১২:০৩ পি.এম
সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আকর্ষণীয় বিজ্ঞাপন, বিশেষ ছাড় অথবা পুরস্কারের প্রলোভন মানুষের জন্য বিপদ ডেকে আনছে। কখনো ব্যাংকের সফটওয়্যার আপডেটের তথ্য, কখনো অ্যাকাউন্ট হালনাগাদের বার্তা। এসবের সঙ্গে যুক্ত লিংকে ক্লিক করার ফলে গ্রাহকরা বিপদে পড়ছেন। প্রতারকরা ভুয়া ওয়েবসাইটে তথ্য দিয়ে ম্যালওয়্যার ব্যবহার করে স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। এর পর ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে গ্রাহকের অজান্তেই টাকা সরিয়ে নিচ্ছে তারা।
ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রতারণার কৌশলও পরিবর্তন হচ্ছে। ব্যাংক হিসাবের তথ্য, কার্ড নম্বর কিংবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) পিন চুরির পাশাপাশি এখন দূর থেকে ফোন নিয়ন্ত্রণ করে অর্থ আত্মসাতের ঘটনা ঘটছে। ফলে অনেক গ্রাহক বুঝতে পারছেন না, কীভাবে তাঁদের হিসাব থেকে টাকা চলে যাচ্ছে।
সম্প্রতি ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট পাওয়ার প্রলোভন দেখিয়ে সিদ্দিকুর রহমান নামের এক গ্রাহকের ব্যাংক হিসাব থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। ব্যাংকের আদলে তৈরি লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দেওয়ার পর হিসাবের নিয়ন্ত্রণ নেয় তারা। পরে অন্য ব্যাংকের হিসাবে সরিয়ে নেওয়া হয় অর্থ। ভুক্তভোগী জানান, এ ঘটনায় আইনের আশ্রয় নিয়েও এখনো প্রতিকার পাননি।
আরও পড়ুন: শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: শামা ওবায়েদ
ব্যাংকের সফটওয়্যার আপডেটের নামে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। গত ২ জুন এক ব্যক্তির মোবাইলে আপডেটের বার্তা পাঠানো হয়। লিংকে ক্লিক করার পর ফোনের ডিসপ্লে বন্ধ হয়ে যায়। পরে ফোন সচল হলে তিনি দেখতে পান, তাঁর ব্যাংক হিসাব থেকে বিভিন্ন ব্যাংক ও এমএফএস হিসাবে ৯ লাখ ৮৬ টাকা স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় ৪ জুন পল্টন থানায় মামলা হয়। গত ২ সেপ্টেম্বর রংপুরে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তে বিদেশি চক্রের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া যায়।
গত ৮ নভেম্বর ঢাকায় আরেক ভুক্তভোগীর ফোন স্বয়ংক্রিয়ভাবে রিসেট হয়ে যায়। পরে ফোন মেরামত করে তিনি জানতে পারেন, ইসলামী ব্যাংকের হিসাব থেকে ছয়টি এনপিএসবি লেনদেনে দুই লাখ ৯৪ হাজার টাকা এবং পূবালী ব্যাংকের হিসাব থেকে দুই লাখ ৭৯ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে। সব মিলিয়ে তাঁর পাঁচ লাখ ৭৩ হাজার টাকা খোয়া যায়। এ ঘটনায় তিনি ভাটারা থানায় অভিযোগ করেছেন।
শুধু ব্যাংক হিসাব নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করেও প্রতারণা চলছে। সম্প্রতি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে তাঁর পরিচয়ে এক কর্মকর্তার কাছ থেকে ৫৫ হাজার টাকা আদায় করে প্রতারকরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস রিপোর্ট ২০২৫-এর তথ্য অনুযায়ী, ওই বছর মোবাইল আর্থিক সেবা, চেক ও কার্ড লেনদেনে ৮১ হাজার ৪২৩টি জালিয়াতির ঘটনা শনাক্ত হয়। এসব ঘটনায় আর্থিক ক্ষতির পরিমাণ ৯২ কোটি ৬০ লাখ টাকার বেশি। এর মধ্যে উদ্ধার করা সম্ভব হয়নি প্রায় ৮২ কোটি ৭২ লাখ টাকা। অর্থাৎ জালিয়াতির মাধ্যমে খোয়া যাওয়া অর্থের ৮৯ দশমিক ৩ শতাংশই উদ্ধার হয়নি। শুধু এমএফএস খাতে ক্ষতির পরিমাণ ৮১ কোটি ৩২ লাখ টাকা; এর মধ্যে ৭৪ কোটি ২৬ লাখ টাকা উদ্ধার করা যায়নি।
আরও পড়ুন: ভোলায় নতুন কূপ মিলছে, তবুও দেশজুড়ে গ্যাস সংকট
সিআইডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সাইবার অপরাধসংক্রান্ত ১৯১টি মামলা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১০১ জনকে। অনলাইন প্রতারণা, হ্যাকিং, পরিচয় ও তথ্য চুরি এবং ভুয়া লিংকের মাধ্যমে ব্যাংক ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা রয়েছে এসব অপরাধের মধ্যে।
সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, ডিজিটাল মাধ্যমে অর্থ আত্মসাৎ ও অনলাইন প্রতারণার ঘটনা তদন্তে সাইবার মনিটরিং, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ এবং আর্থিক লেনদেনের তথ্য পর্যালোচনা করা হচ্ছে। আত্মসাৎ করা অর্থের গতিপথ শনাক্ত ও ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ওটিপি, পিন, পাসওয়ার্ড কিংবা ব্যাংক ও এমএফএসের গোপন তথ্য না দেওয়ার পরামর্শও দেন তিনি।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, প্রতারণায় মূলত চার ধরনের কৌশল ব্যবহৃত হচ্ছে। ফিশিংয়ে ব্যাংক বা পরিচিত প্রতিষ্ঠানের আদলে ভুয়া ওয়েবসাইট তৈরি করে গ্রাহকের তথ্য নেওয়া হয়। স্মিশিংয়ে এসএমএসের মাধ্যমে ভুয়া লিংক পাঠানো হয়। ম্যালওয়্যার বা রিমোট অ্যাকসেস ট্রোজানের মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণ নিয়ে তথ্য ও অর্থ হাতিয়ে নেওয়া হয়। আর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে পরিচিতজনের পরিচয়ে অর্থ দাবি করা হয়।
সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সিআইআরটি) গত ১৩ এপ্রিল ‘এরর৫২৪’ নামের আন্তর্জাতিক স্মিশিং প্রচারণা নিয়ে সতর্ক করে। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান ও সেবা ব্যবহারকারীদের লক্ষ্য করে ভুয়া এসএমএস পাঠিয়ে ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। গত মে মাসে ‘অ্যাসিঙ্কআরএটি’ নামের রিমোট অ্যাকসেস ম্যালওয়্যার প্রচারণা সম্পর্কেও সতর্ক করে সংস্থাটি। এতে বিকাশ, নগদ ও রকেটের আদলে ভুয়া লেনদেন ব্যবস্থার ব্যবহার দেখা যায়।
আরও পড়ুন: মারুফের স্বপ্ন: পাইলট না হতে পেরে নিজেই বিমান তৈরি করে উড্ডয়ন
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, শুধু অপরাধী গ্রেপ্তার নয়, আত্মসাৎ করা অর্থের গতিপথ শনাক্ত, সন্দেহজনক লেনদেন দ্রুত স্থগিত এবং অর্থ উদ্ধারে অগ্রাধিকার দিতে হবে। এ জন্য ব্যাংক, এমএফএস, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি শক্তিশালী কেওয়াইসি যাচাই ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
ডিজিটাল প্রতারণা ঠেকাতে বাংলাদেশ ব্যাংকও বিভিন্ন নির্দেশনা দিয়েছে। গত বছরের ৩০ জুলাই ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদাতাদের জন্য ১৭ দফা সাইবার নিরাপত্তা নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে সফটওয়্যার হালনাগাদ, মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন এবং তথ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার ব্যবস্থা শক্তিশালী করার কথা বলা হয়। চলতি বছরের ২৯ জুন অনলাইন আর্থিক প্রতারণা প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তি নিয়েও নির্দেশনা দেওয়া হয়। আর ২৭ আগস্ট অনুমোদনহীন ৩১টি ঋণ অ্যাপের বিষয়ে সতর্ক করে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ডিজিটাল প্রতারণা ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে; তবে প্রতারণার শিকার গ্রাহকের অর্থ উদ্ধারের ক্ষমতা তাদের হাতে নেই। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক অভিজ্ঞতাতেও প্রতিরোধে সমন্বিত ব্যবস্থার গুরুত্ব উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অনলাইন অপরাধে ৮ লাখ ৫৯ হাজার ৫৩২টি অভিযোগ জমা পড়ে; আর্থিক ক্ষতি ছাড়ায় ১৬ বিলিয়ন ডলার। ভারতে ডিজিটাল পেমেন্ট জালিয়াতির ঘটনা ২০২১ সালের ২ লাখ ৬০ হাজার থেকে ২০২৫ সালে বেড়ে ২৮ লাখে দাঁড়ায়। দেশটি সন্দেহজনক হিসাব শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে সিঙ্গাপুরে পুলিশ, ব্যাংক ও প্রযুক্তি প্রতিষ্ঠান যৌথভাবে সন্দেহজনক কল-বার্তা শনাক্ত, লেনদেন সীমিত এবং প্রতারণা ঠেকাতে কাজ করছে।
আরও পড়ুন: সোমবার সকাল থেকে মানিকগঞ্জ ও আশপাশের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, সফটওয়্যার আপডেট, ব্যাংক হিসাব যাচাই, পুরস্কার বা বিশেষ ছাড়ের নামে আসা লিংকের সত্যতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট বা হটলাইনে যাচাই করতে হবে। অপরিচিত কারো নির্দেশে রিমোট অ্যাকসেস অ্যাপ ইনস্টল করা কিংবা অপ্রয়োজনীয় অ্যাপ অনুমতি দেওয়া যাবে না। ব্যাংকের পিন, পাসওয়ার্ড, কার্ডের তথ্য ও ওটিপি কখনো কারো সঙ্গে শেয়ার করা উচিত নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন