০২:২৬ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : নুরা সানা থেকে রিয়াদে পৌঁছানোর জন্য দীর্ঘ ও কষ্টকর পথ অতিক্রম করতে বাধ্য হয়েছেন। তাকে যুদ্ধের সম্মুখসারির এলাকা সতর্কতার সঙ্গে এড়িয়ে চলতে হয়েছে। সৌদি আরবের সীমান্তে পৌঁছাতে তাকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ভেতর দিয়ে কয়েক শ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে।
৫২ বছর বয়সী নুরা আল-জাওফ মরুভূমি পাড়ি দেওয়ার জন্য একজন বেদুইন পথপ্রদর্শক নিয়োগ করেন। তার গন্তব্য ছিল আল-ওয়াদিয়া সীমান্তপথ। এটি বর্তমানে স্থলপথে সৌদি আরবে প্রবেশের একমাত্র চালু পথ।
বার্তা সংস্থা এএফপি রিয়াদ থেকে এ তথ্য জানায়। নুরার মতো বহু ইয়েমেনি জীবিকার সন্ধানে, নিরাপত্তার আশায় কিংবা সৌদি আরবে থাকা স্বজনদের সঙ্গে দেখা করতে এ কঠিন যাত্রা বেছে নিচ্ছেন। ধনী দেশ সৌদি আরবে পৌঁছানোর জন্য তাদের কাছে বিকল্প নেই।
আরও পড়ুন: চীন যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী ও রিয়াদ-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে এমন এলাকা দিয়েই তাদের এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হচ্ছে। নুরা বলেন, "সানা বিমানবন্দর বন্ধ। অন্য যে পথটি রয়েছে, সেটি দেশের দক্ষিণাঞ্চল ঘুরে যেতে হয়। এতে কয়েক দিন বেশি লাগে। তাই আমরা মরুভূমি পাড়ি দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
এ প্রতিবেদনের জন্য সাক্ষাৎকার দেওয়া অন্য সবার মতো নুরাও নিজের প্রকৃত নাম প্রকাশ করতে চাননি। মরুভূমির বিস্তীর্ণ বালিয়াড়ি পাড়ি দিতে পথপ্রদর্শককে ২০০ ডলার দিয়েছেন তিনি। মরুভূমির বালুর মধ্যে গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং কোন কোন এলাকা এড়িয়ে চলতে হবে, তা জানা থাকায় তাকে এই অর্থ দিতে হয়েছে।
এএফপি’র দেখা নুরার ধারণা করা ভিডিওতে দেখা যায়, ধুলার ঘন মেঘ উড়িয়ে কয়েক ডজন পুরোনো ফোর-হুইল ড্রাইভ গাড়ি ও পিকআপ বালুর ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে। এ সময় ঐতিহ্যবাহী পোশাক পরা কয়েকজন ব্যক্তি বালুর মধ্যে আটকে পড়া একটি গাড়ি উদ্ধারের চেষ্টা করছেন।
নুরা এএফপিকে বলেন, "হুতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত এলাকা ছেড়ে আসার পর আমাদের মরুভূমির ভেতরের পথ ধরতে হয়েছে। কারণ, সংঘর্ষের কারণে সড়কগুলো নিরাপদ ছিল না।"
আরও পড়ুন: বাইডেন: ট্রাম্পের সঙ্গে সারাদিন গলফ খেলতেন, যদি...
তবে শুধু বালুই বিপদের কারণ নয়। নভেম্বরের শুরুর দিকে ধারণ করা এএফপি’র ভিডিওতে দেখা যায়, মরুভূমির মধ্যে সাঁজোয়া যান থেকে সেনারা মেশিনগান দিয়ে গুলি ছুড়ছেন। ইয়েমেন সরকার গত অক্টোবরে ওই এলাকায় হুতিদের ড্রোন ভূপাতিত করার দাবি করে। অন্যদিকে হুতিরা সেখানে সৌদি বিমান হামলার খবর জানায়।
নুরা ৪৮ ঘণ্টার এই দীর্ঘ যাত্রা করেন রিয়াদে ছেলের সঙ্গে দেখা করতে। অন্যরা হুতিদের নিয়ন্ত্রিত এলাকা থেকে পালিয়ে যেতে এ পথ বেছে নিচ্ছেন। তাঁদের অনেকেই সৌদি আরবে কাজের সন্ধানে যাচ্ছেন। আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ সৌদি আরব কয়েক দশক ধরেই ইয়েমেনিদের কাছে আকর্ষণীয় গন্তব্য।
যাঁদের বেদুইন পথপ্রদর্শক নিয়োগের সামর্থ্য নেই, তারা বাসে করে যেতে পারেন। তবে বাসগুলোকে অনেকটা ঘুরপথে যেতে হয়। এতে যাত্রার সময় প্রায় ১০ ঘণ্টা বেড়ে যায়। সীমান্ত পার হওয়ার জন্য বাসগুলোকে কখনো কখনো কয়েক দিন অপেক্ষা করতে হয়। সীমান্তে বাসের জন্য আলাদা লেন রয়েছে। সেখানে সৌদি কর্তৃপক্ষ স্ক্যানার ও প্রশিক্ষিত কুকুরের সাহায্যে যানবাহন ও মালপত্র সতর্কতার সঙ্গে তল্লাশি করে।
-অনিশ্চিত অবস্থান-
আরও পড়ুন: হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা
উত্তর ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চলসহ হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সৌদি আরবে যেতে চাওয়া ব্যক্তিদের জন্য এই কষ্টকর স্থলপথের তেমন কোনো বিকল্প নেই। গত বছর ইসরাইলি হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে হুতিদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানা থেকে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
ইয়েমেনিরা সাধারণত সৌদি আরবের কাজের ভিসা কিংবা পর্যটন ভিসা পান না। তাই তাদের অনেকেই ধর্মীয় ভিসার ওপর নির্ভর করেন। এসব ভিসা মূলত মুসলমানদের পবিত্র নগরী মক্কা ও মদিনা সফরের জন্য দেওয়া হয়।
হুতিদের নিয়ন্ত্রণাধীন বন্দরনগরী হোদেইদার ২৪ বছর বয়সী খোলুদ তাদেরই একজন। অন্তঃসত্ত্বা খোলুদ স্বামীর সঙ্গে সৌদি আরবের তায়েফ শহরে থাকেন। তবে ধর্মীয় ভিসার মেয়াদ বাড়াতে তাকে প্রায়ই আল-ওয়াদিয়া সীমান্তে যাতায়াত করতে হয়। হোদেইদায় সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে—এ আশঙ্কায় তার স্বামী তাকে ইয়েমেনে ফিরতে দিতে চান না।
খোলুদ বলেন, "আমার স্ত্রীরোগ বিশেষজ্ঞ অন্তঃসত্ত্বা অবস্থায় আমাকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।" তিন মাস মেয়াদি ওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা অনেককেই মেয়াদ বাড়ানোর জন্য নিয়মিত সীমান্তে যাতায়াত করতে হয়। সৌদি কর্মকর্তাদের দেওয়া এক হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ২০ লাখ ইয়েমেনি বসবাস করেন।
আরও পড়ুন: জর্ডানের গির্জা হামলার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড ঘোষণা
গত ১১ অক্টোবর সৌদি আরব অবৈধভাবে বসবাসরত কিছু ইয়েমেনির অবস্থান বৈধ করতে দুই মাসব্যাপী একটি অভিযান শুরু করে। খোলুদ বলেন, "আমরা যারা ওমরাহ ভিসা নিয়ে এসেছি, তারা বৈধভাবেই এখানে রয়েছি। কিন্তু আমাদের অবস্থান এখনো অনিশ্চিত।"
‘ক্লান্তিকর পাঁচ দিনের যাত্রা’-
ইয়েমেনের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা হুতিদের নিয়ন্ত্রণে থাকায় আল-ওয়াদিয়াই এখন দেশটির একমাত্র সচল স্থলসীমান্তপথ। সানা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এ সীমান্তপথ দিয়ে প্রায় ২৩ লাখ বার যাত্রী ও যানবাহন পারাপার হয়েছে। সানা থেকে সীমান্তে পৌঁছাতে যাত্রীদের প্রায়ই সংঘাতকবলিত আল-জাওফ প্রদেশের মধ্য দিয়ে যেতে হয়।
গত সেপ্টেম্বরে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই এলাকার কয়েকটি সড়ক এড়িয়ে চলতে বেসামরিক নাগরিকদের প্রতি আহ্বান জানায়। ২০১৪ সালে হুতিরা সানা দখল করার পর থেকে অস্থায়ী সরকার-সদর দপ্তর হিসেবে ব্যবহৃত এডেন শহরে যেতে হলে দক্ষিণমুখী যাত্রীদের তাইজ ও এর আশপাশের সংঘাতপূর্ণ এলাকা পাড়ি দিতে হয়। এতে তাদের যাত্রা আরও কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন: ইরানে শ্রমিকবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ জন
হুতিরা প্রায়ই আদেন শহরেও হামলা চালায়। গত মাসে শহরটির বিমানবন্দরেও হামলা চালানো হয়। বর্তমানে তারা এডেন প্রদেশের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণে রাখার জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ পাহাড়ি অবস্থানগুলো দখল করেছে।
চার বছরের ভঙ্গুর যুদ্ধবিরতির পর গত জুলাইয়ে হুতি ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সমর্থনপুষ্ট ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। গত মাসে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা জানায়, তীব্র সংঘর্ষে আড়াই লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
হুতিদের বিপুলসংখ্যক অস্ত্র ও সামরিক শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে সৌদি আরবও। দেশটির জ্বালানি স্থাপনা, বন্দর ও বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা।
ষাটোর্ধ্ব ফাতিমা সানা থেকে তার এক ছেলেকে সঙ্গে নিয়ে সৌদি আরবে থাকা আরেক ছেলের সঙ্গে দেখা করতে যান। সংঘর্ষ থামা পর্যন্ত তাদের নিজের কাছে থাকতে বলেছিলেন ওই ছেলে। ফাতিমা বলেন, "সড়কপথে পাঁচ দিনের ক্লান্তিকর যাত্রার পর আমার মনে হয়েছে, কী অপেক্ষা করছে তা আগে জানলে আমি সানা ছেড়ে আসতাম না।
আরও পড়ুন: ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন