১০:২০ পি.এম
ক্যান্সার ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনকে পরিবর্তিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রামাণ্যচিত্রে প্রিন্সেস অব ওয়েলস ক্যান্সার কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, সে সম্পর্কে আলোচনা করেছেন। ‘হিল’ শিরোনামের এই প্রামাণ্যচিত্রটি ২৯ নভেম্বর বিবিসি ওয়ানে সম্প্রচারিত হবে।
প্রামাণ্যচিত্রটির প্রথম অংশে কেটকে বলতে শোনা যায়, ‘ক্যান্সার আপনাকে বদলে দেয়। এটি আপনার শরীরকে বদলে দেয়, আপনাকে শারীরিকভাবে পরিবর্তন করে; তবে ক্যান্সার শনাক্ত হওয়ার পর আপনার ভেতরে আরো অনেক গভীর একটি পরিবর্তন ঘটে।’ এই প্রামাণ্যচিত্রে কেট মিডলটনের অসুস্থতা এবং সুস্থ হয়ে ওঠার বিষয়ে তাঁর ব্যক্তিগত চিন্তাভাবনা তুলে ধরা হয়েছে। কেট ক্যান্সারের সাথে তাঁর লড়াইয়ের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘সুস্থ হয়ে ওঠা একটি দীর্ঘ যাত্রা।’
চলতি বছরের শুরুতে তাঁর ‘থ্রি পিকস চ্যালেঞ্জ’ সম্পন্ন করার নতুন ফুটেজও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তিনি এক দিনেরও বেশি সময় নিয়ে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলো আরোহণ করেছিলেন। অন্যান্য ক্যান্সার রোগীদের ছবি এবং প্রিন্স উইলিয়ামসহ তাঁর পরিবারের সদস্যদের জড়িয়ে ধরার দৃশ্যের সাথে নেপথ্য কণ্ঠে কেট বলেন, ‘এটা স্পষ্ট যে জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো আমাদের একা বয়ে বেড়ানোর জন্য নয়।’
আরও পড়ুন: স্তন প্রতিস্থাপনের কথা স্বীকার করলেন মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স
রাজা চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়ামসের স্ত্রী কেট মিডলটন, রাজকীয় দায়িত্ব গ্রহণের পর ক্যাথরিন, প্রিন্সেস অব ওয়েলস হিসেবে পরিচিত। প্রামাণ্যচিত্রে ক্যান্সারের অভিজ্ঞতা থেকে আসা পরিবর্তনের অনুভূতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘প্রায়ই যন্ত্রণার মধ্য দিয়েই আমরা উপলব্ধি করি যে এর ওপারে আরো বড় কোনো সৌন্দর্য লুকিয়ে আছে।’
ক্যাথরিন কখনোই প্রকাশ করেননি তিনি ঠিক কোন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তবে ২০২৪ সালের মার্চ মাসে তিনি ক্যান্সার শনাক্ত হওয়ার এবং কেমোথেরাপি নেওয়ার কথা জানিয়েছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে তিনি জানান যে তাঁর ক্যান্সার নিয়ন্ত্রণে এসেছে এবং পরবর্তী মাসগুলোতে তিনি ধীরে ধীরে রাজকীয় দায়িত্বে ফিরতে শুরু করেন।
অসুস্থতার পর জীবন সম্পর্কে তাঁর নতুন উপলব্ধি এবং কেবল শারীরিক সুস্থতার বাইরে গিয়ে সামগ্রিক সুস্থতার প্রয়োজনীয়তা নিয়ে তিনি প্রায়ই কথা বলেছেন। রাজবধূ তাঁর চিকিৎসার পরবর্তী ভালো এবং খারাপ দিনগুলোর কথাও উল্লেখ করেছেন এবং রোগীরা চিকিৎসা শেষেই আগের মতো স্বাভাবিক অনুভব করতে পারেন; এমন প্রচলিত ধারণাটি ভেঙে দিতে চেয়েছেন।
কার্স্টি ইয়ংয়ের উপস্থাপনায় নির্মিত এই প্রামাণ্যচিত্রটি তাঁর সেই যাত্রার সবচেয়ে পূর্ণাঙ্গ ও ব্যক্তিগত বিবরণ হতে যাচ্ছে, যেখানে এ ধরনের অসুস্থতার প্রভাব এবং তিনি কীভাবে নিজের সুস্থতার পথ খুঁজে পেয়েছেন সে বিষয়ে তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। তিনি ইতিমধ্যেই তাঁর দাতব্য সংস্থাগুলোর কাজে ফিরেছেন এবং চলতি সপ্তাহের শুরুর দিকে প্রিন্স উইলিয়ামের সাথে ‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠানে যোগ দিতে ভারত সফর করেছেন। ক্যান্সার চিকিৎসার পর এটিই ছিল রাজকীয় দায়িত্বে তাঁদের প্রথম যৌথ বিদেশ সফর।
আরও পড়ুন: নেপাল: প্রকৃতি ও সভ্যতার সৌন্দর্যে ভ্রমণের অভিজ্ঞতা
প্রামাণ্যচিত্রটির নির্মাণ দলের ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন উইল ওয়ার, যিনি এর আগেও কেট ও তাঁর পরিবারের সাথে কাজ করেছেন। কেটের জন্মদিনের ভিডিও বার্তা এবং একটি ক্রিসমাস কার্ডে তাঁর তোলা ছবি ব্যবহৃত হয়েছিল, যেখানে রাজকুমারী, প্রিন্স উইলিয়াম এবং তাঁদের সন্তানদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল।
২০২৪ সালের সেপ্টেম্বরে কেমোথেরাপি শেষ হওয়ার পর কেট যে ব্যক্তিগত ভিডিও বার্তাটি দিয়েছিলেন; যেখানে তিনি বলেছিলেন, ‘অন্ধকার থেকেই আলোর জন্ম হতে পারে’; সেটিও এই নির্মাতাই তৈরি করেছিলেন।
বিবিসির চিফ কনটেন্ট অফিসার কেট ফিলিপস আশা প্রকাশ করে বলেন, ৩০ মিনিটের এই প্রামাণ্যচিত্রটি ‘বিবিসির দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে এবং যাঁরা নিজস্ব স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, তাঁদের সান্ত্বনা ও সাহস জোগাবে।’
কেট মিডলটন লন্ডনের ‘দ্য রয়্যাল মার্সডেন হাসপাতালে’ চিকিৎসা নিয়েছিলেন। অন্যান্য দেশেও প্রচারিতব্য এই প্রামাণ্যচিত্রটির পরিবেশনা থেকে প্রাপ্ত অর্থ ‘দ্য রয়্যাল মার্সডেন ক্যান্সার চ্যারিটি’-তে দান করা হবে। লন্ডনের ওই হাসপাতালে ক্যান্সার রোগীদের চিকিৎসা শেষ হলে প্রতীকীভাবে একটি ঘণ্টা বাজানোর রীতি রয়েছে। প্রামাণ্যচিত্রে ভাই জেমস মিডলটনের সাথে কথা বলার সময় ক্যাথরিন বলেন, ‘আমি ঘণ্টাটি বাজাইনি।’ উত্তরে তাঁর থ্রি পিকস চ্যালেঞ্জ সম্পন্ন করা এবং সুস্থতা নিয়ে তৈরি এই প্রামাণ্যচিত্রের দিকে ইঙ্গিত করে জেমস বলেন, ‘সম্ভবত এটিই তোমার ঘণ্টা বাজানো।’ সূত্র: বিবিসি
আরও পড়ুন: শুকনো কাশি উপশমের ঘরোয়া উপায় ও সতর্কতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন