০৩:২০ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামালপুরে ইশরাত জাহান মিমি (৩৪) নামে এক গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় প্রধান আসামি কাউসার আহমেদ খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলা শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৩ আগস্ট সকালে জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকার কলাবাগান গলিতে বাবুল মিয়ার বাড়ির পাঁচ তলায় ইশরাত জাহান মিমি নামের এক গৃহবধূর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায়- নিহত ইশরাত জাহান মিমি এবং গ্রেপ্তার কাউসার আহমেদ খান স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। এরপর নিহতের মা মুক্তা বেগম কাউসার আহমেদ খানসহ অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই।
তদন্তে জানা যায়, ২০১৪ সালে ইশরাত জাহানের সঙ্গে শাওন নামে এক ব্যক্তির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একজন মেয়ে ও একজন ছেলে সন্তান জন্ম নেয়। ইশরাতের স্বামী শাওন ২০২১ সালে মারা গেলে ইশরাত তার দুই সন্তানদের নিয়ে জামালপুর শহরে বসবাস করতে থাকেন। প্রায় ৩ বছর আগে কাউসার আহমেদ খানের মনোহারী দোকানে কেনা কাটা করার সুবাদে ইশরাতের সঙ্গে পরিচয় হয়। এক সময় ইশরাত দোকানের বকেয়া টাকা পরিশোধ করার জন্য কাউসারকে তার বাসায় ডেকে নিয়ে শারীরিক সম্পর্কে জড়ান এবং বিষয়টি গোপনে ভিডিও করে রাখেন ইশরাত। পরবর্তীতে সেই ভিডিও দিয়ে কাউসারকে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ আদায় করতে থাকেন। এভাবে আসামি কাউসার তার সঞ্চিত অর্থ শেষ করার পর জামালপুর শহরে তার বাড়ির জমি বিক্রিসহ মা ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রির অর্থ ইশরাতের হাতে তুলে দেন।
এ ছাড়াও ইশরাত ব্ল্যাকমেইল করার জন্য বিভিন্ন লোকজনদেরকে টার্গেট করতেন এবং কাউসারকে সেসব লোকদের ফাঁদে ফেলে বাসায় নিয়ে আসতে চাপ প্রয়োগ করতেন। এক পর্যায়ে কাউসার এসব কাজ করতে অস্বীকৃতি জানালে ইশরাত ও কাউসারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
পুলিশ সুপার পংকজ দত্ত জানান, ঘটনার দিন ইশরাত আসামি কাউসারকে ফোন করে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায় এবং কাউসারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইশরাত কাউসারের স্ত্রীকে ফোন দিয়ে তাদের অবৈধ সম্পর্কের কথা জানিয়ে দেন। কাউসার তার সঙ্গেই আছে এমন কথা বলে কাউসারকে তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলিয়ে দিতে চাইলে কাউসার কথা বলতে না চাওয়ায় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে কাউসার ইশরাতের গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় কাউসার আহমেদ খানকে সোমবার (২৪ আগস্ট) বিকেল জামালপুর শহরের বাগেরহাটা এলাকা থেকে গ্রেপ্তার করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাস মালিক সমিতির বিরুদ্ধে যাত্রী ওঠাতে বাধা, মারধর ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ধর্মঘট শুরু করেছেন বরিশালের মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার চালকরা। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি লোকাল বাস আটকে দেওয়ার পর বরিশাল থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এ সময় তারা মহাসড়কে চলাচলকারী কয়েকটি লোকাল বাস আটকে দেন। বরিশাল থেকে ছেড়ে যাওয়া এবং ভুরঘাটা থেকে আসা কয়েকটি বাস আটকে মীরগঞ্জ সড়কে পার্কিং করে রাখা হয়।
থ্রি-হুইলার চালকদের দাবি, তাদের সঙ্গে বাস মালিকদের বিরোধ মীমাংসার জন্য সোমবার প্রশাসনের উদ্যোগে বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। এ কারণে তারা ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন।
মাহিন্দ্রাচালক আলী হোসেন, লিটন হাওলাদার, সাহাদাত, ফারুক ও মোস্তফা অভিযোগ করেন, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে যাত্রী ওঠানোর সময় বাস মালিক সমিতির কর্মচারীরা তাদের লাঠিসোঁটা দিয়ে মারধর ও গালাগাল করেন। পাশাপাশি মাহিন্দ্রায় যাত্রী ওঠাতেও বাধা দেওয়া হয়।
চালকদের ভাষ্য, তারা সরকারকে নিয়মিত কর পরিশোধ করে বৈধভাবে যানবাহন চালালেও তাদের সঙ্গে এ ধরনের আচরণ করা হচ্ছে। সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে হঠাৎ লোকাল বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। কয়েকটি বাস থেকে মাঝপথে যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো সমঝোতা হয়নি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম ও তাহারিয়া নামে পাঁচ বছর বয়সী জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল জমজ দুই বোন তাবাসসুম ও তাহারিয়া। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে রাজৈর থানা পুলিশ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুই জমজ শিশুর এমন মৃত্যুতে পরিবারসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।”
নিহত শিশুদের বাবা নাসির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েরা দুজন সবসময় একসঙ্গে থাকত। একসঙ্গে খেলত, একসঙ্গে খেত। ভাবতেও পারিনি, একদিন দুজনকেই এভাবে হারাতে হবে। আমি তো ওদের বাঁচার স্বপ্ন দেখেছিলাম। আল্লাহ আমার বুকটা খালি করে দিলেন। এখন ঘরে গেলে ওদের মুখ খুঁজব, ওদের ডাক শুনব—কিন্তু ওরা আর কোনোদিন ফিরে আসবে না। আমার দুই মেয়েকে একসঙ্গে হারানোর এই কষ্ট আমি কীভাবে সহ্য করব, জানি না।”
মর্মান্তিক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে পুরো মোল্লাকান্দি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রোববার এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে না পারা ব্যক্তি–প্রতিষ্ঠান নতুন করে সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ