প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম, বহিরাগতদের দৌরাত্ম্য ও সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর এবার অফিসটির নায়েব লতিফকে শোকজ করা হয়েছে।
সম্প্রতি পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি, দালালচক্রের দৌরাত্ম্য এবং সরকারি কার্যক্রমে বহিরাগত ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে সোহেল ও রানা নামে দুই ব্যক্তির নিয়মিত অফিসে অবস্থান এবং ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন কাজে তাদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে।
অভিযোগ রয়েছে, জমির নামজারি (খারিজ)সহ বিভিন্ন ভূমিসেবা করে দেওয়ার কথা বলে সেবাগ্রহীতাদের সঙ্গে ওই ব্যক্তিরা যোগাযোগ করতেন। এ ঘটনায় এক সেবাগ্রহীতা অভিযোগ করেন, খারিজ করে দেওয়ার কথা বলে সোহেল নামের এক ব্যক্তি তার কাছ থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন। পরবর্তীতে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি ভূমি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী নন।
এছাড়া সরেজমিনে অনুসন্ধানের সময় সরকারি অফিসের কম্পিউটারে বহিরাগত ব্যক্তিকে বসে ভূমি-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে বলে অভিযোগ করা হয়। বিষয়টি নিয়ে সরকারি অফিসের নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা এবং ভূমিসেবা কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে।
এর আগে পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব লতিফের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান, সোহেল ও রানা কম্পিউটারে বসে থাকেন, তবে তারা কোনো কাজ করেন না।
অন্যদিকে, সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছিলেন, সরকারি চেয়ারে কোনো বেসরকারি ব্যক্তি বসতে পারেন না এবং সরকারি অফিসিয়াল কম্পিউটারও কোনো বেসরকারি ব্যক্তি ব্যবহার করতে পারেন না।
সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসের নায়েব লতিফকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম
স্থানীয় সচেতন মহল বলছেন, সরকারি ভূমি অফিসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দালালচক্রের কবলে না পড়েন, তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বহিরাগতদের সরকারি দাপ্তরিক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তারা।
অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত করে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন