০৯:০৪ পি.এম
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে জনজীবনে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চল এবং সিলেটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন।
এমন পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
সোমবার (১৩ জুলাই) বিমানবাহিনীর পক্ষ থেকে চট্টগ্রামের সাতকানিয়া এবং মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের দিকনির্দেশনায় সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক থেকে একটি দল চট্টগ্রামের সাতকানিয়ার তিনটি দুর্গম স্থানে ত্রাণসামগ্রী বিতরণ করে। ত্রাণ বিতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী।
একই দিনে আজ বিমানবাহিনী স্টেশন শমশেরনগর থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বন্যাকবলিত পরিবারগুলোর পাশে দাঁড়ায় বিমানবাহিনী। সেখানকার উপদ্রুত এলাকায় বিমানবাহিনীর সদস্যরা শুকনো ও রান্না করা খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় জরুরি ওষুধ বিতরণ করেন। বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
যেকোনো জরুরি পরিস্থিতি ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ রেসকিউ টিম এবং হেলিকপ্টারসমূহ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।
পাশাপাশি বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবাহিনীর ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল’ ইতিমধ্যেই সক্রিয় করা হয়েছে।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
দেশের জনগণের জানমাল রক্ষা এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমানবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন