০৬:৩১ পি.এম
কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। এই মাছটি খোলা বাজারে ১ লাখ ৩০ হাজার টাকা মণ দরে ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে ‘জলতরঙ্গ’ নামের একটি ফিশিং ট্রলারে জেলে কাদের মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে, আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে অবস্থিত মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তে নিয়ে আসলে, স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহমান ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন। রহমান জানায়, মাছটি ঢাকায় পাঠাবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। মেসার্স আনিষা এন্টারপ্রাইজ মৎস্য আড়তের ম্যানেজার মেহেদী হাসান জানিয়েছেন, বড় আকারের ইলিশ হওয়ায় মাছটি প্রতি মণ ১ লাখ ৩০ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। সেই অনুযায়ী ২ কেজি ১০০ গ্রাম ওজনের এ ইলিশের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৬ হাজার ৮২৫ টাকা। জেলে কাদের মাঝি বলেন, সমুদ্রে গিয়ে জাল ফেলতেই অন্যান্য মাছের সঙ্গে এই বড় ইলিশটি ধরা পড়ে। যদিও এ বছর সমুদ্রে মাছের পরিমাণ তুলনামূলক কম, তারপরও আল্লাহ যা দিয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট রয়েছেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় সাইজের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তিনি জানান, ইলিশের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। তিনি আশাবাদী যে, আগামী দিনে সরবরাহ আরও বৃদ্ধি পেলে বাজারে দামও সহনীয় পর্যায়ে চলে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন