ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: শামা ওবায়েদ


শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

তিনি রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ সম্মেলনে এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ উল্লেখ করেন, এই সেক্টরটি রক্ষা করা সকলের দায়িত্ব। সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শতভাগ চেষ্টা করছে। শ্রমবান্ধব বাজেট প্রদান করা হয়েছে। তবে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে এবং যারা এসব ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে, তারা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে।

আরও পড়ুন: এক বছরে ৮১ হাজারের বেশি ডিজিটাল জালিয়াতির ঘটনা

পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে একটি গোষ্ঠীর হাত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হবে। শ্রমিকদের ভাগ্য পরিবর্তনে সবাই মিলে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল চৌধুরী জানান, মজুরি বোর্ডের মাধ্যমে সকলের প্রত্যাশা পূরণ হবে। দেশে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জনগণ সোচ্চার রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনগঞ্জে ডিমবোঝাই নৌকা ডুবিতে ৬ লাখ টাকার ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


মোহনগঞ্জে ডিমবোঝাই নৌকা ডুবিতে ৬ লাখ টাকার ক্ষতি

নেত্রকোনার মোহনগঞ্জের গাগলাজুর থেকে মোহনগঞ্জগামী একটি স্টিলের নৌকা জৈনপুর বাজারসংলগ্ন নদীতে ডুবে গেছে। এ দুর্ঘটনা ঘটেছে গতকাল শনিবার বিকেলে। নৌকাটিতে প্রায় ১৩ থেকে ১৪ লাখ টাকার ডিম ছিল বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কোখন জানান, নৌকায় মোট ২৬২ বান্ডিল ডিম ছিল। ডুবুরির মাধ্যমে ১৭০ বান্ডিল ডিম উদ্ধার করা হয়েছে। প্রতি বান্ডিল ডিম উদ্ধার করতে ডুবুরিকে ৩০০ টাকা করে দিতে হয়েছে। উদ্ধারকৃত ডিমের মধ্যে অনেক ডিম নষ্ট হয়ে গেছে।

তিনি আরও জানান, এই দুর্ঘটনার ফলে তার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে তিনি অভিযোগ করেছেন যে উদ্ধারকাজে প্রশাসনের কোনো সহযোগিতা পাননি।

জানা গেছে, ডিম ব্যবসায়ীর বাড়ি মোহনগঞ্জের বিরামপুরে এবং নৌকার চালকের বাড়ি জামালগঞ্জের মান্নানঘাটে।

স্থানীয় বাসিন্দারা জানান, নৌকাটি ডুবে যাওয়ার পর আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। পরে ডুবুরি নামিয়ে ডিম উদ্ধারের চেষ্টা করা হয়। এ ঘটনায় এলাকায় দুঃখ ও সমবেদনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেছেন, "আমরা বিভিন্ন মাধ্যমে জৈনপুরে নৌকাডুবির ঘটনাটি শুনেছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


শাকিবের নতুন সিনেমায় পাকিস্তানি নায়িকা কিনজা হাশমি

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি চূড়ান্ত হয়েছেন। কিয়ারা আদভানি নন, এই সিনেমার জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই দর্শক ও সিনেমাপাড়ায় তুমুল কৌতূহল তৈরি হয়, শাকিবের বিপরীতে কে থাকবেন তা নিয়ে। শুরুতে পাকিস্তানের জনপ্রিয় মুখ—হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম শোনা গিয়েছিল।

সাম্প্রতিক সময়ে প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টের পর বলিউড তারকা কিয়ারা আদভানিকে ঘিরেও জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, শাকিবের বিপরীতে কিনজা হাশমির নামই নিশ্চিত করা হয়েছে।

ঢালিউড মেগাস্টার শাকিব খানের দেশের ও বিদেশের প্রায় ৭০ জনের বেশি নায়িকার সঙ্গে জুটি বাঁধার অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ, কলকাতা ও বলিউডের নায়িকাদের পর এবার তার নায়িকা হচ্ছেন পাকিস্তানের ছোট ও বড় পর্দার পরিচিত মুখ কিনজা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’।

কে এই কিনজা হাশমি?

কিনজা হাশমি ২০১৪ সালে অভিনয়জগতে যাত্রা শুরু করেন। তিনি শুরু থেকেই পাকিস্তানের টেলিভিশন নাটকে নিয়মিত মুখ হয়ে ওঠেন। ‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন তিনি।

এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো আলোচিত নাটকে কাজ করে জনপ্রিয়তা আরও বাড়ান কিনজা। টেলিছবি ‘রূপোশ’-এও তার উপস্থিতি প্রশংসিত হয়। নাটকের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি; তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।

এবার শাকিব খানের বিপরীতে ‘মহব্বত’ দিয়ে ঢালিউডে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই পাকিস্তানি তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ষষ্ঠ-দ্বাদশের সব ছাত্রীর পাশাপাশি দরিদ্র ও মেধাবী ছাত্ররাও পাবে উপবৃত্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


ষষ্ঠ-দ্বাদশের সব ছাত্রীর পাশাপাশি দরিদ্র ও মেধাবী ছাত্ররাও পাবে উপবৃত্তি

দেশের স্কুল, কলেজ ও মাদরাসার ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। যেসব ছাত্রী এখনো উপবৃত্তির আওতায় আসেনি, তাদের জন্য ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার প্রয়োজন হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই সুবিধা প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বুধবার (১৮ নভেম্বর) ট্রাস্টের স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তি চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ছাত্ররাও পাবে উপবৃত্তি

ছাত্রীদের পাশাপাশি দরিদ্র ও মেধাবী ছাত্ররাও উপবৃত্তি পাবে। তাদের জন্য আগের নিয়মে উপবৃত্তি কার্যক্রম চলমান থাকবে।

সরকারি অর্থ শিক্ষার্থীদের কাছে সরাসরি পৌঁছে দিতে জিটুপি পদ্ধতি অনুসরণ করা হবে। এই পদ্ধতিতে উপবৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলকভাবে অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।

নতুন হিসাব খুলতে হবে যাদের

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব ছাত্রীর নাম ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খুলতে হবে না। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়া, কিন্তু যারা উপবৃত্তি পাচ্ছেন না, শুধুমাত্র তাদের অথবা তাদের অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।

অভিভাবক হিসাব

সাধারণত শিক্ষার্থীর বাবা অথবা মা হবেন অভিভাবক। তাদের মধ্যে যেকোনো একজনের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করে উপবৃত্তির জন্য আবেদন করা যাবে। নতুন হিসাব খুললেও একই নিয়ম অনুসরণ করতে হবে। তবে বাবা-মা দুজনই জীবিত না থাকলে, আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা কিংবা নানির মধ্যে যেকোনো একজনকে অভিভাবক হিসেবে মনোনীত করা যাবে।

শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অভিভাবক হিসেবে যাকে দেখানো হবে, হিসাব খোলার সময় তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।

মোবাইল ব্যাংকিংয়ে অর্থ গ্রহণের শর্তাবলি

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে উপবৃত্তির অর্থ পেতে হলে শিক্ষার্থীর বাবা বা মায়ের মধ্যে অন্তত একজনের জীবিত থাকা আবশ্যক। যাকে অভিভাবক হিসেবে মনোনীত করা হবে, তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সিম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং একই এনআইডি ব্যবহার করে তার নামেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে।

অ্যাকাউন্ট খোলার পাশাপাশি কেওয়াইসি (KYC) ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়াও অপরিহার্য। এনআইডি, সিম রেজিস্ট্রেশন ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্যের মধ্যে কোনো গরমিল পাওয়া গেলে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।

অভিভাবক না থাকলে যা করণীয়

যদি কোনো শিক্ষার্থীর বাবা-মা কিংবা নির্ধারিত স্বজনদের কেউ অভিভাবক না থাকেন, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান তৃতীয় কোনো ব্যক্তিকে অভিভাবক হিসেবে মনোনয়ন দিতে পারবেন। এ ক্ষেত্রে একটি প্রত্যয়নপত্র প্রদান করতে হবে এবং এইচএসপি-এমআইএস (HSP-MIS) সফটওয়্যারে আবেদনের তথ্য এন্ট্রি করার সময় তা আপলোড করতে হবে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীকে শুধুমাত্র নিজের নামে তফশিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট চালু রাখা প্রয়োজন। তবে বয়স ১৮ বছর পূর্ণ হলে অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে; তখন নিজস্ব জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে অ্যাকাউন্টটি আপডেট করতে হবে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত করার প্রক্রিয়া

ব্যানবেইস প্রদত্ত ইআইআইএন (EIIN) নম্বরধারী সাধারণ এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে। এর জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে স্কিম পরিচালকের বরাবর আবেদন পাঠাতে হবে। প্রয়োজনীয় আবেদন ফরম ও বিস্তারিত নির্দেশনা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।

অপরদিকে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার লগইন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে ইউজার আইডি সচল করতে হবে।

এ ছাড়া উপবৃত্তি নিয়ে যেকোনো জটিলতায় সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে নির্ধারিত ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসময়ের টানা বৃষ্টিতে পোরশার ধানচাষিরা বিপাকে, মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় পাকা ধান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তোফাজ্জল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধি

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


অসময়ের টানা বৃষ্টিতে পোরশার ধানচাষিরা বিপাকে, মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় পাকা ধান

নওগাঁর পোরশা উপজেলায় গত তিন দিনের টানা অসময়ের বৃষ্টির ফলে ধানচাষিদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকার ফসলি জমিতে পানি জমে যাওয়ার কারণে কেটে রাখা পাকা ধান নিয়ে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সময়মতো ধান ঘরে তুলতে না পারার কারণে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে চলতি মৌসুমে কৃষকদের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পোরশা উপজেলা একটি কৃষিনির্ভর এলাকা হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন ইউনিয়নে বিস্তীর্ণ কৃষিজমিতে ধানসহ নানা ধরনের ফসল উৎপাদিত হয়। চলতি মৌসুমে কৃষকরা অনেক আশা নিয়ে ধান চাষ করেছিলেন। ফসল পাকার পর ঘরে তোলার প্রস্তুতি চলছিল। কিন্তু ঠিক সেই সময়ে টানা বৃষ্টির কারণে তাদের প্রস্তুতি ব্যাহত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) উপজেলার নিতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায়, অনেক কৃষকের কেটে রাখা পাকা ধান এখনো মাঠে পড়ে রয়েছে। কোথাও কোথাও জমিতে হাঁটু বা তার কাছাকাছি পানি জমেছে।

বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকায় ধান সংগ্রহ ও শুকানোর কাজ ব্যাহত হচ্ছে। আবহাওয়া অনুকূলে না থাকায় অনেক কৃষক চাইলেও সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের আশঙ্কা, দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে মাঠে পড়ে থাকা কাটা ধান ভিজে পচে যেতে পারে। এতে ধানের রং, গুণগত মান ও বাজারমূল্য কমে যাওয়ার পাশাপাশি কিছু ধান অঙ্কুরিত হওয়ারও আশঙ্কা রয়েছে। বিশেষ করে যেসব কৃষক ইতোমধ্যে ধান কেটে জমিতে রেখেছেন, তাদের ক্ষতির ঝুঁকি তুলনামূলক বেশি।

কৃষকদের ভাষ্য অনুযায়ী, জমি চাষ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের পেছনে তাদের অনেক টাকা ব্যয় করতে হয়। সারা বছরের পরিশ্রমের পর ফসল ঘরে তোলার সময় এমন বৃষ্টি তাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। সময়মতো ধান সংগ্রহ করতে না পারলে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হবে তাদের।

এ বিষয়ে পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর আর রশিদ বলেন, বৃষ্টির কারণে জমিতে পানি জমে থাকলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। মাঠে কেটে রাখা ধান যত দ্রুত সম্ভব নিরাপদ ও উঁচু স্থানে সরিয়ে নিতে হবে। বৃষ্টির বিরতি পেলে ধান মাড়াই করে পরিষ্কার ও শুকনো জায়গায় ভালোভাবে শুকানোর ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, ভেজা ধান দীর্ঘ সময় স্তূপ করে রাখা উচিত নয়। এতে ধানের মধ্যে তাপ সৃষ্টি হয়ে পচন ধরতে পারে এবং গুণগত মান নষ্ট হতে পারে। তাই ধান শুকানো ও সংরক্ষণের ক্ষেত্রে কৃষকদের সতর্ক থাকতে হবে। প্রয়োজনে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে, পোরশার কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি দ্রুত না নামলে এবং আবহাওয়ার উন্নতি না হলে চলতি মৌসুমে ধান উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়তে পারে। এতে শুধু কৃষকই নয়, স্থানীয় কৃষিনির্ভর অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের প্রত্যাশা, দ্রুত আবহাওয়ার উন্নতি হবে এবং মাঠে পড়ে থাকা পাকা ধান ঘরে তোলার সুযোগ পাবেন তারা। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%