ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৩১ পি.এম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিয়ে শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষকদের শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার দায়িত্বও নিতে হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া পৌর অডিটোরিয়ামে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সময়ে পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ধর্মীয় ও সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন জরুরি। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির সর্বশ্রেষ্ঠ আদর্শ। মহানবী (সা.)-এর জীবন, কর্ম, ন্যায়নীতি, মানবিকতা ও সমাজ পরিচালনার আদর্শ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করে কীভাবে একজন ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হওয়া যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করার জন্য প্রস্তুত করলে হবে না। তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। একজন শিক্ষার্থীর মধ্যে সততা, শৃঙ্খলা, সহনশীলতা, মানবিকতা ও ন্যায়বোধ তৈরি করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব গুণ অর্জন করতে পারলেই তারা ভবিষ্যতে দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, সমাজসেবক জুলফিকর হায়দার প্রমুখ্য।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাসুদ রানা পলাশ, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মলাদ জোমাদ্দার ও উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার সহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ধানমন্ডিতে ডক্টর মালিকা কলেজের প্রতিষ্ঠা দিবস ও কলেজের প্রতিষ্ঠাত্রী ডক্টর মালিকা আল-রাজীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সিরাজুল ইসলামসহ শিক্ষক প্রতিনিধিরা ডক্টর মালিকা আল-রাজীর জীবন, শিক্ষা ও কলেজ প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।
উল্লেখ্য, ডক্টর মালিকা আল-রাজী ১৯১৯ সালে ঢাকার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা শেষে তিনি ১৯৫৪ সালে বিলেতে গিয়ে লন্ডন ইউনিভার্সিটি থেকে রসায়ন শাস্ত্রে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮২ সালে তিনি ডক্টর মালিকা কলেজ প্রতিষ্ঠা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ৪নং কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড (উত্তর আনইল বুনিয়া) এলাকায় টানা ৩০ বছরের পরিচিত মুখ, সাধারণ ও অসহায় মানুষের আস্থার প্রতীক বর্তমান ইউপি সদস্য জনাব আইউব আলী মৃধা। এলাকার সার্বিক উন্নয়ন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং গরিব-দুঃখী মানুষের সুখে-দুঃখে পাশে থেকে তিনি বিগত তিন দশক ধরে নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উত্তর আনইল বুনিয়া এলাকার সর্বস্তরের ভোটাররা আবারও তাকেই মেম্বার পদে দেখতে চান।
স্থানীয় বাসিন্দা ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইউব আলী মৃধা কেবল একজন জনপ্রতিনিধি নন, বরং তিনি এলাকার একজন অভিভাবক সমতুল্য। যেকোনো বিচার-শালিস বা সামাজিক সমস্যায় বস্তুনিষ্ঠ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা সর্বজনবিদিত। গরিব-দুঃখীদের পাশে দাঁড়ানো, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া এবং আপদে-বিপদে মানুষের সহায়তায় এগিয়ে আসার কারণে তিনি সর্বস্তরের মানুষের কাছে 'গরিবের বন্ধু' ও 'সত্যবাদী জনপ্রতিনিধি' হিসেবে পরিচিতি লাভ করেছেন।
৪নং ওয়ার্ডের স্থানীয় একাধিক ভোটার জানান, “দীর্ঘ ৩০ বছর ধরে তিনি সততার সঙ্গে আমাদের সেবা দিয়ে আসছেন। এলাকায় যেকোনো সমস্যায় তাকে আমরা দিন-রাত পাশে পাই। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও এলাকার বাকি উন্নয়নমূলক কাজগুলো সফলভাবে সম্পন্ন করতে আমরা আবারও আইউব আলী ভাইকেই আমাদের মেম্বার হিসেবে জয়যুক্ত করতে চাই।
পুনরায় প্রার্থী হওয়ার বিষয়ে বর্তমান ইউপি সদস্য জনাব আইউব আলী মৃধা বলেন, “জনসেবাই আমার জীবনের মূল ব্রত। উত্তর আনইল বুনিয়া এলাকার প্রতিটি মানুষ আমার পরিবারের মতো। দীর্ঘ ৩০ বছর ধরে তারা আমাকে যে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়েছেন, আমি সারা জীবন তাদের সেই ঋণে আবদ্ধ। এলাকার শান্তি, ঐতিহ্য রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমি সততার সঙ্গে কাজ করেছি। আগামী দিনেও উত্তর আনইল বুনিয়া ওয়ার্ডকে একটি সুসংগঠিত, শান্তিময় ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
এলাকার প্রবীণ ও নবীন সকল স্তরের ভোটারদের প্রত্যাশা—সততা, ন্যায়বিচার ও দীর্ঘদিনের অভিজ্ঞতার মূল্যায়ন করে এবারও ৪নং ওয়ার্ডবাসী আইউব আলীর ওপরই ভরসা রাখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নরওয়ের বিরুদ্ধে সম্পূর্ণ ম্যাচ বেঞ্চে বসে থাকার পর ক্রিস্টিয়ানো রোনালদোকে কেন্দ্র করে পর্তুগাল দলের মধ্যে যে অস্বস্তির খবর ছড়িয়েছিল, তা শেষ পর্যন্ত বড় কোনো ঘটনায় পরিণত হয়নি। পর্তুগালের কোচ জর্জ জেসুস এবং অধিনায়ক রোনালদো একে অপরের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন।
পর্তুগিজ সংবাদমাধ্যম অবজারভাদর জানায়, আলোচনার পর উভয়েই সন্তুষ্ট ছিলেন এবং উয়েফা নেশনস লিগের পরবর্তী দুই ম্যাচের দিকে মনোযোগ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন।
নরওয়ের বিরুদ্ধে পর্তুগালের ২-১ গোলে জয়ী ম্যাচে রোনালদোকে বদলি হিসেবে মাঠে নামানোর পরিকল্পনা করেছিলেন জেসুস। কিন্তু ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসেন জেসুস।
ম্যাচ শেষে রোনালদো সতীর্থদের সঙ্গে সমর্থকদের অভিবাদন জানাতে না গিয়ে দ্রুত ড্রেসিংরুমে চলে যান। জেসুস অবশ্য বলেছিলেন, রোনালদোকে না খেলানোর অর্থ এই নয় যে, দলের পরিকল্পনায় তিনি নেই।
এরপর গতকাল মঙ্গলবার মালমোতে অনুশীলনেও রোনালদো দলের সঙ্গে ছিলেন না। তিনি শুধুমাত্র জিমে অনুশীলন করেন।
এ অবস্থায় পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা নির্ধারিত সময়ের আগেই ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার আগাম সফরকে রোনালদো-জেসুস টানাপোড়েনের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হচ্ছিল।
তবে প্রোয়েনসার হস্তক্ষেপের আগেই রোনালদো এবং জেসুসের বৈঠক সম্পন্ন হয়। বৈঠকের পর উভয় পক্ষের মধ্যে তৈরি হওয়া অস্বস্তি কেটে গেছে বলে জানিয়েছে অবজারভাদর।
যদিও বৈঠক সম্পন্ন হয়েছে, আগামীকাল ডেনমার্কের বিপক্ষে ম্যাচে রোনালদো পর্তুগালের শুরুর একাদশে থাকবেন—এমন নিশ্চয়তা নেই। বিষয়টি পুরোপুরি জেসুসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরাইল থেকে ফসলি জমির মাটি উত্তোলন করে নেওয়ার অভিযোগ, মাটি ভর্তি বাল্কহেড জব্দ
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে পাচারের সময় মাটি ভর্তি বাল্কহেডসহ দুইজনকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভৈরব লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—চাঁদপুরের মতলব উত্তর থানার মান্দারতলী এলাকার মৃত জাফর আলী চৌধুরীর ছেলে মো. ইসমাইল হোসেন (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার বানিদিয়া গ্রামের হাজী আবদুল জাহেদ মিয়ার ছেলে মো. আতিকুর রহমান (৩৫)।
ভৈরব নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন করে একটি বাল্কহেডে করে ভৈরবের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভৈরব লঞ্চঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি বাল্কহেডটি জব্দ করা হয়। এ সময় বাল্কহেডে থাকা দুইজনকে আটক করা হয়।
অভিযানে ভৈরব নৌ থানার এসআই রহিদুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভৈরব নৌ থানার এসআই রহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি ভর্তি বাল্কহেডসহ দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সরাইল এলাকার মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ