ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘সারের ডিলারশিপ না, বিষের ডিলারশিপ দিন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল


‘সারের ডিলারশিপ না, বিষের ডিলারশিপ দিন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন-ত্যাগী কর্মীরা মরে যাক’ এই মন্তব্যটি করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফেরদৌস সজীব।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই কথা বলেন।

বিদ্যানন্দ ইউনিয়নের সার ডিলারশিপ না পাওয়ার কারণে এবং কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ প্রকাশ করে রায়হান এই মন্তব্য করেছেন। তার মন্তব্যটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

রায়হান ফেরদৌস ‘সজীব রায়হান ট্রেডার্সের’ মালিক। তিনি দাবি করেছেন, বিদ্যানন্দ ইউনিয়নের সার ডিলারশিপের জন্য সুপারিশে তার নাম দ্বিতীয় স্থানে ছিল। কিন্তু শেষ পর্যন্ত মেসার্স বিদ্যানন্দ ট্রেডার্সের মালিক মোস্তফা জামাল ডিলারশিপটি পান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফেসবুকে ওই মন্তব্যটি করেন।

সজীবের অভিযোগ, মোস্তফা জামাল এবং তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তিনি দাবি করেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পরও তিনি ডিলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন।

তবে মেসার্স বিদ্যানন্দ ট্রেডার্সের মালিক মোস্তফা জামাল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘এগুলো সব মিথ্যা। আমি ও আমার পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলাম না।’

ডিলারশিপ পরিচালনা নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে মোস্তফা জামাল বলেন, হারুন উর রশীদ তার জন্য কিছু কথা বলেছিল। তার নামে ডিলারশিপ রয়েছে এবং তিনি তা পরিচালনা করবেন।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

রায়হান ফেরদৌস সজীব দাবি করেছেন, তিনি প্রায় ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০১১ সালে বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৩ সালে রাজারহাট উপজেলা ছাত্রদলের কোষাধ্যক্ষ এবং ২০২১ সাল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে ঢাকা মহানগর দক্ষিণের জিয়া মঞ্চের সহসভাপতির দায়িত্বেও ছিলেন বলে জানান তিনি।

রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হওয়ার দাবি করেছেন সজীব। তার ভাষ্য, ২০১৩ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় তিনি আসামি হন। ২০১৭ সালে রাজারহাট সোনালী ব্যাংক চত্বরের সামনে যাওয়ার সময়ও হামলার শিকার হন বলে দাবি করেন তিনি।

দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভুগছেন সজীব। তিনি জানান, বাংলাদেশে রংপুর ও ঢাকায় চিকিৎসা নিয়েছেন। পরে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য ২০২০ সালে সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। কিন্তু করোনা মহামারির কারণে চিকিৎসা নিতে পারেননি। বর্তমানে আবারও উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তার দাবি, অসুস্থতার কারণে দৌঁড়াতে পারেন না; তবুও বিএনপির কোনো দলীয় কর্মসূচি বাদ দেননি।

সজীব আরও বলেন, আমি একজন জুলাই যোদ্ধা। ১৭ বছর ধরে বিএনপির জন্য এত ত্যাগ স্বীকার করলাম। বিএনপি সরকার ক্ষমতায়, কিন্তু আমি বিএনপি করেও ডিলারশিপ পেলাম না। অথচ আওয়ামী ফ্যাসিস্টরা ডিলারশিপ পায় কিভাবে?

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

এদিকে স্থানীয়দের আরও অভিযোগ, ডিলারশিপ মোস্তফা জামালের নামে থাকলেও ব্যবসাটি নিয়ন্ত্রণ করছেন বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হারুন উর রশীদ। তিনি বলেন, সবাই কেন জানি এটাই ভাবছেন।

তার দাবি, ডিলারশিপের সব কাগজপত্র মোস্তফা জামালের নামে এবং ডিলারশিপও তিনিই পেয়েছেন।

এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, ‘সরেজমিন তদন্ত করে রিপোর্ট দেওয়া হয়েছিল। সার ডিলারশিপ নিয়োগ কমিটিতে আমিও আছি, আরও অনেকে আছেন। সবার সুপারিশক্রমে যাকে ভালো মনে হয়েছে, তাকেই দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুরুতর আহত ও গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের চিকিৎসার বিষয়টি নজরদারি করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নার্স রীপা গোমেজের দুর্দশা সম্পর্কে জানতে পেরে তারেক রহমান তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন, যেন তিনি রীপার খোঁজ নেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর মধ্য বাড্ডার বাজার গলি এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল রীপা গোমেজের বাসায় উপস্থিত হন, যা তারেক রহমানের নির্দেশনার অংশ।

সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি রীপার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং তারেক রহমানের পক্ষ থেকে গভীর সহমর্মিতা ও সহযোগিতার বার্তা পৌঁছে দেন।

এ সময় প্রতিনিধিদলে সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মিসবাহ উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ২১ জুলাই রামপুরা সেতুর কাছে আন্দোলনের সময় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সেদিন তার শরীরে ৪৭টি সিসার ছররা গুলি ও দুটি রাবার বুলেট লাগে। গুরুতর আঘাতের ফলে তার ডান চোখের কোটরে মারাত্মক ক্ষতি হয়; একটি বুলেট তার মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে রয়েছে, যা তিনি এখনো বহন করছেন।

আহত হওয়ার পর থেকে রীপা দৃষ্টিশক্তির মারাত্মক জটিলতা এবং বিভিন্ন শারীরিক কষ্টে ভুগছেন। নিয়মিত চিকিৎসার বিপুল খরচ এবং শারীরিক সীমাবদ্ধতার কারণে উপার্জনের সুযোগ কমে যাওয়ার ফলে তিনি চরম মানবিক সংকটের সম্মুখীন হয়েছেন। শত শারীরিক কষ্ট সত্ত্বেও, নিজের চিকিৎসার খরচ জোগাতে তিনি এখনও অন্য রোগীদের সেবা দিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, হিন্দু সম্প্রদায়ের মানুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের দাসত্ব করে না।

তিনি উল্লেখ করেন, বিগত নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশের হিন্দু সমাজ প্রমাণ করেছে যে তারা কোনো দলের দাসত্ব করে না। বরং, তারা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারায় বিশ্বাসী।

শুক্রবার (১৬ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এদিন বেলা সাড়ে ১১ টায় শিবগঞ্জের উথলী উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মার্থীদের মাঝে শাড়ি বিতরণ করেন। পরবর্তীতে বেলা ১২টার দিকে মোকামতলা বন্দর সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে পৃথক আরেকটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধর্মপ্রাণ নারীদের হাতে শাড়ি তুলে দেন।

পূজা উপলক্ষে সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আনন্দমুখর করতে সরকার এবার নির্বাহী আদেশে ছুটি একদিন বৃদ্ধি করেছে। এ ছাড়া প্রতিটি মন্দিরে ৬০০ কেজি চাল বরাদ্দসহ প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে।

মীর শাহে আলম আরও জানান, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপগুলো পরিদর্শনে যাবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন।

এসময় জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, তারা মুসলমানদের বেহেশতের লোভ দেখায়, আর হিন্দুদের ঢাকের তালে উলুধনি দেয়। এমন দ্বি-মুখী অভিনয় তারা সবসময় করে। ইতোমধ্যেই এমন অভিনেতাদের জনগণ প্রত্যাখান করেছে।

এসময় তিনি মোকামতলা কেন্দ্রীয় পুজামণ্ডপ পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুই উপজেলার ৬৫টি পুজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে অনুদান বিতরণ করেন তিনি।

শাড়ি বিতরণ পর্ব শেষে দুপুর ১২.৩০ টায় তিনি গাজীপুর সিটি করপোরেশন কর্তৃক আয়োজিত 'প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের উদ্দেশে সড়কপথে রওনা হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাউতারোর বদলে আর্জেন্টিনার একাদশে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


লাউতারোর বদলে আর্জেন্টিনার একাদশে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকার?

লাউতারো মার্তিনেজের চোট আর্জেন্টিনার আক্রমণভাগে একটি বড় ধাক্কা হিসেবে এসেছে। তার অনুপস্থিতির সম্ভাবনা দেখা দেওয়ায় বিকল্প হিসেবে ব্রাজিলের ক্লাব পালমেইরাসে খেলা আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজের নাম আলোচনায় উঠে এসেছে। আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে লাউতারো না থাকলে, লোপেজের জন্য জাতীয় দলে নিজেকে প্রমাণ করার সুযোগ সৃষ্টি হতে পারে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম এল লিবারেল এবং টিওয়াইসি স্পোর্টস জানায়, বাঁ ঊরুর পেশিতে আঘাতের কারণে লাউতারো মার্তিনেজকে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে। এর ফলে নভেম্বরে আর্জেন্টিনার হয়ে তার খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে লোপেজের পাশাপাশি সান্তিয়াগো কাস্ত্রোর নামও বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে।

পালমেইরাসের হয়ে ২৫ বছর বয়সী লোপেজ দুর্দান্ত ফর্মে রয়েছেন। চলতি বছরে ক্লাবটির হয়ে ৫৪ ম্যাচে তিনি ২৩ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে ১১টি গোল করিয়েছেন।

গোল করার দক্ষতার পাশাপাশি শক্তি এবং আক্রমণে সতীর্থদের যুক্ত করার সামর্থ্যও লোপেজকে এগিয়ে রাখছে। লাউতারো মার্তিনেজের মতো নিচে নেমে খেলা এবং বল হোল্ড করার সক্ষমতা রয়েছে, তাই আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি তার ওপর আস্থা রাখতে পারেন।

সম্প্রতি আর্জেন্টিনার জার্সিতে লোপেজ তার সামর্থ্য প্রমাণ করেছেন। বলিভিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ৪-০ ব্যবধানের জয়ে তিনি একটি গোল করেছিলেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিমা খানের শেষ ইচ্ছা নিয়ে বড় ছেলের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


নাসিমা খানের শেষ ইচ্ছা নিয়ে বড় ছেলের মন্তব্য

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খানকে হারিয়ে পরিবার শোকস্তব্ধ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জানাজা শেষে আজিমপুর পুরনো কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে মায়ের শেষ বিদায়ে অংশগ্রহণ করেছেন বড় ছেলে উপল। তিনি জানিয়েছেন, মায়ের শেষ ইচ্ছা পূরণ হলেও ছোট ছেলেকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে গেছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আজিমপুর পুরাতন কবরস্থান মসজিদে নাসিমা খানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর দুপুর ২টার দিকে তাকে কবরস্থানে দাফন করা হয়। এ সময় সেখানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

মাকে হারানোর শূন্যতা প্রকাশ করতে গিয়ে উপল বলেন, “আমার মায়ের মতো মা পৃথিবীতে কম আছে। আজ আমি যেখানে পৌঁছাইছি, আমার মা না থাকলে সেটা সম্ভব হতো না।”

মায়ের সঙ্গে শেষবার কথা বলার স্মৃতিও গণমাধ্যমের সঙ্গে ভাগ করে নেন তিনি। উপল জানান, মৃত্যুর এক দিন আগে ফোনে মায়ের সঙ্গে কথা হয়েছিল তার। তখন হাসপাতালে ভর্তি ছিলেন নাসিমা খান। ভিডিও কলে ছেলেকে চিনতে পারলেও তার কথা বুঝতে পারছিলেন না অভিনেত্রী।

মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পেরেছেন কি না, এমন প্রশ্নের জবাবে উপল জানান, ধর্মীয় রীতি মেনে দাফন করার ইচ্ছা ছিল নাসিমা খানের। বৃহস্পতিবার সেই ইচ্ছা পূরণ হয়েছে। তবে তার আরেকটি আকাঙ্ক্ষা অপূর্ণই রয়ে গেছে। কয়েক মাস ধরে নিখোঁজ ছোট ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন তিনি।

উপল বলেন, “মায়ের শেষ ইচ্ছা ছিল ধর্মীয় নিয়ম অনুসারে দাফন করা। সেটি তো হলোই। আরেকটি ইচ্ছা ছিল, আমার ছোট ভাই কয়েক মাস ধরে নিখোঁজ। তাকে ফিরে পাওয়াই ছিল তার সবচেয়ে বড় ইচ্ছা, যেটা এখনো পূরণ হয়নি। আমি চেষ্টা করব, তাকে যেন ফিরে পাই।”

নাসিমা খানের দুই ছেলে। বড় ছেলে উপল পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যান। বর্তমানে সেখানেই একটি প্রতিষ্ঠানে কর্মরত তিনি। আর ছোট ছেলে নাবিল নাসির কুশল মায়ের সঙ্গে আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকার বাড়িতে থাকতেন। গত ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি।

এর আগে ছেলেকে খুঁজে না পেয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছিলেন নাসিমা খান। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কুশল সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। তবে এর আগে কখনো এভাবে নিখোঁজ হননি তিনি। ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে সেসময় নাসিমা খান বলেছিলেন, “আমার ছেলের জন্য অন্তরটা পুড়ে যাচ্ছে। সে কোথায় আছে, কার কাছে আছে, কী খাচ্ছে? সে কি কারো কাছ থেকে চেয়ে খাচ্ছে? এগুলো ভেবে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে! কেউ আমার ছেলেটাকে খুঁজে এনে দাও!”

বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম দিকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম নাসিমা খান। ১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। পরে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করে তিনি পরিচিতি পান। ষাটের দশক থেকে আশির দশক পর্যন্ত বাংলা ও উর্দু চলচ্চিত্রে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেত্রী। সর্বশেষ ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%