোচ্চ দানের রেকর্ড। এবার দানের টাকা সেই রেকর্ডও ছাড়িয়ে গেল।

দানবাক্স খোলা ও টাকা গণনাকে কেন্দ্র করে মসজিদ এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মসজিদের আয় থেকে প্রয়োজনীয় ব্যয় মিটিয়ে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা রাখা হয়। বর্তমানে মসজিদের তহবিলে আজকের টাকাসহ ১৫০ কোটিরও বেশি জমা রয়েছে। ব্যাংকে রাখা অর্থের লভ্যাংশ থেকে দরিদ্র ও অসহায় মানুষকে অনুদান, জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, ব্যাংকে জমা থাকা অর্থ দিয়ে পাগলা মসজিদকে কেন্দ্র করে প্রায় ১০ তলাবিশিষ্ট একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ প্রকল্পে একসঙ্গে ৪০ থেকে ৫০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা, নারীদের জন্য পৃথক নামাজের স্থান, মাদরাসা, এতিমদের শিক্ষাব্যবস্থা, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া ও আইটি সেকশনসহ বিভিন্ন আধুনিক সুবিধা রাখা হবে। প্রকল্পের পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। চূড়ান্ত নকশা পাওয়ার পর দরপত্র আহ্বান করে নির্মাণকাজ শুরু করা হবে।

শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে লোকজন মানত করতে আসেন। নগদ অর্থের পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রীও দান করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%