১০:০০ পি.এম
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এই তথ্য জানান।
সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতিকে তাদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
আরও পড়ুন: প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের ঘোষণা পরিকল্পনা প্রতিমন্ত্রীর
রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, "সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক।"
তিনি উল্লেখ করেন, দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
রাষ্ট্রপতি বলেন, "জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে।"
আরও পড়ুন: চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা, সভাপতি জুয়েল মাহমুদ
তিনি আরও বলেন, "গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা আমাদের রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি।"
রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন যে, সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।
এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন