ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মুডির রেটিং ও সরকারের বহুমুখী পদক্ষেপ অর্থনৈতিক গতি ফেরাবে : মাহ্দী আমিন


মুডির রেটিং ও সরকারের বহুমুখী পদক্ষেপ অর্থনৈতিক গতি ফেরাবে : মাহ্দী আমিন

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তুরাগ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে এক ব্যক্তিকে আটকের পর এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে ঢাকা মেট্রো-৩ সার্কেলের তুরাগ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৬-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। দায়িত্বরত আনসার সদস্যদের সতর্কতা ও সক্রিয় সহযোগিতায় দালাল চক্রের ওই সদস্যকে আটক করা সম্ভব হয়।

অভিযানের সময় আনসার সদস্য পিসি মো. অপু সারোয়ার ও মো. রাসেল মিয়া দালাল চক্রের কার্যক্রমের ওপর নজর রেখে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় সহযোগিতা করেন। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে বিভিন্ন গাড়ির নতুন রেজিস্ট্রেশন, ফিটনেস ও মালিকানা বদলসংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মো. বিল্লাল হোসেন (৪৮), পিতা মো. আব্দুল মান্নান, বাসিন্দা কামারপাড়া, তুরাগ, ঢাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার পর তাঁকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: মতলবে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোলার সরঞ্জাম আমদানিতে শুল্ক কমাল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৩ এম


সোলার সরঞ্জাম আমদানিতে শুল্ক কমাল সরকার

বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকার সোলার সরঞ্জাম ও যন্ত্রপাতির আমদানি শুল্ককে আরও নিচে নামিয়েছে। নতুন সুবিধার আওতায় যোগ্য সোলার সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে মোট ১ শতাংশ কর দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এই সুবিধার অন্তর্ভুক্ত রয়েছে ১ শতাংশের বেশি কাস্টমস শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), অগ্রিম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি। এনবিআর জানিয়েছে, সংশ্লিষ্ট এসআরও জারির তারিখ থেকে ১৮০ দিন এই সুবিধা কার্যকর থাকবে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ২০২৬ সালের ৮ জুন জারি করা এসআরও নং ১৫৯-আইন/২০২৬/১৪/কাস্টমসের আওতায় এনবিআর সোলার খাতের প্রধান উপকরণে শুল্ক ও কর অব্যাহতি প্রদান করেছিল। সেই সময়ে আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি ও অগ্রিম কর মওকুফ করা হয়েছিল। তবে তখনও ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম আয়করসহ মোট ১৭ শতাংশ কর দিতে হতো।

এখন এনবিআর সেই সুবিধা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে সোলার সরঞ্জামের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। এই প্রথমবারের মতো বাণিজ্যিক আমদানিকারকরাও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধার আওতায় আসবেন। এর আগে বাণিজ্যিক আমদানিকারকদের জন্য এই শুল্ক ও কর ছাড় প্রযোজ্য ছিল না।

এনবিআর বলছে, কর কমানোর ফলে সোলার বিদ্যুৎ প্রকল্পের খরচ কমবে এবং নতুন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুততার সাথে যোগ করা সম্ভব হবে। এছাড়াও, এই পদক্ষেপটি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সাহায্য করবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়নকে শক্তিশালী করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০১ এম


চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা

দেশের চলচ্চিত্র শিল্পকে নতুনভাবে গড়ে তুলতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিচ্ছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ এই তথ্য জানিয়েছেন।

আজ বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) 'ফিল্ম ডিরেক্টরস ডে ২০২৬' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে করণীয়, বাস্তবায়ন কৌশল এবং প্রয়োজনীয় সরকারি সহযোগিতাসহ একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, 'আমরা এমন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছি, যার মাধ্যমে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়ে চলচ্চিত্র শিল্পের বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরকে আরও কার্যকর করা যাবে। এফডিসিও এ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।'

তিনি আরও বলেন, সরকার শুধু এফডিসির উন্নয়ন নয়, সামগ্রিক চলচ্চিত্র শিল্পের উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে। অতীতে বাংলাদেশের চলচ্চিত্রে গুণী পরিচালক, প্রযোজক, অভিনেতা ও অভিনেত্রীরা যে অসাধারণ কাজ করেছেন, সেই ঐতিহ্যকে সামনে রেখে চলচ্চিত্রের মান ও শিল্পের সক্ষমতা আরও বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

চলচ্চিত্রের গুণীজনদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, 'চলচ্চিত্র শিল্পের উন্নয়নে নেতৃত্ব দেবেন এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞ ও গুণী ব্যক্তিরাই। সরকার তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবে।'

অনুষ্ঠানে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে 'ফিল্ম ডিরেক্টরস ডে'র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে অবদানের জন্য ফরিদুর রেজা সাগর, বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন, মাসুদ পারভেজ, এ জে মিন্টু, কাজী হায়াৎ, দেলোয়ার জাহান ঝন্টু, ড. মতিন রহমান ও মসিহ উদ্দিন শাকেরসহ বেশ কয়েকজনকে সম্মাননা জানানো হয়। উপস্থিত অতিথি ও দর্শকদের অনুরোধে বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন গানও পরিবেশন করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান, এফডিসির এমডি মাসুমা তানি, পরিচালক সমিতির মহাসচিব শাহীন কবির টুটুলসহ চলচ্চিত্র অঙ্গনের পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকরা অনুষ্ঠানে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাফিনিয়ার হ্যাটট্রিকে ৭ গোলের জয়ে বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ এম


রাফিনিয়ার হ্যাটট্রিকে ৭ গোলের জয়ে বার্সেলোনা

বার্সেলোনা মানেই যেন গোল উৎসব! চলতি মৌসুমে কোচ হানস ডিয়েটার ফ্লিকের দল মাঠে নামছেই যেন প্রতিপক্ষকে গোলবানে ভাসাতে। রাসিং সান্তান্দেরের বিপক্ষেও তার ব্যত্যয় ঘটল না।

এবার দলটা নিজেদেরও ছাপিয়ে গেল যেন! রাফিনিয়া করলেন হ্যাটট্রিক, তারও আগে জোয়াও কানসেলো করলেন দুটি অসাধারণ গোল; সবকিছুর মিশেলে রাসিং সান্তান্দারকে ৭-২ গোলে গুঁড়িয়ে দিয়েছে বার্সেলোনা। 

অষ্টম মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লামিন ইয়ামালের আড়াআড়ি পাস পেয়ে যান কানসেলো। এরপর ২০ গজ দূর থেকে অসাধারণ একটি কার্লিং শট করেন, বল ক্রসবার ছুঁয়ে জালে আটকায়।

এরপর পেদ্রো ফেলিপের ফাউলে পেনাল্টি পান রাফিনিয়া। সেটি নিচের ডানদিকে জালে পাঠিয়ে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা। ৩০তম মিনিটে মাগেত গুয়ে গোল করে ব্যবধান কমালেও কানসেলো আবার দূর থেকে গোলের ওপরের বাম কোণে শট মেরে বার্সাকে দুই গোলের লিড ফিরিয়ে দেন। এই গোলটিও ছিল দেখার মতো।

বিরতির আগেই রাফিনিয়া তার দ্বিতীয় গোলটি করেন। দানি ওলমোর চমৎকার পাস পেয়ে নিচু শটে বল জালে পাঠান তিনি। এরপর আদেয়েমিকে ফেলে দেওয়ায় আরেকটি পেনাল্টি পায় বার্সা। রাফিনিয়া সেবার পেনাল্টির দায়িত্ব ইয়ামালকে দিলেও গোলকিপার আগিরেজাবালা তা ঠেকিয়ে দেন।

বিরতির পর বিকল্প হিসেবে নামা ভয়চেখ শেজনির ভুলের সুযোগে ইয়াসির জাবিরি গোল করে ব্যবধান কমান। কিন্তু মাত্র দুই মিনিটের মধ্যে আদেয়েমিকে ফাউল করায় পেনাল্টি পেয়ে রাফিনিয়া তার হ্যাটট্রিক পূরণ করেন।

এরপর গ্যাব্রিয়েল জেসুস ওপরের ডান কোণে বল পাঠিয়ে স্কোর করেন। আর ৮৯তম মিনিটে আদেয়েমির কাছ থেকে পাস পেয়ে ইয়ামাল ফার্স্ট-টাইম শটে গোল করে ম্যাচ শেষ করেন।

এই মৌসুমে এটি বার্সেলোনার ছয়তম টানা লা লিগা জয়। এই শতাব্দীতে ষষ্ঠবার প্রথম ছয় ম্যাচ জিতে শুরু করল তারা। আগের পাঁচবারের মধ্যে চারবারই মৌসুম শেষে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা।

ফ্লিকের দল এখন পর্যন্ত ২৮ গোল করেছে, যা লা লিগায় সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ গোল বেশি। এই সাফল্যের কেন্দ্রে রয়েছেন রাফিনিয়া। ফ্লিকের ডাকে ফলস নাইন হিসেবে খেলে ছয় ম্যাচে নয় গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন তিনি।

কানসেলোর দুটি লংরেঞ্জ গোলের মোট এক্সপেক্টেড গোল (এক্সজি) ছিল মাত্র ০.০৪৭, যা বোঝায় এই গোলগুলো কতটা অবিশ্বাস্য ছিল। পুরো ম্যাচে বার্সার এক্সজি ছিল ৬.৬৫, আর রাসিংয়ের মাত্র ১.৮৬।

ইয়ামালও শেষমেশ গোল পেয়েছেন। ক্যারিয়ারে প্রথমবার টানা চার লা লিগা ম্যাচে গোল করলেন স্প্যানিশ তারকা। এই মৌসুমে এখন তার মোট গোল সাত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের অধিকার রক্ষায় সহযোগিতার আশ্বাস দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ এম


ইরানের অধিকার রক্ষায় সহযোগিতার আশ্বাস দিল চীন

চীন ইরানের ‘বৈধ অধিকার ও স্বার্থ’ রক্ষায় দেশটির সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদারের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। বুধবার বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন।

ওয়াং ই বলেন, “চীন ইরানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা জোরদার করতে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সহযোগিতা করতে প্রস্তুত।”

তিনি ইরান ও যুক্তরাষ্ট্রকে ‘যৌক্তিক ও সংযত’ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

ওয়াং ই আরও বলেন, চীন চায় আঞ্চলিক উত্তেজনা যেন ইয়েমেন ও লোহিত সাগর পর্যন্ত আরও ছড়িয়ে না পড়ে। তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত যে ঐকমত্য হয়েছে, তার ভিত্তিতে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনার প্রক্রিয়া পুনরায় গড়ে তোলা উচিত।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি আবারও দেখিয়ে দিয়েছে যে মধ্যপ্রাচ্যের বিদ্যমান নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট নয়। এটি সংস্কার ও আরও শক্তিশালী করা প্রয়োজন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি, ন্যায় ও ন্যায্যতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে প্রস্তুত চীন। ইরানের বিষয়ে চীনের নীতিও ধারাবাহিক ও স্থিতিশীল রয়েছে।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, মধ্যপ্রাচ্যে ‘মৌলিক পরিবর্তন’ এসেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী’ যুদ্ধের অবসান ঘটাতে তেহরান আঞ্চলিক আলোচনা শুরু করেছে।

নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে আরাঘচি বলেন, “আমরা এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে চাই এবং প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ সম্পর্ক চাই। এ লক্ষ্যে আমরা অঞ্চলের দেশগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছি।”

এর আগে চলতি সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছিল বেইজিং, যেখানে দাবি করা হয়েছিল চীনা প্রতিষ্ঠানগুলো ইরানের কাছে জর্ডানে মার্কিন সেনাদের অবস্থান করা একটি সামরিক ঘাঁটির স্যাটেলাইট ছবি সরবরাহ করেছে।

এ ছাড়া গত এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে একটি চিঠি লিখে ইরানের কাছে অস্ত্র বিক্রি না করার অনুরোধ করেছিলেন।

চীন ইরানের অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার। একই সঙ্গে ইরানের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%