১২:০৫ পি.এম
দেশের স্কুল, কলেজ ও মাদরাসার ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। যেসব ছাত্রী এখনো উপবৃত্তির আওতায় আসেনি, তাদের জন্য ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাব খুলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার প্রয়োজন হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই সুবিধা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বুধবার (১৮ নভেম্বর) ট্রাস্টের স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণির ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তি চালুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ছাত্ররাও পাবে উপবৃত্তি
আরও পড়ুন: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আট পিএইচডি শিক্ষককে সম্মাননা
ছাত্রীদের পাশাপাশি দরিদ্র ও মেধাবী ছাত্ররাও উপবৃত্তি পাবে। তাদের জন্য আগের নিয়মে উপবৃত্তি কার্যক্রম চলমান থাকবে।
সরকারি অর্থ শিক্ষার্থীদের কাছে সরাসরি পৌঁছে দিতে জিটুপি পদ্ধতি অনুসরণ করা হবে। এই পদ্ধতিতে উপবৃত্তির টাকা পেতে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলকভাবে অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।
নতুন হিসাব খুলতে হবে যাদের
বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব ছাত্রীর নাম ইতিমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে অথবা যারা উপবৃত্তি পাচ্ছে, তাদের নতুন করে হিসাব খুলতে হবে না। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পড়া, কিন্তু যারা উপবৃত্তি পাচ্ছেন না, শুধুমাত্র তাদের অথবা তাদের অভিভাবকের নামে হিসাব খুলতে হবে।
আরও পড়ুন: শিশুদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: ডা. শাহাদাত
অভিভাবক হিসাব
সাধারণত শিক্ষার্থীর বাবা অথবা মা হবেন অভিভাবক। তাদের মধ্যে যেকোনো একজনের নামে তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করে উপবৃত্তির জন্য আবেদন করা যাবে। নতুন হিসাব খুললেও একই নিয়ম অনুসরণ করতে হবে। তবে বাবা-মা দুজনই জীবিত না থাকলে, আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা কিংবা নানির মধ্যে যেকোনো একজনকে অভিভাবক হিসেবে মনোনীত করা যাবে।
শিক্ষার্থীর নিজের নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। অভিভাবক হিসেবে যাকে দেখানো হবে, হিসাব খোলার সময় তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে হবে।
মোবাইল ব্যাংকিংয়ে অর্থ গ্রহণের শর্তাবলি
আরও পড়ুন: বেসরকারি স্কুলে ভর্তির নতুন নিয়ম, জরুরি অভিভাবকদের জন্য তথ্য
মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে উপবৃত্তির অর্থ পেতে হলে শিক্ষার্থীর বাবা বা মায়ের মধ্যে অন্তত একজনের জীবিত থাকা আবশ্যক। যাকে অভিভাবক হিসেবে মনোনীত করা হবে, তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সিম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এবং একই এনআইডি ব্যবহার করে তার নামেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে হবে।
অ্যাকাউন্ট খোলার পাশাপাশি কেওয়াইসি (KYC) ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়াও অপরিহার্য। এনআইডি, সিম রেজিস্ট্রেশন ও মোবাইল ব্যাংকিংয়ের তথ্যের মধ্যে কোনো গরমিল পাওয়া গেলে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।
অভিভাবক না থাকলে যা করণীয়
যদি কোনো শিক্ষার্থীর বাবা-মা কিংবা নির্ধারিত স্বজনদের কেউ অভিভাবক না থাকেন, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান তৃতীয় কোনো ব্যক্তিকে অভিভাবক হিসেবে মনোনয়ন দিতে পারবেন। এ ক্ষেত্রে একটি প্রত্যয়নপত্র প্রদান করতে হবে এবং এইচএসপি-এমআইএস (HSP-MIS) সফটওয়্যারে আবেদনের তথ্য এন্ট্রি করার সময় তা আপলোড করতে হবে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীকে শুধুমাত্র নিজের নামে তফশিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করতে হবে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলল প্রশাসন
শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট চালু রাখা প্রয়োজন। তবে বয়স ১৮ বছর পূর্ণ হলে অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত হয়ে যাবে; তখন নিজস্ব জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে অ্যাকাউন্টটি আপডেট করতে হবে।
নতুন শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত করার প্রক্রিয়া
ব্যানবেইস প্রদত্ত ইআইআইএন (EIIN) নম্বরধারী সাধারণ এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবে। এর জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে স্কিম পরিচালকের বরাবর আবেদন পাঠাতে হবে। প্রয়োজনীয় আবেদন ফরম ও বিস্তারিত নির্দেশনা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।
অপরদিকে এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার লগইন করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে ইউজার আইডি সচল করতে হবে।
আরও পড়ুন: হাফ ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, ইডেন শিক্ষার্থীরা ৯টি বাস আটকে রাখলেন
এ ছাড়া উপবৃত্তি নিয়ে যেকোনো জটিলতায় সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে নির্ধারিত ঠিকানায় ই-মেইলের মাধ্যমে যোগাযোগের নির্দেশনা দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন