০৭:৪৫ এম
নতুন শিক্ষাবর্ষের জন্য বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নিয়ম ও সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হবে ডিজিটাল লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।
১৯ নভেম্বর তারিখে জারি করা মাউশির নির্দেশনায় ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ভর্তির নিয়ম উল্লেখ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ ডিসেম্বর থেকে। আবেদন করার শেষ সময় ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদন করতে হবে [gsa.teletalk.com.bd](https://gsa.teletalk.com.bd) ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আরও পড়ুন: ষষ্ঠ-দ্বাদশের সব ছাত্রীর পাশাপাশি দরিদ্র ও মেধাবী ছাত্ররাও পাবে উপবৃত্তি
একজন শিক্ষার্থী সর্বাধিক পাঁচটি বিদ্যালয়ের জন্য পছন্দ করতে পারবেন। পছন্দের ক্রমানুসারে বিদ্যালয় নির্বাচন করা আবশ্যক। যদি কোনো প্রতিষ্ঠানে দুই শিফট থাকে, তবে উভয় শিফট পছন্দ করা হলে তা দুটি বিদ্যালয়ের পছন্দের সমতুল্য হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা শিফট দ্বিতীয়বার নির্বাচনের সুযোগ নেই।
প্রথম শ্রেণির শিক্ষার্থী নির্বাচনের জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায়। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় লিখিত পরীক্ষা পরিচালনা করবে। পরীক্ষার আবেদন ফরম জমা দেওয়ার সময় ও তারিখ ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করতে হবে।
মাউশির নির্দেশনায় প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানকে শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা-২০২৭ অনুযায়ী কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করতে হবে।
ভর্তি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে পরিচালনার জন্য সংশ্লিষ্ট ভর্তি ও পরিবীক্ষণ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত হবে। বিস্তারিত তথ্য মাউশির ওয়েবসাইট [dshe.gov.bd](https://www.dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আট পিএইচডি শিক্ষককে সম্মাননা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন