প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের কোনাবাড়িতে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে বিক্ষোভ মিছিল করেছে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে কোনাবাড়ি বিসিক গেট থেকে শুরু হওয়া এই মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
নেতাকর্মীরা বিক্ষোভের সময় ঘোষণা করেন যে, আগামী ৭ দিনব্যাপী সড়ক-মহাসড়কে পাহারা ও বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে। তারা সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএনপির নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আগামী সাত দিন সড়ক-মহাসড়কে অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে পাহারা দেওয়া হবে। পাশাপাশি বিক্ষোভ মিছিলও চলবে। যদি কোনো যানবাহনে আগুন দেওয়া হয়, তবে সেই আগুনের মধ্যেই পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ কোনো সংগঠনকে অরাজকতা করতে দেওয়া হবে না।
কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন বলেন, "আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে। পালিয়ে থেকে তাদের নেতারা হুকুম দিচ্ছে, সেই হুকুম শুনে মিছিল করছে, গাড়িতে আগুন দিচ্ছে। আমরা বলতে চাই এধরণের কার্যক্রম চলতে দেওয়া হবে না। আমরা কঠোর হস্তে এদের কর্মকাণ্ড রুখে দেব।"
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন