ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা


ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা

দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুথি বিদ্রোহীদের একটি অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করেছে। তবে, এই হামলায় হতাহতের কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অবরুদ্ধ তাইজ শহরের দক্ষিণে নাজদ কাসিম এলাকায় হুথিদের অস্ত্রের গুদামকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে, হামলার বিষয়ে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন: ফিলিপাইন ও অস্ট্রেলিয়া প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি সই করল

সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে কিছু সাফল্য পেলেও, ইয়েমেনের সরকারি বাহিনী হুথিদের হামলা বন্ধ করতে সক্ষম হয়নি। সৌদি আরবের সমর্থনপুষ্ট এই বাহিনী দেশটির অভ্যন্তরে এবং সৌদি ভূখণ্ডে হুথিদের হামলা প্রতিহত করার জন্য এখনো লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে, ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাতে হতাহতের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর পর্যন্ত দেশটিতে সংঘাতে মোট ১১ হাজার ৭৫৫ জন হতাহত হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ৯৮ জন নিহত এবং ৯ হাজার ৬৫৭ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, ইয়েমেনে সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এই সংঘাত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ভারতের ভিসা ব্যবস্থায় ১৩ শ্রেণি থেকে ৯ শ্রেণিতে পরিবর্তন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে ইউসুফ হত্যার ২০ দিন পরেও গ্রেফতার হয়নি আসামীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


চৌদ্দগ্রামে ইউসুফ হত্যার ২০ দিন পরেও গ্রেফতার হয়নি আসামীরা

কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী সংগীত শিল্পী, জামায়াত কর্মী ও ক্বারী ইউসুফকে হত্যার ঘটনা ঘটার ২০ দিন পরেও প্রধান আসামী আজাদসহ কোনো আসামী গ্রেফতার হয়নি। নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস এবং ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমনসহ স্বজন ও এলাকাবাসী দীর্ঘ সময় ধরে আসামী মোঃ আজাদ, ইলিয়াছ ও ইব্রাহিম গংয়ের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে, চিহ্নিত কয়েকজন রাজনৈতিক নেতা এই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং প্রশাসন কার্যকর ভূমিকা পালন না করায় আসামীরা গ্রেফতার হচ্ছে না।

নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে, কনকাপৈত গ্রামের কাজী ইউসুফ একজন ক্বারী ছিলেন এবং তিনি পূর্বে প্রবাসে ছিলেন। দেশে ফিরে আসার পর বাইক রাইডিংয়ের পাশাপাশি কনকাপৈত হাইস্কুল মাঠ ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের মাঠের দেখাশুনার দায়িত্ব পালন করতেন। গত ২৫ অক্টোবর সন্ধ্যায় কাজী ইউসুফ কনকাপৈত হাইস্কুল মাঠ সংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থানকালে দূর্গাপুর গ্রামের ইলিয়াছ ও ইব্রাহিম বালু বোঝাইকৃত মিনি ট্রাক বেপরোয়াভাবে চালানোর কারণে বালু বাতাসে উড়ে মসজিদে ময়লা হচ্ছে দেখে তাদেরকে ধীর গতিতে গাড়ি চালানোর জন্য বলেন। এ নিয়ে ইলিয়াছ ও ইব্রাহিমের সাথে কাজী ইউসুফের বাক বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা কাজী ইউসুফকে আমজাদের গেলে মোটরসাইকেল রেখে প্যাকেট করে ভারত সীমানায় ফেলে দেওয়ার হুমকি দেয়। কাজী ইউসুফ বিষয়টি তাঁর পরিচিত কয়েকজনের সাথে মোবাইলে ম্যাসেজের মাধ্যমে শেয়ার করেন।

এরপর ২৬ অক্টোবর সকাল সাড়ে আটটায় কাজী ইউসুফ মাংস ক্রয় করার জন্য মোটরসাইকেলযোগে কাজী শিপনসহ আমজাদের বাজারে যান। কাজী শিপন কাঁচা মালামাল ক্রয়ের জন্য ফেনীর উদ্দেশ্যে চলে যাওয়ার পর কাজী ইউসুফ মাংস ক্রয় করার সময় পাশ্ববর্তী দূর্গাপুর গ্রামের ইলিয়াছ ও ইব্রাহিম পূর্বের বিষয়কে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে অজ্ঞাতনামা ৮-১০ জন তাঁর উপর অতর্কিত হামলা চালায়। আমজাদের বাজারস্থ ফারিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মোঃ আজাদ, তাঁর শ্রমিক ইলিয়াছ ও ইব্রাহিমসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা কাজী ইউসুফকে হত্যার উদ্দেশ্যে রাস্তার উপর ফেলে উপর্যপুরি কিল, ঘুষি, লাথি মারে। এর ফলে কাজী ইউসুফ মৃত্যু যন্ত্রনায় ছটপট করতে শুরু করেন। তারপরও মোঃ আজাদ গং নিষ্ঠুরভাবে কাজী ইউসুফকে মারপিট অব্যাহত রাখে। একপর্যায়ে কাজী ইউসুফ জীবন বাঁচানোর জন্য আত্মচিৎকার করলে আশপাশের পথচারী ও বাজারের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

কাজী ইউসুফের স্ত্রীর দাবি, স্থানীয় লোকজনের সহায়তায় কাজী ইউসুফকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাঁর অবস্থার অবনতি দেখে ইউসুফকে এ্যাম্বুলেন্সের মাধ্যমে কুমিল্লা মিশন প্রাইভেট হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুরে কাজী ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহতের ময়নাতদন্ত শেষে পরদিন দুপুরে মরদেহ সামনে রেখেই আমজাদের বাজারে ঘাতকদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই দিন বাদ জোহর নামাজে জানাযা শেষে তাঁকে চাঁনকার দীঘিরপাড় কবরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাযা পূর্বে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসামীদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন। কিন্তু ২০ দিন পরেও কোনো আসামী গ্রেফতার না হওয়ায় স্বজন ও এলাকাবাসী ভবিষ্যতে বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করছেন।

নিহতের ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমন জানান, বাবাকে হত্যার ২০ দিন পার হলেও আসামীরা এখনও গ্রেফতার হয়নি। তিনি বাবাকে হত্যাকারীদের গ্রেফতার ও সঠিক বিচারের জন্য স্থানীয় এমপি ডাঃ তাহেরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরদাবি জানান।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন রোববার দুপুরে বলেন, ‘আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও জিতল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও জিতল ভারত

নিউজিল্যান্ডকে ২২ রানে পরাজিত করে ৩-১ সিরিজ জয়লাভ করল ভারত।

ভারতের জন্য নিউজিল্যান্ড সফরটি ছিল ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণের একটি সুযোগ। আগামী বছরের বিশ্বকাপের আগে দলকে গুছিয়ে নেওয়ার জন্য এই সাদা বলের সিরিজটিকে অ্যাসিড টেস্ট হিসেবে বিবেচনা করা হয়েছিল। সেই পরীক্ষায় টিম ইন্ডিয়া সফলভাবে উত্তীর্ণ হয়েছে। টি-টোয়েন্টি সিরিজ জয়লাভের পর ওয়ানডে সিরিজেও তারা জয়ী হল।

টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে কিউই বোলাররা। প্রথমে ব্যাট করতে নেমে কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারত নিয়মিত উইকেট হারাতে থাকে। ৪২.১ ওভারে সব উইকেট হারিয়ে তারা ২০৯ রান সংগ্রহ করে।

২১০ রানের একটি মামুলি লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভারতীয় বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স দেখায়। পঞ্চম ওয়ানডে ছিল ব্যাটারদের জন্য একটি বড় পরীক্ষা। শুরুতে ধীরগতিতে খেলা শুরু হলেও নিউজিল্যান্ড নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

দলের পক্ষে মিডল অর্ডার ব্যাটসম্যান ডিন ফক্সক্রফট সর্বাধিক ৩৪ রান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সফর রাইস মিলস লিমিটেডের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত, সুদৃঢ় সম্পর্কের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


সফর রাইস মিলস লিমিটেডের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত, সুদৃঢ় সম্পর্কের প্রতিশ্রুতি

সফর গ্রুপের একটি প্রতিষ্ঠান সফর রাইস মিলস লিমিটেডের উদ্যোগে ‘বার্ষিক ডিলার কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে ডিলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ককে আরো সুদৃঢ় করার এবং বাজারে প্রতিষ্ঠানের অবস্থানকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে গুণগত মান, প্রতিশ্রুতি ও সেবা (কোয়ালিটি, কমিটমেন্ট ও সার্ভিস)— এই তিনটি মূলনীতিকে সামনে রেখে ডিলারদের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার তুলে ধরা হয়।

ঢাকার ঢাকা বোট ক্লাবে গত শনিবার সন্ধ্যায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের প্রায় ৮০০ ডিলার অংশগ্রহণ করেন।

সম্মেলনে বক্তব্য রাখেন সফর রাইস মিলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেদার উদ্দিন আহমেদ, মহাব্যবস্থাপক (জিএম) আব্দুল্লাহ আবু নাসের, মহাব্যবস্থাপক (অপারেশনস) মেহেদী হাসান আরাফাত, নির্বাহী পরিচালক মো. কামরুজ্জামান খান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল আমিন ভুঁইয়া। উল্লেখ্য, এমডি শফিকুল আমিন ভুঁইয়া ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন।

সম্মেলনের প্রধান বক্তা সফর রাইস মিলস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেদার উদ্দিন আহমেদ তার বক্তব্যে প্রতিষ্ঠানটির তিনটি অঙ্গীকার— কোয়ালিটি, কমিটমেন্ট ও সার্ভিসের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি উল্লেখ করেন, চালের গুণগত মান বজায় রাখতে সফর রাইস মিলস লিমিটেড সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

তিনি আরো বলেন, "ক্রেতা আজ আমাদের চালে যে স্বাদ পান, ছয় মাস পরেও যেন একই স্বাদ ও মান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।" এই ধারাবাহিকতা বজায় রাখতে যা যা প্রয়োজন, সফর রাইস মিলস তা করছে। ভবিষ্যতেও এই সেবা নিশ্চিত করা হবে।

ডিলারদের ভূমিকা ও গ্রাহকসেবার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের অধিকাংশ ক্রেতা ব্র্যান্ডের পরিবর্তে মিনিকেট, পাইজাম কিংবা নাজিরশাইলের মতো চালের জাতের নাম ধরে পণ্য কেনেন। তাই ক্রেতার কাছে প্রতিষ্ঠানের পণ্য পৌঁছে দেওয়া এবং আস্থা তৈরির ক্ষেত্রে ডিলাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি আশ্বাস দেন, ডিলারদের ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল করতে প্রতিষ্ঠানের সেলস টিম মাঠপর্যায়ে আরো সক্রিয় ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, "সময়মতো পণ্য সরবরাহ, যেকোনো সমস্যার দ্রুত সমাধান এবং প্রতিটি পরিস্থিতিতে ডিলারদের পাশে থাকা আমাদের দায়িত্ব।" ডিলারদের কাছে প্রতিষ্ঠান যে প্রতিশ্রুতি দেয়, তা রক্ষা করাই তাদের প্রথম অঙ্গীকার।

ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আমিন ভুঁইয়া ডিলারদের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "ডিলারদের সাফল্যই সফর রাইস মিলস লিমিটেডের সাফল্য।" বাজারের প্রতিযোগিতা কিংবা অন্যান্য চ্যালেঞ্জ যতই থাকুক, তারা ডিলারদের সঙ্গে নিয়েই তা মোকাবেলা করতে চান। তাদের লক্ষ্য, বর্তমান ডিলার নেটওয়ার্ককে আরো শক্তিশালী করে আগামী প্রজন্মের জন্য একটি টেকসই ব্যবসায়িক ভিত্তি তৈরি করা।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ডিলারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা পর্ব। এ সময় ডিলাররা তাদের ব্যবসায়িক অভিজ্ঞতা, মতামত, প্রত্যাশা ও বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, বাজারের সম্ভাবনা ও পারস্পরিক সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে সফর রাইস মিলস লিমিটেডের প্রতিষ্ঠা, অগ্রযাত্রা ও কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা ও মতবিনিময় শেষে সাংস্কৃতিক পরিবেশনা, নৈশভোজ এবং র‍্যাফল ড্রয়ের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ার আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ার আলোচনা সভা

শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা, শারীরিক ও মানসিক উন্নয়ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার ও নিরাপদ খাদ্যাভ্যাসের গুরুত্ব অপরিসীম। এ বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে পুষ্টি ও নিরাপদ খাদ্যবিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।

রবিবার (১৫ নভেম্বর) উপজেলার বিলিভার্স একাডেমিতে বসুন্ধরা শুভসংঘ সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের সুষম খাদ্যের প্রয়োজনীয়তা, দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টিকর খাবারের অন্তর্ভুক্তি, নিরাপদ খাদ্য গ্রহণ এবং অস্বাস্থ্যকর ও ভেজাল খাবার পরিহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আলোচনায় শিক্ষার্থীদের জানানো হয়, সুস্থভাবে বেড়ে উঠতে প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল, ডিম, দুধ, মাছসহ বিভিন্ন পুষ্টিকর খাবার রাখা প্রয়োজন। পাশাপাশি বাইরের খোলা খাবার, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার ও অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের ক্ষতিকর দিক সম্পর্কেও তাদের ধারণা দেওয়া হয়। খাবার গ্রহণের আগে সাবান দিয়ে হাত ধোয়া, বিশুদ্ধ পানি পান করা এবং খাবারের পরিচ্ছন্নতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা শেষে শিক্ষার্থী মো. জাইফ মিয়া বলেন, “সুস্থভাবে বেড়ে উঠতে হলে আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে। প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল, ডিম, দুধ ও মাছ রাখা প্রয়োজন। বাইরের খোলা খাবার এবং অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে। আজকের আলোচনা থেকে নিরাপদ ও পুষ্টিকর খাবার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি।”

শিক্ষার্থী মো. আসিফ সরকার বলেন, “শুধু পেট ভরলেই হবে না, শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে হবে। খাবার খাওয়ার আগে হাত ধোয়া, বিশুদ্ধ পানি পান করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন খাবার গ্রহণ করা জরুরি। আমরা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও বন্ধুদেরও নিরাপদ খাদ্য গ্রহণে উৎসাহিত করব।”

বসুন্ধরা শুভসংঘ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকাশ বলেন, “শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সঠিক পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি অস্বাস্থ্যকর ও ভেজাল খাবারের ক্ষতিকর দিক সম্পর্কেও সচেতনতা তৈরি করতে হবে। আমরা চাই, প্রতিটি শিশু পুষ্টি ও নিরাপদ খাদ্য সম্পর্কে জানুক এবং সেই জ্ঞান দৈনন্দিন জীবনে কাজে লাগাক। এ লক্ষ্যেই বসুন্ধরা শুভসংঘের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুর আলম নুর, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আকাশ, সহসাংগঠনিক সম্পাদক আসাদ মিয়া এবং সদস্য শহিদুল ইসলাম সুমন, আল আমিন, মো. জাহাঙ্গীর আলম, জুয়েল রানা ও দেলোয়ার হোসাইন।

আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের মধ্যে পুষ্টি ও নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং তাদের স্বাস্থ্যকর জীবনযাপনে উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%