ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

মা হওয়ার পর প্রথমবার ছেলের ছবি প্রকাশ করলেন সোহিনী


মা হওয়ার পর প্রথমবার ছেলের ছবি প্রকাশ করলেন সোহিনী

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার মা হওয়ার পর প্রথমবারের মতো তাঁর ছেলের ছবি প্রকাশ্যে আনলেন। প্রায় দুই মাস পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানের দুটি ছবি শেয়ার করার পর তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যের ঘর ভালোবাসা ও শুভেচ্ছায় ভরে উঠেছে।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা ১২ মিনিটে সোহিনী তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন। ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ‘বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে...।’ অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলো প্রকাশের পর প্রথম ১০ মিনিটের মধ্যে দেড় হাজারের বেশি প্রতিক্রিয়া আসে।

গত ২০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী প্রথমবার মা হওয়ার সুখবর দেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সোহিনী ও তাঁর স্বামী শোভনের প্রথম সন্তান জন্ম নেয়।

আরও পড়ুন: সোনাক্ষীর নগ্ন ছবি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার যুবক, আইনি ত্রুটিতে মুক্তি

সেদিন ইনস্টাগ্রামে যৌথ বিবৃতির মাধ্যমে নতুন অতিথির আগমনের খবর জানান তারা। সেখানে তারা লেখেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন।’

এর আগে গত জুলাইয়ে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে মা-বাবা হতে যাওয়ার খবর দেন সোহিনী। তিনি বেবিবাম্প আগলে স্বামী শোভনের সঙ্গে একটি আদুরে ছবি প্রকাশ করে জীবনের নতুন অধ্যায়ের কথা জানান। সেই সুখবরে অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ভেসেছিলেন তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শোভন ও সোহিনী। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই তাদের সংসারে নতুন অতিথি আসে। এবার প্রথমবার সন্তানের ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: কান্ট্রি মিউজিকের জনপ্রিয় কণ্ঠশিল্পী রিচার্ড স্টারবান আর নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, বিশাল মজুতের সম্ভাবনা

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) দ্বীপজেলা ভোলায় একটি নতুন গ্যাসকূপের সন্ধান পেয়েছে।

নতুন কূপটির নাম ‘ভোলা নর্থ-৩’ এবং সংশ্লিষ্টদের মতে, এটি থেকে দৈনিক ২২-২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের প্রাথমিক সম্ভাবনা রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে নতুন এই কূপে আগুন জ্বালানোর মাধ্যমে গ্যাস ডিএসটি শুরু করা হয়।

বাপেক্স জানায়, কূপটির গভীরতা ৩ হাজার ৫২৬ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণের ভিত্তিতে, এ কূপ থেকে দৈনিক প্রায় ২২–২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

বাপেক্স আরও জানায়, বর্তমানে ভোলা জেলায় ৩টি গ্যাসক্ষেত্র রয়েছে এবং মোট ১০টি গ্যাস কূপ রয়েছে। দ্বীপজেলাটিতে প্রায় পৌনে দুই ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত বিদ্যমান।

নতুন আবিষ্কৃত ভোলা নর্থ-৩ এর চূড়ান্ত মজুতের পরিমাণ সম্পর্কে ড্রিল স্টেম টেস্ট (DST) শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মদিনার অর্থনীতি বদলে দেন আবদুর রহমান, উসমান, জুবায়ের ও তালহা সাহাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


মদিনার অর্থনীতি বদলে দেন আবদুর রহমান, উসমান, জুবায়ের ও তালহা সাহাবি

ইসলামের ইতিহাসে এমন একদল মানুষের সন্ধান পাওয়া যায়, যাঁদের সম্পদ অর্জনের গল্পের চেয়েও বিস্ময়কর তাঁদের সম্পদ ব্যয়ের ইতিহাস। তাঁরা ছিলেন মহানবী (সা.)-এর সাহাবি। তাঁদের মধ্যে কেউ ছিলেন আন্তর্জাতিক বাণিজ্যের সফল উদ্যোক্তা, কেউ ছিলেন কৃষি ও জমির বিশাল বিনিয়োগকারী, কেউ ছিলেন আমানতদার ব্যবসায়ী, আবার কেউ ছিলেন সমাজের অর্থনৈতিক সংকট মোকাবিলায় অগ্রণী দানবীর।

মজার ব্যাপার হলো, তাঁদের অনেকেই ইসলাম গ্রহণের আগে থেকেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। আবার কেউ কেউ হিজরতের পর প্রায় শূন্য হাতে নতুন শহরে এসে ব্যবসা শুরু করেছিলেন। সততা, দূরদর্শিতা, পরিশ্রম, বাজার সম্পর্কে গভীর ধারণা এবং আল্লাহর ওপর অবিচল আস্থার মাধ্যমে তাঁরা বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। কিন্তু তাঁদের সম্পদ কখনো তাঁদের হৃদয়কে গ্রাস করতে পারেনি। বরং সেই সম্পদ দিয়ে তাঁরা ক্ষুধার্তের মুখে খাবার তুলে দিয়েছেন, পানির সংকট দূর করেছেন, যুদ্ধের কঠিন সময়ে মুসলিম বাহিনীকে সহযোগিতা করেছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। ইসলামের ইতিহাসের এমন চারজন ধনাঢ্য সাহাবি হলেন—আবদুর রহমান ইবনে আউফ, উসমান ইবনে আফফান, জুবায়ের ইবনুল আওয়াম ও তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.).

১. আবদুর রহমান ইবনে আউফ (রা.)

মদিনার অন্যতম সফল ব্যবসায়ী ও দানশীল সাহাবি ছিলেন আবদুর রহমান ইবনে আউফ (রা.). তিনি ছিলেন আশারায়ে মুবাশশারার অন্যতম—অর্থাৎ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির একজন। ইসলাম গ্রহণের আগে থেকেই তিনি মক্কার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়িক দক্ষতা, সততা ও দূরদর্শিতার কারণে তিনি সমাজে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন।

কিন্তু ইসলামের জন্য হিজরত করার সময় তাঁকে মক্কার প্রতিষ্ঠিত ব্যবসা-বাণিজ্য ও সম্পদ ছেড়ে মদিনায় চলে আসতে হয়। নতুন শহরে এসে তাঁর হাতে তেমন কোনো পুঁজি ছিল না। তবু তিনি কারও মুখাপেক্ষী হয়ে থাকতে চাননি। মহানবী (সা.) মদিনায় মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করলে তাঁর সঙ্গে মদিনার ধনাঢ্য সাহাবি সাদ ইবনে রাবি (রা.)-এর ভ্রাতৃত্ব স্থাপিত হয়।

সাদ (রা.) তাঁকে নিজের সম্পদের অর্ধেক দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু আত্মমর্যাদাবোধ ও আত্মনির্ভরশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আবদুর রহমান (রা.) বলেন, ‘আল্লাহ আপনার পরিবার ও সম্পদে বরকত দিন। আমাকে শুধু বাজারের পথ দেখিয়ে দিন।’ এরপর তিনি বাজারে গিয়ে ব্যবসা শুরু করেন। সহিহ বুখারির বর্ণনায় রয়েছে, তিনি ঘি ও পনিরজাতীয় পণ্য নিয়ে ব্যবসা শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই লাভের মুখ দেখেন। পরবর্তী সময়ে তিনি ব্যবসার পরিধি আরও বিস্তৃত করেন এবং বিপুল সম্পদের মালিক হন। (সহিহ বুখারি, হাদিস : ২০৪৯)

তবে আবদুর রহমান (রা.)-এর জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী দিক হলো, বিপুল সম্পদের মালিক হয়েও তিনি কখনো দুনিয়ার প্রাচুর্যকে নিজের সফলতার চূড়ান্ত নিদর্শন মনে করেননি। একদিন তাঁর সামনে খাবার পরিবেশন করা হলে তিনি শহিদ সাহাবি মুসআব ইবনে উমাইর (রা.) ও হামজা (রা.)-এর কথা স্মরণ করে কেঁদে ফেলেন। তিনি বলেন, মুসআব (রা.) আমার চেয়ে উত্তম ছিলেন, অথচ তাঁকে এমন একটি কাপড়ে কাফন দেওয়া হয়েছিল, যা দিয়ে মাথা ঢাকলে পা বেরিয়ে যেত। আবার পা ঢাকলে মাথা অনাবৃত থাকত। হামজা (রা.)-ও আমার চেয়ে উত্তম ছিলেন। অথচ আজ আমাদের জন্য দুনিয়ার প্রাচুর্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমার ভয় হয়, আমাদের নেক আমলের প্রতিদান হয়তো দুনিয়াতেই দিয়ে দেওয়া হচ্ছে। এরপর তিনি কাঁদতে থাকেন এবং খাবার ছেড়ে দেন। (সহিহ বুখারি, হাদিস : ১২৭৪-১২৭৫)

২. উসমান ইবনে আফফান (রা.)

ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান (রা.) ছিলেন কোরাইশের বনু উমাইয়া গোত্রের একজন অভিজাত ও ধনাঢ্য ব্যক্তি। তিনি ছিলেন অত্যন্ত সফল ব্যবসায়ী। ব্যবসায়িক দক্ষতা, উদারতা ও দানশীলতার কারণে তিনি ‘গনি’ উপাধিতে পরিচিত হন। তাঁর ব্যবসার পরিধি ছিল বিস্তৃত। ব্যবসায়িক লেনদেন ও বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। তবে তিনি সম্পদকে মানুষের কল্যাণে ব্যয় করেছেন।

মদিনায় একসময় সুপেয় পানির সংকট দেখা দেয়। বিশেষ করে মুহাজিরদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় মহানবী (সা.) বীরে রুমা কূপটি ক্রয় করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন। উসমান (রা.) এগিয়ে আসেন। তিনি কূপটির মালিকের সঙ্গে আলোচনা করে তা ক্রয় করেন এবং মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেন। এটি ছিল তাঁর জনকল্যাণমূলক উদ্যোগের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। (সহিহ বুখারি, হাদিস : ২৭৭৮)

তাবুক অভিযান ছিল মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন সময়ের একটি সামরিক প্রস্তুতি। প্রচণ্ড গরম, দীর্ঘ পথ এবং অর্থনৈতিক সংকটের কারণে এ অভিযান পরিচালনা করা সহজ ছিল না। মহানবী (সা.) মুসলিম বাহিনীর প্রস্তুতির জন্য সাহাবিদের সহযোগিতা কামনা করেন। উসমান (রা.) এ সময় অসাধারণ উদারতার পরিচয় দেন। আবদুর রহমান ইবনে সামুরা (রা.) থেকে বর্ণিত, তিনি এক হাজার দিনার নিয়ে নবীজি (সা.)-এর কাছে উপস্থিত হন এবং তা তাঁর কোলে ঢেলে দেন। তখন রাসুলুল্লাহ (সা.) সেগুলো উল্টেপাল্টে দেখতে দেখতে বলেন, আজকের পর উসমান যা-ই করুন, তা তাঁর কোনো ক্ষতি করবে না। তিনি কথাটি দুবার বলেন। (জামে তিরমিজি, হাদিস : ৩৭০১)

৩. জুবায়ের ইবনুল আওয়াম (রা.)

জুবায়ের ইবনুল আওয়াম (রা.) ছিলেন মহানবী (সা.)-এর ঘনিষ্ঠ সাহাবি এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির একজন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, বিচক্ষণ ও বিশ্বস্ত ব্যক্তিত্ব। ব্যবসা-বাণিজ্য ও সম্পদ ব্যবস্থাপনাতেও তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দেন। তাঁর ব্যবসায়িক জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল স্থাবর সম্পদ ও জমিতে বিনিয়োগ। মদিনার বাইরে বসরা, কুফা ও মিসরসহ বিভিন্ন অঞ্চলে তাঁর বাড়ি ও সম্পত্তি ছিল বলে ঐতিহাসিক সূত্রে উল্লেখ পাওয়া যায়।

জুবায়ের (রা.)-এর অর্থনৈতিক চিন্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল মানুষের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। মানুষ তাঁর কাছে নিজেদের অর্থ জমা রাখতে চাইত। কিন্তু তিনি সাধারণ আমানত হিসেবে তা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন না। বরং বলতেন, এটি আমানত নয়, ঋণ হিসেবে গ্রহণ করব। কারণ, আমানত হিসেবে গ্রহণ করলে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সহিহ বুখারিতে আবদুল্লাহ ইবনে জুবায়ের (রা.)-এর বর্ণনায় এ ঘটনা বিস্তারিতভাবে এসেছে। তাঁর বাবা বলেছিলেন, মানুষের দেওয়া সম্পদ তিনি ঋণ হিসেবে গ্রহণ করতেন। (সহিহ বুখারি, হাদিস : ৩১২৯)

এর ফলে তিনি সেই অর্থ নিজের ব্যবসা ও বিনিয়োগে ব্যবহার করতে পারতেন এবং একই সঙ্গে অর্থদাতার কাছে ঋণ পরিশোধের দায়ও বহন করতেন।

জুবায়ের (রা.)-এর মৃত্যুর আগে তাঁর সবচেয়ে বড় উদ্বেগ ছিল মানুষের কাছে তাঁর ঋণ। তিনি ছেলে আবদুল্লাহ ইবনে জুবায়ের (রা.)-কে বলেছিলেন, তাঁর সম্পদ বিক্রি করে যেন ঋণ পরিশোধ করা হয়। তাঁর ইন্তেকালের পর আবদুল্লাহ (রা.) অত্যন্ত সতর্কতার সঙ্গে পিতার ঋণ পরিশোধের ব্যবস্থা করেন। এমনকি হজের মৌসুমে ধারাবাহিক চার বছর ঘোষণা দেন—জুবায়েরের কাছে কারও কোনো পাওনা থাকলে যেন তিনি এসে তা গ্রহণ করেন। তারপরও সব দায়দেনা ও নির্ধারিত ওসিয়ত বাস্তবায়নের পর তাঁর চার স্ত্রী প্রত্যেকে ১২ লাখ দিরহাম করে পেয়েছিলেন। (সহিহ বুখারি, হাদিস : ৩১২৯)

৪. তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.)

তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.) ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির একজন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, দানশীল ও সফল ব্যবসায়ী। বস্ত্র ব্যবসা, জমি এবং কৃষিজ সম্পদে তাঁর বিনিয়োগের কথা বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে পাওয়া যায়। বিশেষ করে ইরাক ও হাদরামাউতের মতো অঞ্চলে তাঁর জমি ও সম্পত্তি ছিল। তাঁর ব্যবসায়িক দূরদর্শিতা এবং কৃষিজ সম্পদ ব্যবস্থাপনা তাঁকে সমসাময়িক ধনাঢ্য সাহাবিদের অন্যতম করে তুলেছিল।

তালহা (রা.)-এর দানশীলতার অসংখ্য ঘটনা ইতিহাসে সংরক্ষিত রয়েছে। একবার হাদরামাউত থেকে তাঁর কাছে বিপুল পরিমাণ অর্থ আসে। বর্ণনা অনুযায়ী, এ অর্থের পরিমাণ ছিল সাত লাখ দিরহাম। এত বিপুল অর্থ ঘরে আসার পর তিনি রাতে চিন্তিত হয়ে পড়েন। তাঁর স্ত্রী তাঁকে পরামর্শ দেন, সকালে তা মানুষের মধ্যে বণ্টন করে দিতে। পরদিন তিনি মুহাজির ও আনসার সাহাবিদের মধ্যে সেই অর্থ বিতরণ করে দেন। (সিয়ারু আ'লামিন নুবালা)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী ককটেল-পেট্রোল বোমাসহ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২০ পি.এম


ধামরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী ককটেল-পেট্রোল বোমাসহ গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির সময় পুলিশ ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের আটক করা হয়েছে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকা থেকে।

রোববার (১৫ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই তথ্যটি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকার মো. শাকিবুল হাসান, ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার হিমেল হাসান, ধামরাই বাথুলী এলাকার রিপন হোসেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দীপংকর বালা এবং একই থানার ধোপড়া গ্রামের লেলিন বালা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি স্কেল এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, "এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তারা সেখানে একত্র হয়েছিল।" স্থানীয়দের সহযোগিতায় ৫ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪টি ককটেল ও তিনটি পেট্রোল বোমা পাওয়া যায়। পলাতক অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামানত ছাড়াই অনলাইনে ৫০ হাজার টাকা ঋণ, অগ্রাধিকার পাবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২০ পি.এম


জামানত ছাড়াই অনলাইনে ৫০ হাজার টাকা ঋণ, অগ্রাধিকার পাবেন যারা

বাংলাদেশ ব্যাংক জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ প্রদান করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংকের ‘ই-ঋণ’ পুনরর্থায়ন স্কিমের মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই ঋণ সুবিধা ক্ষুদ্র উদ্যোক্তা, নারী, তরুণ, শিক্ষার্থী এবং প্রান্তিক জনগণের জন্য সহজ শর্তে ডিজিটাল ঋণ প্রাপ্তির সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া হয়েছে।

অর্থনৈতিক বৈষম্য হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার উদ্দেশ্যে স্কিমটি হালনাগাদ করা হয়েছে। গত ১২ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ব্যবস্থায় দেশের তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ঋণ সুবিধা প্রদান করা হবে। গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ই-ওয়ালেটের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ঋণ গ্রহণ করতে পারবেন।

এ ক্ষেত্রে সর্বোচ্চ ঋণের পরিমাণ ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রাহককে এ ঋণের বিপরীতে কোনো জামানত দিতে হবে না। ফলে প্রচলিত ব্যাংকঋণ পেতে জামানত ও আনুষ্ঠানিকতার কারণে যারা সমস্যায় পড়েন, তাঁদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনরর্থায়ন সুবিধা পাবে। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংক কম সুদে ব্যাংকগুলোকে তহবিল সরবরাহ করবে, যাতে ব্যাংকগুলো নির্ধারিত শর্তে গ্রাহকদের ঋণ দিতে সক্ষম হয়।

ই-ঋণ পুনর্থায়ন স্কিমে আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগণের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অগ্রাধিকারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—

- প্রান্তিক ও নিম্নআয়ের জনগণ।

- নারী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা।

- ১৮ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থী।

- ক্ষুদ্র ব্যবসায়ী।

- বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তি।

তবে এই সুবিধা পেতে আগ্রহীদের সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, মতিঝিল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্কিমটির মেয়াদ ৩০ জুন ২০২৮ পর্যন্ত বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্যবহারকারী (এক্স ক্যাডার-প্রকাশনা) ও সহকারী মুখপাত্র সাঈদা খানম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%