১২:০৩ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি (ইভি)-র বাজারের প্রবৃদ্ধি কিছুটা ধীর হয়ে পড়েছে। তবে, ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় দেশটির গাড়ির বাজারে হাইব্রিড গাড়ির জনপ্রিয়তা ও চাহিদা বাড়ছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
পেট্রল ও বিদ্যুৎ—দুই ধরনের শক্তিতে চলতে সক্ষম হাইব্রিড গাড়ির চাহিদা ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে জাপানি ও দক্ষিণ কোরীয় গাড়ি নির্মাতাদের বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে এ খাতে নতুন বিনিয়োগে এগিয়ে আসছে পুরোনো ও নতুন—উভয় ধরনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান।
আরও পড়ুন: চীন যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে
যুক্তরাষ্ট্রের হাইব্রিড গাড়ির বাজারে শীর্ষস্থানীয় টয়োটার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হোন্ডা চলতি সপ্তাহে ওহাইও অঙ্গরাজ্যে নতুন একটি হাইব্রিড গাড়ি উৎপাদন কারখানা নির্মাণের পাশাপাশি আরও দুটি অঙ্গরাজ্যে বিদ্যমান কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে প্রথম উল্লেখযোগ্য হাইব্রিড গাড়ি আনতে যাচ্ছে নিশান। চলতি শরতে নতুন এই গাড়ি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে জাপানি প্রতিষ্ঠানটি।
নিশান আমেরিকার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট পঞ্জ পাণ্ডিকুথিরা জানান, হাইব্রিড গাড়ির বাজারে অনুপস্থিতির কারণে প্রতিষ্ঠানটিকে বিক্রির ক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে হয়েছে।
তিনি বলেন, ‘আমরা এই বাজারের অনেক সম্ভাব্য ক্রেতাকে হারাচ্ছিলাম।’ তার মতে, অনেক ক্রেতাই শেষ পর্যন্ত পেট্রলচালিত গাড়ি কিনলেও হাইব্রিড গাড়ি সম্পর্কে জানতে এবং পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখতে আগ্রহী।
আরও পড়ুন: বাইডেন: ট্রাম্পের সঙ্গে সারাদিন গলফ খেলতেন, যদি...
যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা জেনারেল মোটরসও (জিএম) এবার হাইব্রিড গাড়ির বাজারে প্রবেশের পরিকল্পনা করছে। ২০২০-এর দশকের শুরুর দিকে প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক গাড়িতে ব্যাপক বিনিয়োগ করলেও তখন হাইব্রিড গাড়ির বাজার থেকে দূরে ছিল।
গত মাসে এক সম্মেলনে জিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরি বারা বলেন, প্রতিষ্ঠানটি তাদের ব্যবসার গুরুত্বপূর্ণ কয়েকটি গাড়ি বিভাগে একাধিক হাইব্রিড মডেল আনার পরিকল্পনা করছে। তবে গাড়িগুলো বাজারে আসার সময় ঘনিয়ে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অটোমোবাইল খাতের সেবা ও প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান কক্স অটোমোটিভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি সময়ের পর থেকে যুক্তরাষ্ট্রে হাইব্রিড বৈদ্যুতিক গাড়ির বিক্রি ২০ শতাংশের বেশি বেড়েছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেষে দেশটির মোট গাড়ির বাজারে হাইব্রিড গাড়ির হিস্যা দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩ শতাংশে।
এটি এখন পর্যন্ত সর্বোচ্চ। এক বছর আগে এই হার ছিল ১৩ শতাংশ। হাইব্রিড গাড়ির বাজার হিস্যা বাড়লেও একই সময়ে পেট্রলচালিত প্রচলিত গাড়ি এবং পুরোপুরি বৈদ্যুতিক গাড়ির বাজার হিস্যা কমেছে।
আরও পড়ুন: হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা
বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নতুন আইনের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির ওপর কর ছাড়ের সুবিধা বাতিল হওয়ায় ইভি বাজার আরও চাপে পড়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ২০২৬ সালের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রলের দাম ৪ ডলারের ওপরে ছিল। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ৩ দশমিক ৮৭ ডলার।
ক্রেতাদের জন্য বাড়ছে বিকল্প
যুক্তরাষ্ট্রের বাজারে হাইব্রিড গাড়ি নিয়ে নিশানের নতুন যাত্রা শুরু হচ্ছে তাদের জনপ্রিয় কমপ্যাক্ট এসইউভি ‘রোগ’ মডেলের হাইব্রিড সংস্করণের মাধ্যমে। যুক্তরাষ্ট্রে নিশানের সবচেয়ে বেশি বিক্রি হওয়া পেট্রলচালিত গাড়ি এটি।
আরও পড়ুন: জর্ডানের গির্জা হামলার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড ঘোষণা
বিশ্বের অন্যান্য বাজারে নিশান এরই মধ্যে দুই প্রজন্মের হাইব্রিড গাড়ি এনেছে। তবে যুক্তরাষ্ট্রের সড়ক ও গাড়ি চালানোর পরিবেশের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে কয়েক বছর আগে নতুন একটি সংস্করণ তৈরির কাজ শুরু করে প্রতিষ্ঠানটি।
পাণ্ডিকুথিরা বলেন, জাপান ও ইউরোপের বাজারে নিশানের আগের হাইব্রিড প্রযুক্তি মূলত শহরকেন্দ্রিক যান চলাচলের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। যানজটের মধ্যে বারবার গাড়ি থামানো ও চালু করার মতো পরিস্থিতিতে এ প্রযুক্তি ভালো কাজ করে।
তিনি বলেন, নতুন ‘রোগ’ মডেলটি যুক্তরাষ্ট্রের সড়ক ও চালানোর পরিবেশের উপযোগী করে তৈরি করা হয়েছে। বিশেষ করে পাহাড়ি রাস্তা এবং মহাসড়কে দীর্ঘ সময় গাড়ি চালানোর বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে।
গাড়িটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর বৈদ্যুতিক চালনাব্যবস্থা। নিশানের এই প্রযুক্তিতে বৈদ্যুতিক মোটরই সরাসরি গাড়ির চাকা ঘোরায়। পেট্রলচালিত ইঞ্জিনটি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত হয়; এটি সরাসরি গাড়ি চালায় না।
আরও পড়ুন: ইরানে শ্রমিকবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ জন
‘ই-পাওয়ার’ নামে পরিচিত নিশানের এই প্রযুক্তির লক্ষ্য হলো প্রচলিত হাইব্রিড গাড়ির তুলনায় আরও নীরব ও মসৃণভাবে গাড়ি চালানোর অভিজ্ঞতা দেওয়া।
রোগ মডেল দিয়ে যাত্রা শুরু করার মাধ্যমে নিশান যুক্তরাষ্ট্রের হাইব্রিড গাড়ির সবচেয়ে জনপ্রিয় বাজার বিভাগ—কমপ্যাক্ট এসইউভিকে লক্ষ্য করছে।
কক্স অটোমোটিভের শিল্পবিষয়ক বিশ্লেষণ বিভাগের পরিচালক স্টেফানি ভালদেজ স্ট্রেটির মতে, টয়োটা আরএভি-৪ এবং হোন্ডা সিআর-ভির মতো মডেলের নেতৃত্বে কমপ্যাক্ট এসইউভি যুক্তরাষ্ট্রের মোট হাইব্রিড গাড়ি বিক্রির প্রায় ৩০ শতাংশ দখল করে আছে।
তিনি বলেন, শুধু জ্বালানির দাম বৃদ্ধি নয়, বাজারে হাইব্রিড গাড়ির মডেল ও ব্র্যান্ডের সংখ্যা বেড়ে যাওয়াও এ খাতের প্রবৃদ্ধির অন্যতম কারণ। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার কিয়া ও হুন্দাইয়ের মতো নতুন প্রতিযোগীদের বাজারে প্রবেশ ক্রেতাদের সামনে পছন্দের সুযোগ বাড়িয়েছে।
আরও পড়ুন: ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
ভবিষ্যতে পিকআপ ট্রাক এবং বড় আকারের এসইউভির মতো জনপ্রিয় গাড়ি বিভাগে আরও হাইব্রিড মডেল এলে সেগুলোরও ভালো বাজার তৈরি হতে পারে বলে মনে করেন তিনি।
হাইব্রিড গাড়ির বাজার হিস্যা আরও বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন স্টেফানি ভালদেজ স্ট্রেটি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন