মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩৪ পি.এম
টাঙ্গাইলে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘সুইট ফেস্টিভাল ২০২৬’। জেলার ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়িকে দেশ-বিদেশে তুলে ধরার লক্ষ্য নিয়ে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) টাঙ্গাইল পৌর উদ্যানে আয়োজিত অনুষ্ঠানে সুইট ফেস্টিভাল ২০২৬’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়ি জেলার গর্ব। টাঙ্গাইলের মিষ্টি ও তাঁতের শাড়ির ঐতিহ্যকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্থানীয় মিষ্টি ব্যবসায়ী, কারিগর ও তাঁতশিল্পীরা উপকৃত হবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক।
বিশেষ অতিথি টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, টাঙ্গাইলে প্রথমবারের মতো এ ধরনের মিষ্টি উৎসবের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টির পাশাপাশি জেলার বিখ্যাত তাঁতের শাড়িকেও এ উৎসবের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এটি টাঙ্গাইলের ঐতিহ্য ও সংস্কৃতিকে দেশব্যাপী পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজক সূত্রে জানা যায়, ১২টি উপজেলা থেকে ২১টি মিষ্টির স্টল এবং ২টি তাঁতের শাড়ির স্টল এ উৎসবে অংশ নিয়েছে। স্টলগুলোতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়ি প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
উৎসবকে ঘিরে টাঙ্গাইলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিভিন্ন বয়সী দর্শনার্থী উৎসবে এসে ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়ি দেখছেন এবং পছন্দের পণ্য কিনছেন।
আয়োজকদের আশা সুইট , ফেস্টিভাল‘ ২০২৬ এর মাধ্যমে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি ও তাঁতের শাড়ির পরিচিতি আরও বিস্তৃত হবে এবং স্থানীয় উদ্যোক্তা ও কারিগরদের জন্য নতুন বাজার সৃষ্টি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম, বহিরাগতদের দৌরাত্ম্য ও সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এবার অফিসটির নায়েব লতিফকে শোকজ করা হয়েছে।
সম্প্রতি পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি, দালালচক্রের দৌরাত্ম্য এবং সরকারি কার্যক্রমে বহিরাগত ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে সোহেল ও রানা নামে দুই ব্যক্তির নিয়মিত অফিসে অবস্থান এবং ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন কাজে তাদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে।
অভিযোগ রয়েছে, জমির নামজারি (খারিজ)সহ বিভিন্ন ভূমিসেবা করে দেওয়ার কথা বলে সেবাগ্রহীতাদের সঙ্গে ওই ব্যক্তিরা যোগাযোগ করতেন। এ ঘটনায় এক সেবাগ্রহীতা অভিযোগ করেন, খারিজ করে দেওয়ার কথা বলে সোহেল নামের এক ব্যক্তি তার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন। পরবর্তীতে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী নন।
এছাড়া সরেজমিনে অনুসন্ধানের সময় সরকারি অফিসের কম্পিউটারে বহিরাগত ব্যক্তিকে বসে ভূমি-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে সরকারি অফিসের নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা এবং ভূমিসেবা কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে।
এর আগে পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব লতিফের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, সোহেল ও রানা কম্পিউটারে বসে থাকেন, তবে তারা কোনো কাজ করেন না।
অন্যদিকে, সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছিলেন, সরকারি চেয়ারে কোনো বেসরকারি ব্যক্তি বসতে পারেন না এবং সরকারি অফিসিয়াল কম্পিউটারও কোনো বেসরকারি ব্যক্তি ব্যবহার করতে পারেন না।
সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব লতিফকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম
স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি ভূমি অফিসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দালালচক্রের কবলে না পড়েন, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বহিরাগতদের সরকারি দাপ্তরিক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা।
অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : জেলায় আজ পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজন চালক ও এক হেলপারসহ মোট ৫ ব্যক্তি নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন।
আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ ও সদরের মহিপাল এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটে।
ফাজিলপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান অপর একটি লং ভেহিক্যালের পেছনে বেঁধে সরিয়ে নিতে চেষ্টা করছিলেন চালক ও হেলপার। এ সময় চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস এসে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় এতে চালক- হেলপারসহ ৪জন গুরুতর আহত হন।তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।এর মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত লং ভেহিক্যাল চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল তিনটার দিকে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন চট্টগ্রামের বোট বাজার মইজ্জারটেক এলাকার মৃত সফর আলীর ছেলে কাভার্ডভ্যান চালক আব্দুর রহিম (৫০) ও কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকার সফি মিয়ার ছেলে বাস চালক আবুল হোসেন (৬২) এবং ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গোসাইলডাঙ্গা গ্রামের খাইবার মন্ডলের ছেলে ইউনিক গাড়ির হেলপার শামীম (৫৫)। তবে, নিহত লং ভেহিক্যাল চালকের নাম- পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায় নি
ফাজিলপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আবু নোমান সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় একটি বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় তাবারক আলী ফটিক (৫৬) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জয়নন্দীপুর এলাকার আবদুল হাকিমের ছেলে বলে মহিপাল হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী ‘পাতা পরিবহন’ -এর একটি বাস মহিপাল ফ্লাইওভারের উত্তর পাশে যাত্রা বিরতি দেয়। এসময় বাসের কয়েকজন যাত্রী বাইরে নেমে আসেন।একপর্যায়ে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটি সামনের সড়কে থাকা যাত্রী তাবারক আলী ফটিককে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাবারক আলী ফটিক মারা যান।
বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার নির্বাচনে ত্যাগীদের বিবেচনা করা হবে : এমপি আবুল কালাম
বিএনপির সংসদ সদস্য আবুল কালাম জানিয়েছেন যে, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার প্রক্রিয়ায় দীর্ঘদিনের ত্যাগ, মামলা-হামলা, নির্যাতন এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ব্যক্তিদের গুরুত্ব দেওয়া হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা হল অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আবুল কালাম মন্তব্য করেন, ‘চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই করা খুবই সহজ। আপনি জমি কিনলে রেজিস্ট্রি করেন, দলিল থাকে, খতিয়ান থাকে। তেমনি বিএনপির চেয়ারম্যান হতে চাইলে দলের জন্য কী করেছেন, তারও দলিল-খতিয়ান দেখাতে হবে।’
তিনি আরও বলেন, গত ১৭ বছরে যারা দলের জন্য কাজ করেছেন, নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং এলাকা ছাড়েননি, তাদের মনোনয়নের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আবুল কালাম বলেন, ‘৫ আগস্টের পর যারা দেশে ফিরেছেন, তারাও আমাদের দলের লোক। তবে যারা মামলা-হামলার কারণে এলাকা বা দেশ ছেড়ে গিয়েছিলেন, তারা দুঃসময়ে এলাকায় থাকা নেতাকর্মীদের মতো অগ্রাধিকার পাবেন না।’
মনোনয়ন প্রত্যাশীদের সম্পর্কে তিনি বলেন, ‘আপনি বিএনপির বড় নেতা দাবি করেন। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে—তার প্রমাণ আছে কি না, হামলায় আহত হয়েছেন—তার প্রমাণ আছে কি না, এসব যাচাই করা হবে।
হাত ভেঙেছে, মামলা হয়েছে কিংবা নির্যাতনের শিকার হয়েছেন—এসবের প্রমাণ-তথ্য বিচার-বিশ্লেষণ করেই মনোনয়ন দেওয়া হবে।’
তিনি আরো উল্লেখ করেন, ‘শুধু ঢাকায় থাকেন, অনেক টাকা আছে—এ কারণে মনোনয়ন হবে না। যারা দীর্ঘ ১৭ বছর মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েও এলাকায় থেকে দল ও নেতাকর্মীদের পাশে ছিলেন, তাদের মূল্যায়ন করা হবে।’
অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে মনোহরগঞ্জের খোদাইভিটায় বৃক্ষরোপণ এবং ডাকাতিয়া নদীতে মৎস্য অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান ভূঁইয়া দোলনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১২
বেলুচিস্তানের কালাত জেলায় একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করে ১২ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, বুধবার এই অভিযানটি ‘সন্ত্রাসীদের’ উপস্থিতির খবরের ভিত্তিতে পরিচালিত হয়।
, অভিযানের সময় পরিকল্পিতভাবে ‘সন্ত্রাসী’দের আস্তানা শনাক্ত করা হয়েছে, নজরদারিতে রাখা হয়েছে এবং পরে তা ধ্বংস করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, অভিযানে ১২ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।
অভিযানস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও হাতে তৈরি বিস্ফোরক যন্ত্র উদ্ধার ও ধ্বংস করার কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান জানিয়েছে, ওই এলাকায় বাকি যোদ্ধাদের শনাক্ত ও নির্মূল করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে যাবে। বিদেশি মদদপুষ্ট ও সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলতে থাকবে।
বেলুচিস্তানের কালাত এলাকায় ১২ জন যোদ্ধাকে হত্যার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত পৃথক বিবৃতিতে তারা পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করার সংকল্পের কথা জানান।
তারা উল্লেখ করেন, দেশের নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রচেষ্টার পাশে পুরো জাতি রয়েছে।
প্রেসিডেন্ট জারদারি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযান বিদেশি শক্তির মদদে পরিচালিত সন্ত্রাসবাদ সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যেই চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, বেলুচিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে ‘সন্ত্রাসী’রা যে পরিকল্পনা করছে, সরকার তা কোনোভাবেই সফল হতে দেবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ