১০:২২ এম
ইরানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এবং এর আশপাশে জাহাজে হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অক্টোবর ও নভেম্বর মাসে এই অঞ্চলে হামলার সংখ্যা আগের যেকোনো মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে। একের পর এক তেলবাহী ট্যাংকার হামলার শিকার হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজের ২১ নভেম্বরের প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে হরমুজ প্রণালী ও এর আশপাশে ৩১টি হামলার ঘটনা ঘটেছে। নভেম্বরের ১৮ তারিখ পর্যন্ত আরও প্রায় ১৯টি হামলার খবর পাওয়া গেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউকেএমটিওর কাছে এ অঞ্চলে মোট ৫৩টি ঘটনার তথ্য ছিল। ওই সময় হরমুজ প্রণালী ও আশপাশের উপসাগরগুলোতে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১৫টি ঘটনার খবর পাওয়া যেত। সাম্প্রতিক সময়ে হামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
আরও পড়ুন: বিচারপতির বদলে ওয়েইসিকে গার্ড অব অনার, কীভাবে ঘটল এমন বিভ্রান্তি
জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) হিসাবেও হামলার সংখ্যা বেড়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, অক্টোবর ও নভেম্বর মাসে হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় ৩৪টি হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে জাহাজে মোট ১৩৮টি হামলার হিসাব করেছে সংস্থাটি।
ইউকেএমটিওর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হামলার শিকার অধিকাংশ ট্যাংকার হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ওমানের উপকূলসংলগ্ন এলাকায় চলাচলের সময় লক্ষ্যবস্তু হয়েছে। এ জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তার প্রভাব পড়তে পারে।
এদিকে যুক্তরাজ্যের যৌথ সামুদ্রিক তথ্যকেন্দ্রের (জেএমআইসি) ১৯ নভেম্বরের প্রতিবেদনে হরমুজ প্রণালির নিরাপত্তাঝুঁকিকে ‘সিভিয়ার’ বা গুরুতর পর্যায়ে রাখা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রণালিতে চারটি হামলার ঘটনা ঘটেছে। আগের ৯৬ ঘণ্টায় কোনো নিশ্চিত হামলার খবর ছিল না। বর্তমান পরিস্থিতিতে আরও হামলার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
এবিসি নিউজকে দেওয়া বক্তব্যে বিশ্লেষকেরা বলেছেন, হরমুজ প্রণালিতে হামলা বাড়ানোর পেছনে যুক্তরাষ্ট্রের উদ্যোগে জ্বালানি তেল পরিবহন সচল রাখার প্রচেষ্টাকে জটিল করে তোলার কৌশল থাকতে পারে। তাঁদের মতে, এ ধরনের হামলা জাহাজ চলাচলের ব্যয় ও ঝুঁকি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থাকে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।
আরও পড়ুন: মিসরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবনযাত্রা থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত থাকলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেল পরিবহন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন