০৬:৪০ এম
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মধ্যে পারিবারিক কলহের জেরে ৩২ বছরের গৃহবধূ রিপন বেগমকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আশিক মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করে। রবিবার, ২১ জুন, সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের ছুল্লুক মিয়ার ছেলে আশিক মিয়া ও তার স্ত্রী রিপন বেগম সন্তানদের নিয়ে কালিয়ারভাঙ্গা মান্দারকান্দি গ্রামে বাস করতেন। সেখানে তারা হাঁসের খামার পরিচালনা করে জীবনযাপন করতেন। অতিরিক্ত ঋণের চাপ এবং পারিবারিক নানা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।
রবিবার বিকালে আশিক মিয়া স্ত্রী রিপন বেগমকে নিয়ে নিজ বাড়ি শেরপুর গ্রামে যান। পরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে আশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে রিপন বেগম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনা পরবর্তী, স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে অভিযুক্ত আশিক মিয়াকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান
নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। এ ঘটনার প্রেক্ষাপটে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন