ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

অস্কার জেতা হয়নি আটবার, বিশেষ সম্মাননায় গ্লেন ক্লোজ


অস্কার জেতা হয়নি আটবার, বিশেষ সম্মাননায় গ্লেন ক্লোজ

হলিউড অভিনেত্রী গ্লেন ক্লোজ, যিনি অভিনয়জীবনের পাঁচ দশকের বেশি সময় ধরে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন, অস্কারে আটবার মনোনয়ন পেলেও প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে। তবে দীর্ঘ অপেক্ষার পর, এবার তিনি সম্মানসূচক অস্কার লাভ করতে যাচ্ছেন। ৭৯ বছর বয়সে চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পাচ্ছেন গ্লেন ক্লোজ।

পুরস্কার পাওয়ার খবরটি প্রথম শুনে গ্লেন খুব উচ্ছ্বসিত হতে পারেননি। বরং তাঁর মনে হয়েছিল, আটবার অস্কার না জেতার পর এটি যেন একধরনের সান্ত্বনা পুরস্কার। এমনকি, এই সম্মান গ্রহণ করলে অস্কারে না জেতার দীর্ঘ রেকর্ডের কোনো পরিবর্তন হবে কি না, তা নিয়েও তিনি চিন্তা করেছিলেন। সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর সেই প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন।

সম্মানসূচক অস্কার, প্রতিযোগিতামূলক অস্কারের তুলনায় ভিন্ন। এটি কোনো নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য নয়, বরং চলচ্চিত্রশিল্পে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। ২০০৯ সাল থেকে মূল অস্কার আয়োজনের বাইরে লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: সোনাক্ষীর নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক, আইনি ত্রুটিতে মুক্তি

গ্লেন ক্লোজের কাছে এবারের স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করছে। তিনি ৫০ বছরের বেশি সময় ধরে অভিনয় করছেন এবং প্রথম অস্কার মনোনয়ন পেয়েছিলেন ১৯৮৩ সালে। এত দীর্ঘ সময়ের অভিনয়জীবনের পর এমন স্বীকৃতি পেয়ে তিনি আবেগাপ্লুত।

প্রথম চলচ্চিত্রেই অস্কার মনোনয়ন

১৯৮৩ সালে জর্জ রয় হিল পরিচালিত ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’ সিনেমার মাধ্যমে গ্লেন ক্লোজ প্রথম অস্কার মনোনয়ন লাভ করেন। মজার বিষয় হলো, সেটিই ছিল তাঁর প্রথম চলচ্চিত্র। এরপর ‘দ্য বিগ চিল’ সিনেমায় অভিনয়ের জন্যও তিনি মনোনয়ন পান। প্রথম মনোনয়নের খবরটি পেয়েছিলেন দ্বিতীয় সিনেমার শুটিং চলাকালে। তখন অস্কারের মতো বড় স্বীকৃতি পাওয়ার কথা তিনি কল্পনাও করেননি বলে জানিয়েছেন।

অস্কারের মঞ্চ ঘিরে গ্লেনের স্মৃতিতে রয়েছে আরও কিছু মজার ঘটনা। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে যখন তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। চিকিৎসকের পরামর্শে নিজের স্ত্রীরোগ বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত বিমানে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন গ্লেন। সেখানে সহ-অভিনেতা মাইকেল ডগলাসের সঙ্গে একটি পুরস্কার দিতে মঞ্চে উঠেছিলেন।

আরও পড়ুন: কান্ট্রি মিউজিকের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই

মঞ্চে ওঠার পর দর্শকদের হাসির কারণ প্রথমে বুঝতে পারেননি গ্লেন। পরে বিষয়টি তাঁর কাছে স্পষ্ট হয়। ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’ সিনেমায় তাঁর চরিত্র অ্যালেক্স ফরেস্ট দাবি করেছিল, মাইকেল ডগলাসের চরিত্র ড্যান গ্যালাঘারের সন্তানের মা হতে যাচ্ছে সে। বাস্তবে সেদিন গ্লেন অন্তঃসত্ত্বা ছিলেন। পর্দার সেই ঘটনার সঙ্গে বাস্তবের মিল দেখে দর্শকেরা হেসে উঠেছিলেন। ঘটনাটি এখনো আনন্দের সঙ্গে স্মরণ করেন গ্লেন।

পুরস্কারের চেয়ে অভিনয়ই বড়

আটবার অস্কারে মনোনয়ন পেয়েও পুরস্কার না জেতার আক্ষেপ কখনো প্রকাশ করেননি গ্লেন ক্লোজ। তাঁর কাছে পুরস্কার পাওয়ার চেয়ে ভালো কাজ করা এবং সৃজনশীল মানুষের সঙ্গে কাজের সুযোগ পাওয়াই বেশি গুরুত্বপূর্ণ। অস্কারের অনুষ্ঠানে অংশগ্রহণ করাকেও তিনি বড় সম্মান মনে করেন।

নতুন সম্মাননা পাওয়ার পর, পুরস্কারটি বাড়িতে কোথায় রাখবেন, সেটিও এখনো ঠিক করেননি গ্লেন। তবে তিনি যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের বোজম্যান শহরের মানুষের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চান। হলিউডের ব্যস্ততা থেকে দূরে এই শহরেই অবসর কাটান গ্লেন।

আরও পড়ুন: ৩ লাখ দিয়ে শুরু, এখন ছবিপ্রতি ১৫ লাখ টাকা নেন তমা মির্জা?

৭৯ বছর বয়সেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা তাঁর নেই। চলতি বছর তিনি স্প্যানিশ ভাষার চলচ্চিত্র ‘লা বোলা নেগ্রা’, সিরিজ ‘অলস ফেয়ার’-এর নতুন মৌসুম এবং ‘দ্য হাঙ্গার গেমস’ সিরিজের নতুন একটি সিনেমায় কাজ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ জন

রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে আটক করা হয়েছে। এই সময়ে বিভিন্ন অপরাধের জন্য ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আটককৃতদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগে ৬২ জন, ওয়ারীতে ৬০ জন, মতিঝিলে ৫৩ জন, তেজগাঁওয়ে ৭১ জন, মিরপুরে ১৫২ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় উদ্ধার করা হয়েছে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল।

ডিএমপি জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। এ সময় বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি উচ্চমূল্যের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে হাইব্রিড গাড়ির চাহিদা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


জ্বালানি উচ্চমূল্যের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে হাইব্রিড গাড়ির চাহিদা

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি (ইভি)-র বাজারের প্রবৃদ্ধি কিছুটা ধীর হয়ে পড়েছে। তবে, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় দেশটির গাড়ির বাজারে হাইব্রিড গাড়ির জনপ্রিয়তা ও চাহিদা বাড়ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পেট্রল ও বিদ্যুৎ—দুই ধরনের শক্তিতে চলতে সক্ষম হাইব্রিড গাড়ির চাহিদা ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে জাপানি ও দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতাদের বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে এ খাতে নতুন বিনিয়োগে এগিয়ে আসছে পুরোনো ও নতুন—উভয় ধরনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের হাইব্রিড গাড়ির বাজারে শীর্ষস্থানীয় টয়োটার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হোন্ডা চলতি সপ্তাহে ওহাইও অঙ্গরাজ্যে নতুন একটি হাইব্রিড গাড়ি উৎপাদন কারখানা নির্মাণের পাশাপাশি আরও দুটি অঙ্গরাজ্যে বিদ্যমান কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম উল্লেখযোগ্য হাইব্রিড গাড়ি আনতে যাচ্ছে নিশান। চলতি শরতে নতুন এই গাড়ি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে জাপানি প্রতিষ্ঠানটি।

নিশান আমেরিকার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট পঞ্জ পাণ্ডিকুথিরা জানান, হাইব্রিড গাড়ির বাজারে অনুপস্থিতির কারণে প্রতিষ্ঠানটিকে বিক্রির ক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে হয়েছে।

তিনি বলেন, ‘আমরা এই বাজারের অনেক সম্ভাব্য ক্রেতাকে হারাচ্ছিলাম।’ তার মতে, অনেক ক্রেতাই শেষ পর্যন্ত পেট্রলচালিত গাড়ি কিনলেও হাইব্রিড গাড়ি সম্পর্কে জানতে এবং পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা জেনারেল মোটরসও (জিএম) এবার হাইব্রিড গাড়ির বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। ২০২০-এর দশকের শুরুর দিকে প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক গাড়িতে ব্যাপক বিনিয়োগ করলেও তখন হাইব্রিড গাড়ির বাজার থেকে দূরে ছিল।

গত মাসে এক সম্মেলনে জিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বারা বলেন, প্রতিষ্ঠানটি তাদের ব্যবসার গুরুত্বপূর্ণ কয়েকটি গাড়ি বিভাগে একাধিক হাইব্রিড মডেল আনার পরিকল্পনা করছে। তবে গাড়িগুলো বাজারে আসার সময় ঘনিয়ে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

অটোমোবাইল খাতের সেবা ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান কক্স অটোমোটিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি সময়ের পর থেকে যুক্তরাষ্ট্রে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২০ শতাংশের বেশি বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেষে দেশটির মোট গাড়ির বাজারে হাইব্রিড গাড়ির হিস্যা দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩ শতাংশে।

এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। এক বছর আগে এই হার ছিল ১৩ শতাংশ। হাইব্রিড গাড়ির বাজার হিস্যা বাড়লেও একই সময়ে পেট্রলচালিত প্রচলিত গাড়ি এবং পুরোপুরি বৈদ্যুতিক গাড়ির বাজার হিস্যা কমেছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নতুন আইনের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির ওপর কর ছাড়ের সুবিধা বাতিল হওয়ায় ইভি বাজার আরও চাপে পড়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ২০২৬ সালের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের দাম ৪ ডলারের ওপরে ছিল। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ৩ দশমিক ৮৭ ডলার।

ক্রেতাদের জন্য বাড়ছে বিকল্প

যুক্তরাষ্ট্রের বাজারে হাইব্রিড গাড়ি নিয়ে নিশানের নতুন যাত্রা শুরু হচ্ছে তাদের জনপ্রিয় কমপ্যাক্ট এসইউভি ‘রোগ’ মডেলের হাইব্রিড সংস্করণের মাধ্যমে। যুক্তরাষ্ট্রে নিশানের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পেট্রলচালিত গাড়ি এটি।

বিশ্বের অন্যান্য বাজারে নিশান এরই মধ্যে দুই প্রজন্মের হাইব্রিড গাড়ি এনেছে। তবে যুক্তরাষ্ট্রের সড়ক ও গাড়ি চালানোর পরিবেশের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে কয়েক বছর আগে নতুন একটি সংস্করণ তৈরির কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।

পাণ্ডিকুথিরা বলেন, জাপান ও ইউরোপের বাজারে নিশানের আগের হাইব্রিড প্রযুক্তি মূলত শহরকেন্দ্রিক যান চলাচলের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। যানজটের মধ্যে বারবার গাড়ি থামানো ও চালু করার মতো পরিস্থিতিতে এ প্রযুক্তি ভালো কাজ করে।

তিনি বলেন, নতুন ‘রোগ’ মডেলটি যুক্তরাষ্ট্রের সড়ক ও চালানোর পরিবেশের উপযোগী করে তৈরি করা হয়েছে। বিশেষ করে পাহাড়ি রাস্তা এবং মহাসড়কে দীর্ঘ সময় গাড়ি চালানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।

গাড়িটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর বৈদ্যুতিক চালনাব্যবস্থা। নিশানের এই প্রযুক্তিতে বৈদ্যুতিক মোটরই সরাসরি গাড়ির চাকা ঘোরায়। পেট্রলচালিত ইঞ্জিনটি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়; এটি সরাসরি গাড়ি চালায় না।

‘ই-পাওয়ার’ নামে পরিচিত নিশানের এই প্রযুক্তির লক্ষ্য হলো প্রচলিত হাইব্রিড গাড়ির তুলনায় আরও নীরব ও মসৃণভাবে গাড়ি চালানোর অভিজ্ঞতা দেওয়া।

রোগ মডেল দিয়ে যাত্রা শুরু করার মাধ্যমে নিশান যুক্তরাষ্ট্রের হাইব্রিড গাড়ির সবচেয়ে জনপ্রিয় বাজার বিভাগ—কমপ্যাক্ট এসইউভিকে লক্ষ্য করছে।

কক্স অটোমোটিভের শিল্পবিষয়ক বিশ্লেষণ বিভাগের পরিচালক স্টেফানি ভালদেজ স্ট্রেটির মতে, টয়োটা আরএভি-৪ এবং হোন্ডা সিআর-ভির মতো মডেলের নেতৃত্বে কমপ্যাক্ট এসইউভি যুক্তরাষ্ট্রের মোট হাইব্রিড গাড়ি বিক্রির প্রায় ৩০ শতাংশ দখল করে আছে।

তিনি বলেন, শুধু জ্বালানির দাম বৃদ্ধি নয়, বাজারে হাইব্রিড গাড়ির মডেল ও ব্র্যান্ডের সংখ্যা বেড়ে যাওয়াও এ খাতের প্রবৃদ্ধির অন্যতম কারণ। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার কিয়া ও হুন্দাইয়ের মতো নতুন প্রতিযোগীদের বাজারে প্রবেশ ক্রেতাদের সামনে পছন্দের সুযোগ বাড়িয়েছে।

ভবিষ্যতে পিকআপ ট্রাক এবং বড় আকারের এসইউভির মতো জনপ্রিয় গাড়ি বিভাগে আরও হাইব্রিড মডেল এলে সেগুলোরও ভালো বাজার তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।

হাইব্রিড গাড়ির বাজার হিস্যা আরও বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন স্টেফানি ভালদেজ স্ট্রেটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় জালিয়াতির স্বীকারোক্তি, সর্বোচ্চ নম্বর ধারীর বিরুদ্ধে তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় জালিয়াতির স্বীকারোক্তি, সর্বোচ্চ নম্বর ধারীর বিরুদ্ধে তদন্ত শুরু

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জালিয়াতির ঘটনা স্বীকার করেছেন সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী। এই ঘটনায় তদন্তের কাজ শুরু করেছে দক্ষিণ কোরিয়ার পুলিশ। রোববার দেশটির পুলিশ এ তথ্য প্রকাশ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত এপ্রিল ও জুলাই মাসে অনুষ্ঠিত জাতীয় যোগ্যতা পরীক্ষার দুই ধাপে প্রথম স্থান অধিকার করেন ওই পরীক্ষার্থী। তবে পরে তিনি আইনজীবীর মাধ্যমে লিখিত স্বীকারোক্তি দেন, যেখানে তিনি জানান, পরীক্ষার সময় উত্তর সংগ্রহের জন্য এআই ব্যবহার করেছিলেন।

প্রথম ধাপের পরীক্ষায় ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ দশমিক ৫ নম্বর পেয়েছিলেন তিনি। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল ছিল। তার অসাধারণ ফলাফলের পর স্মার্ট চশমা ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠে। শুরুতে তিনি এই অভিযোগ অস্বীকার করেছিলেন।

সিউল মেট্রোপলিটন পুলিশ এজেন্সি জানায়, ‘কর হিসাবরক্ষক পরীক্ষায় জালিয়াতির বিষয়ে আজ সকালে পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে আমরা একটি লিখিত স্বীকারোক্তি পেয়েছি।’ পুলিশ আরও জানায়, বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের অর্থ মন্ত্রণালয় ওই পরীক্ষার্থীর পেশাগত যোগ্যতা স্থগিত করার জন্য দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে। তার আইনজীবীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে পরীক্ষার্থী নিজেই জালিয়াতির কথা স্বীকার করেন এবং এ কাজের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন।

ভিডিওতে তিনি বলেন, ‘আমি একটি ক্ষুদ্রাকৃতির ক্যামেরা দিয়ে পরীক্ষার প্রশ্নগুলোর ছবি তুলেছি এবং সেগুলো এআইয়ের কাছে পাঠিয়েছি। এরপর স্মার্টফোনে পাওয়া উত্তরগুলো যাচাই করেছি।’ একই ধরনের জালিয়াতির পদ্ধতি অন্যরাও ব্যবহার করতে পারে—এমন আশঙ্কায় এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তার আইনজীবী।

ওই পরীক্ষার্থী জানান, চাকরি ছেড়ে নিজে ব্যবসা শুরু করার পর তিনি আর্থিক সংকটে পড়েছিলেন। তিনি বলেন, ‘আমি অর্থ উপার্জন করতে চেয়েছিলাম। ভালো একটি চাকরি ছেড়ে দেওয়ার পর মা-বাবাকে হতাশ করছি—এ বিষয়টি আমার খুব খারাপ লাগত।’

দক্ষিণ কোরিয়ার সরকারি সংস্থা হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট সার্ভিস অব কোরিয়া (এইচআরডিকে) জাতীয় পর্যায়ের বিভিন্ন পেশাগত যোগ্যতা নির্ধারণী পরীক্ষা পরিচালনা করে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ওই পরীক্ষার্থী যখন পরীক্ষা দিচ্ছিলেন, তখন কক্ষে দুজন পরিদর্শক দায়িত্ব পালন করছিলেন।

এদিকে স্মার্ট চশমা ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে সম্প্রতি নজরদারি ও অভিযান জোরদার করেছে দেশটির কর্তৃপক্ষ। রোববার এইচআরডিকে জানায়, গত মাসে গ্যাস প্রকৌশলী সনদ পরীক্ষায় স্মার্ট চশমা পরে অংশ নেওয়া এক পরীক্ষার্থীকে শনাক্ত করেছে তাদের ‘এআই ইন্সপেক্টর’ বা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পরীক্ষক ব্যবস্থা।

এর আগে গত অক্টোবর মাসে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এ ধরনের ডিভাইস ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করা শিক্ষার্থীদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়েরের পরিকল্পনার কথা জানিয়েছিল সরকার। দক্ষিণ কোরিয়ার অত্যন্ত প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনুং’ আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য এ পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো অর্থনৈতিক ভবিষ্যৎ ও বিয়ের ক্ষেত্রে ভালো সম্ভাবনা তৈরির পথ হিসেবেও পরীক্ষাটিকে ব্যাপকভাবে বিবেচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে লুট হওয়া ৪১২ বস্তা সার উদ্ধার, তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


চাটমোহরে লুট হওয়া ৪১২ বস্তা সার উদ্ধার, তদন্ত কমিটি গঠন

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারের পাশে বিসিআইসি ডিলারের গোডাউন থেকে লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে ৪১২ বস্তা সার উদ্ধার করা হয়েছে। যেসব কৃষক সার নিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই সার ফেরত দিচ্ছেন।

সার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান এবং উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষের তদারকিতে স্থানীয় কৃষকদের মাঝে সরকারি মূল্যে প্রায় ৩ হাজার বস্তা সার বিক্রি করা হয়েছে।

উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা কৃষি বিভাগের তত্বাবধানে সরকারি দামে কৃষকদের কাছে সার বিক্রি অব্যাহত রয়েছে। বিক্রিত সারের মধ্যে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি অন্তর্ভুক্ত রয়েছে। তবে অনেক কৃষক বিকেল পর্যন্ত ডিলারের দোকানে লাইনে দাঁড়িয়ে থেকেও সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সার বিপণন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় ডিলারদের সাথে বৈঠক করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।

উল্লেখ্য, গত সোমবার দুপুর ১২টার দিকে সার না পেয়ে বিক্ষুব্ধ কৃষকরা উপজেলার ছাইকোলা বাজারের পাশে প্রদীপ পালের সারের গোডাউনে হামলা করে ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যায়। ঘটনার পর উপজেলা প্রশাসন মাইকিং করে সার ফেরত দেওয়ার আহ্বান জানায়। বলা হয়, যারা সার ফেরত দেবেন, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। এরপর থেকে এখন পর্যন্ত ৪১২ বস্তা সার ফেরত এসেছে।

এদিকে ক্ষতিগ্রস্ত সার ডিলার প্রদীপ পালের ম্যানেজার নিরঞ্জন ঘোষ নিরু বাদী হয়ে অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা করেন। পুলিশ এই ঘটনায় ২ জন কৃষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। সার লুটের ঘটনায় পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি তদন্ত সম্পন্ন করলেও, এখনও প্রতিবেদন দেয়নি বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%