ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে


সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

দেশবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের নেতারা।

শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। সংগঠনটি ‘পলাতক আওয়ামী সন্ত্রাসীদের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা, খুন, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, শান্তি-শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষার দাবিতে’ এই বিক্ষোভের আয়োজন করে।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখতে জুলাইয়ের পক্ষে থাকা সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও ফ্যাসিবাদী অপতৎপরতা রুখে দিতে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

আরও পড়ুন: সিলেটের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

সমাবেশে বক্তব্য রাখেন এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ, সহসভাপতি কৃষিবিদ হাসান আলী, যুগ্ম সচিব ডা. শহীদুল্লাহ শরীফ, ড. মো. মোশাররফ হোসেন, ড. মোহাম্মদ শফিউদ্দিন, ড. মো. মিজানুর রহমান, কৃষিবিদ আবদুল হক প্রমুখ।

ফোরামের মহাসচিব কৃষিবিদ শেখ মুহাম্মদ মাসউদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে পলাতক ফ্যাসিবাদী শক্তি আবারও দেশে ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টির স্বপ্ন দেখছে। তাদের এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এ জন্য সরকারকেই জাতীয় ঐক্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে।

তিনি আরো বলেন, সরকারের ভেতরে যারা জাতীয় ঐক্যের পরিবেশ বিনষ্ট করছেন এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের পথ তৈরি করছেন, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির ব্যক্তিদের বিভিন্ন অজুহাত ও তকমা দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে সেখানে ফ্যাসিবাদের সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।

কৃষিবিদ মাসউদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন: সারজিস আলম: ভারতের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন শেখ হাসিনা

সমাবেশ থেকে দেশবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতা প্রতিরোধ, ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসন বন্ধ, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় আ.লীগ নেতা মনির মাস্টারকে আটক করে পুলিশে দিল জনতা

আন্তর্জাতিক ডেস্ক

​মোঃ আব্দুল্লাহ্,খুলনা জেলা প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


খুলনায় আ.লীগ নেতা মনির মাস্টারকে আটক করে পুলিশে দিল জনতা

খুলনার রূপসা উপজেলায় তিনটি নাশকতা মামলার আসামি হিসেবে অভিযুক্ত মোঃ মনিরুজ্জামান ওরফে মনির মাস্টারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজার এলাকায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আটক মনিরুজ্জামান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। পেশায় তিনি আইচগাতী বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পাশাপাশি তিনি খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।

আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ উজ্জ্বল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সেনেরবাজারের নিজ দোকান থেকে এলাকাবাসী মনিরুজ্জামানকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তার বিরুদ্ধে তিনটি নাশকতা মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, প্রাথমিক প্রক্রিয়া শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রূপসা থানায় পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়ালের রেকর্ড আয়ের সুখবর, ভারতে বিনামূল্যে ম্যাচ দেখাবে উয়েফা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


রিয়ালের রেকর্ড আয়ের সুখবর, ভারতে বিনামূল্যে ম্যাচ দেখাবে উয়েফা

আগামী মৌসুমে ভারতে ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতার ম্যাচ বিনামূল্যে দেখার সুযোগ দেওয়ার জন্য পরীক্ষামূলক সম্প্রচার চালু করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। শনিবার এই তথ্যটি জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। একই অনুষ্ঠানে ক্লাবটির রেকর্ড আয়ের বিষয়টিও তুলে ধরেন তিনি।

রিয়াল মাদ্রিদের সাধারণ সভায় পেরেজ উল্লেখ করেন, ২০২৫-২৬ মৌসুমে ক্লাবটির বার্ষিক আয় ১২২ কোটি ১০ লাখ ইউরো (প্রায় ১৩৪ কোটি ডলার) পৌঁছেছে। এ সময়ে ক্লাবটির মুনাফা হয়েছে ২ কোটি ৬০ লাখ ইউরো।

পেরেজ জানান, আগামী মৌসুমে ভারতের দর্শকরা "ইউরোপের সেরা ম্যাচগুলো" বিনামূল্যে উপভোগ করতে পারবেন। পরে রিয়াল মাদ্রিদের সাধারণ ব্যবস্থাপক হোসে অ্যাঞ্জেল সানচেজ স্পষ্ট করেন, এটি মূলত উয়েফার একটি পরীক্ষামূলক প্রকল্প।

সানচেজ বলেন, "চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগের মতো উয়েফা প্রতিযোগিতার জন্য ভারতে একটি পাইলট প্রকল্প চালু করা হবে।

এই মডেলে ব্যবহারকারীরা বিজ্ঞাপনসহ বিনামূল্যে কনটেন্ট উপভোগ করতে পারবেন। এছাড়া বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পেতে অর্থের বিনিময়ে প্রিমিয়াম সংস্করণও বেছে নেওয়ার সুযোগ থাকবে।"

তিনি আরও বলেন, "তবে ভারতে চালু হতে যাওয়া এই উদ্যোগ পুরোপুরি উয়েফার পরীক্ষামূলক প্রকল্প। এটি রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোর ক্ষেত্রে সরাসরি প্রয়োগ করা যাবে না এবং এ বিষয়ে রিয়াল মাদ্রিদের কোনো নিয়ন্ত্রণও নেই।"

এদিকে, রিয়াল মাদ্রিদের প্রতিনিধিরা ২০২৫-২৬ মৌসুমের আর্থিক হিসাব এবং ২০২৬-২৭ মৌসুমের বাজেট অনুমোদন করেছেন। নতুন বাজেটে ক্লাবটির আয় ১২৫ কোটি ইউরো এবং মুনাফা ১ কোটি ৪২ লাখ ইউরো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রেনের কোচে ৫৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


ট্রেনের কোচে ৫৪ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ভারতের তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার নাগেরকয়েল রেলওয়ে ইয়ার্ডে একটি অব্যবহৃত ট্রেনের কোচের ভেতর ৫৪ বছর বয়সী এক নারীর ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিচয় শনাক্ত করতে রেলওয়ে পুলিশ একটি সোনার আংটির সূত্র ব্যবহার করে। পরে সিসিটিভির সাহায্যে অভিযুক্ত জে. আইয়াপ্পানকে গ্রেপ্তার করা হয়।

গত ১৩ নভেম্বর মধ্যরাতে রেলওয়ে ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি কোচের ভেতরে এই নৃশংস ঘটনা ঘটে। ১৮ নভেম্বর সকালে অন্য একটি ট্রেনে যুক্ত করার আগে কোচটি পরিষ্কার করার সময় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত করার জন্য তাৎক্ষণিক কোনো প্রমাণ না থাকার কারণে রেলওয়ে পুলিশ সাপের নকশা করা একটি সোনার আংটির ওপর নির্ভর করে।

রেলওয়ে পুলিশ সুপার আদর্শ পাচেরা জানান, আংটিতে থাকা হলমার্কের সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন এটি গুজরাটে তৈরি। সেখানকার বিক্রেতা নিশ্চিত করেন যে আংটিটি ছত্তিশগড়ের রায়পুরের এক খুচরা বিক্রেতার কাছে সরবরাহ করা হয়েছিল। এই সূত্র ধরে পুলিশ গয়না কেনার সময় ওই নারীর দেওয়া প্যান কার্ডের তথ্য এবং মধ্যপ্রদেশের ঠিকানা উদ্ধার করতে সক্ষম হয়। এর মাধ্যমে পুলিশ তার পরিবারের সন্ধান পায়। জানা গেছে, ওই নারী গত তিন মাস ধরে নিখোঁজ ছিলেন। তার স্বামী ও সন্তানরা বর্তমানে কন্যাকুমারীর উদ্দেশে রওনা হয়েছেন।

ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত করা একটি বড় সাফল্য ছিল। পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ধর্ষণ ও হত্যা মামলার রহস্য উন্মোচন করে, তদন্ত শুরুর মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা প্রাথমিকভাবে তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছিলেন। রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ অপরাধীকে খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটেজে সাদা পোশাক পরা এক ব্যক্তিকে একটি কোচ থেকে বের হয়ে আসতে দেখা যায়।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি অপরাধের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। শুক্রবার অভিযুক্ত জে আইয়াপ্পানকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতে তোলা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার চেনবাগারমনপুথুর এলাকার ৩১ বছর বয়সী জে আইয়াপ্পান গত চার মাস ধরে ভবঘুরে অবস্থায় রেলওয়ে স্টেশন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, আইয়াপ্পানের সাথে এর আগেও কয়েকবার ওই নারীর দেখা হয়েছিল।

তদন্তকারীরা জানান, অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে অব্যবহৃত কামরায় নিয়ে যান এবং বলপ্রয়োগ করে ধর্ষণের পর তাকে হত্যা করেন। পুলিশ অভিযুক্তের পরা একটি রক্তমাখা শার্টও উদ্ধার করেছে, যা তিনি একটি নর্দমায় ফেলে দিয়েছিলেন।

তামিলনাড়ু রেলওয়ে পুলিশের মহাপরিচালক কে ভান্নিয়া পেরুমল এই তদন্তের, বিশেষ করে রেলওয়ে পুলিশ সুপারের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমাদের এসপি আদর্শ পাচেরা নাগেরকয়েলে অবস্থান করে চমৎকার তদন্ত করেছেন। মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’

মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ এবং যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত করতে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক পরীক্ষায় তার পাঁজরের হাড় ভাঙার চিহ্ন পাওয়া গেছে। তদন্তকারীরা জানান, অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে ধর্ষণের পর কোনো অস্ত্র ব্যবহার না করেই হাত দিয়ে আঘাত করে এবং বুকে লাথি মেরে হত্যা করার কথা স্বীকার করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের শুভেচ্ছা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং দুর্নীতিবিরোধী আন্দোলনের সাথে যুক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‍্যাক)।

শনিবার, এক বিবৃতিতে র‍্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক তাবারুল হক এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে র‍্যাক নেতারা উল্লেখ করেন, দুর্নীতি একটি রাষ্ট্র ও সমাজের অগ্রগতি, ন্যায়বিচার, সুশাসন ও জনমানুষের অধিকার প্রতিষ্ঠার প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার জন্য দুদকের স্বাধীন, নিরপেক্ষ, দৃঢ় ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, তথ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও অপরিহার্য।

র‍্যাক বিশ্বাস করে যে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেবল আইন প্রয়োগকারী সংস্থার একক দায়িত্ব নয়; বরং এটি রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত দায়িত্ব। সত্যনিষ্ঠ সাংবাদিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয় যে, দুদকের ২২ বছরের পথচলা আগামী দিনে আরও গতিশীল, কার্যকর ও জন-আস্থার প্রতীক হয়ে উঠবে। একই সাথে, দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কমিশনের প্রতিটি উদ্যোগের সফলতা কামনা করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%