মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৪১ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে এর সব সদস্যকে পদত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনী বা অন্য কাউকে এমন একটি প্রতিষ্ঠানের দ্বারা তদন্ত বা বিচারের সম্মুখীন হতে দেবে না, যার ওপর যুক্তরাষ্ট্রের কোনো এখতিয়ার নেই।
এ কারণে তিনি আইসিসির সব সদস্য রাষ্ট্রকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান।
জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা করে ট্রাম্প বলেন, তারা বিশ্বের প্রকৃত নৃশংসতার দিকে মনোযোগ না দিয়ে ট্রান্সজেন্ডার ব্যক্তি এবং অভিবাসন প্রয়োগ সংক্রান্ত মার্কিন নীতির সমালোচনা করছে।
ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, বিশ্বজুড়ে ‘খ্রিস্টানদের ওপর নিপীড়ন’ চললেও জাতিসংঘের মানবাধিকার পরিষদ এ বিষয়ে নীরব রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের কোনাবাড়িতে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে কোনাবাড়ি বিসিক গেট থেকে শুরু হওয়া এই মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
নেতাকর্মীরা বিক্ষোভের সময় ঘোষণা করেন যে, আগামী ৭ দিনব্যাপী সড়ক-মহাসড়কে পাহারা ও বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে। তারা সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আগামী সাত দিন সড়ক-মহাসড়কে অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে পাহারা দেওয়া হবে। পাশাপাশি বিক্ষোভ মিছিলও চলবে। যদি কোনো যানবাহনে আগুন দেওয়া হয়, তবে সেই আগুনের মধ্যেই পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ কোনো সংগঠনকে অরাজকতা করতে দেওয়া হবে না।
কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন বলেন, "আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে। পালিয়ে থেকে তাদের নেতারা হুকুম দিচ্ছে, সেই হুকুম শুনে মিছিল করছে, গাড়িতে আগুন দিচ্ছে। আমরা বলতে চাই এধরণের কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা কঠোর হস্তে এদের কর্মকাণ্ড রুখে দেব।"
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) বার্ষিক সাধারণ অধিবেশনের ব্যস্ততার মধ্যে, ডেনমার্ক ও স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সাথে একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন।
তিনি জাতিসংঘের মূল সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার পরপরই একটি বিশেষ অনুষ্ঠানে চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে ট্রাম্পের সাথে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প সন্তোষ প্রকাশ করে মন্তব্য করেন, "এটি একটি দীর্ঘমেয়াদী এবং অসাধারণ সম্পর্কের সূচনা হতে যাচ্ছে।"
বিশেষজ্ঞরা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে উত্তর মেরু (আর্কটিক) অঞ্চলে মার্কিন সামরিক ও নিরাপত্তা কৌশল আরও শক্তিশালী হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়া নিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে মহসিন আল নাঈম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মহসিন আল নাঈম দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতিউর রহমান ও মারুফা আক্তার দম্পতির ছেলে। বর্তমানে তাঁরা দুর্গাপুর পৌরসভার সাধুপাড়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্থানীয় এক ইউপি সদস্যের মেয়ের সঙ্গে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। দুজনই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের বিয়ের বিষয়টি সম্ভব ছিল না। এর মধ্যে ওই কিশোরীর পরিবার তাঁর অন্যত্র বিয়ে ঠিক করে।
পরিবারের ভাষ্য, সোমবার দুর্গাপুরে বিয়ের বাজার করার সময় ওই কিশোরীর সঙ্গে নাঈমের দেখা হয়। সেখানে তাঁদের মধ্যে কথা হয় এবং কিশোরী তাঁকে প্রত্যাখ্যান করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর নাঈম মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্বজনেরা জানান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের মায়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাড়িতে ফিরে নাঈম তাঁকে ওই দিনের ঘটনার কথা জানান। পরে তিনি নিজের কক্ষে চলে যান। পরিবারের সদস্যরা রাতে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের মা তাঁর ছেলের মৃত্যুর জন্য ওই কিশোরী ও তাঁর বাবাকে দায়ী করে অভিযোগ করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথিমপাশা ও কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই বিজয় দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৮টা ৪৫ মিনিটে রবিরবাজার-আমানীপুর সড়কে অভিযান চালায়। এ সময় কামাল আহমেদ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা। অভিযানে তাঁর হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, একই রাতে এসআই জুনেদের নেতৃত্বে পুলিশের আরেকটি দল রাত ১১টা ৪৫ মিনিটে কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জামাল আহমদ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ