ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলছে টেন্ডার জমার সুযোগ


রাজী ফখরুলের ‘গ্রিন সিগন্যালেই’ মিলছে টেন্ডার জমার সুযোগ

বিদ্যুৎ খাতের বিভিন্ন সরকারি প্রকল্পের টেন্ডার নিয়ন্ত্রণে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে কুমিল্লার দেবিদ্বারের সাবেক সংসদ-সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের বিরুদ্ধে। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ সিন্ডিকেটের সদস্য হিসেবে কাজ করে তার সম্মতি ছাড়া ঠিকাদারদের টেন্ডার জমা দেওয়ার সুযোগ পাওয়া কঠিন ছিল। সরকারি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়া, টেন্ডার নিয়ন্ত্রণ ও তদবিরের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

সূত্রের দাবি অনুযায়ী, বিদ্যুৎ খাতের বিভিন্ন লাভজনক প্রকল্প ঘিরে গড়ে ওঠা একটি প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন রাজী ফখরুল। এ সিন্ডিকেটের মাধ্যমে ঠিকাদারদের কাজ পাওয়ার সুযোগ, টেন্ডারে অংশগ্রহণের সুযোগ এবং কোন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হবে—এসব ক্ষেত্রে প্রভাব বিস্তার করা হতো বলে অভিযোগ রয়েছে। তার ‘গ্রিন সিগন্যাল’ ছাড়া ঠিকাদারদের পক্ষে টেন্ডার জমা দেওয়াও কঠিন ছিল বলে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি প্রকল্পের কাজ বণ্টন এবং টেন্ডার প্রক্রিয়ায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল সংশ্লিষ্ট চক্রটি। এর মাধ্যমে বিভিন্ন লাভজনক কাজ পাইয়ে দেওয়া ও তদবিরের বিনিময়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হতো। তবে এসব অভিযোগের পক্ষে নির্দিষ্ট টেন্ডার নথি, আর্থিক লেনদেনের দলিল কিংবা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

রাজী ফখরুলের বিরুদ্ধে শুধু টেন্ডার নিয়ন্ত্রণ নয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচারের অভিযোগও রয়েছে। একাধিক সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ ছাড়েন তিনি। প্রথমে মালয়েশিয়ায় এবং পরে থাইল্যান্ডে অবস্থান নেন। বর্তমানে সেখানে বসে ব্যবসা পরিচালনার পাশাপাশি রাজনৈতিক যোগাযোগ ও সিন্ডিকেটের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

তবে বিদ্যুৎ খাতের টেন্ডার নিয়ন্ত্রণ, অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের এসব অভিযোগের বিষয়ে রাজী মোহাম্মদ ফখরুলের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম সরকারি কলেজের ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


কুড়িগ্রাম সরকারি কলেজের ‘বাঁধন’-এর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ৩০ বছরে পদার্পণ করেছে, যার প্রতিপাদ্য ছিল 'উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ'। মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে এই উপলক্ষে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির।

২৫ অক্টোবর, রবিবার দুপুরে ‘বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন’ এর উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, পুরস্কার প্রদান ও তবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুর রহমান সরকার। সংগঠনের সভাপতি বাঁধন সরকারের সভাপতিত্বে এবং সহসভাপতি জিহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধনের উপদেষ্টা রাশেদুল ইসলাম ও তাহসিনুর রহমান তমাল এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া।

অনুষ্ঠানে ড. মো. সাইফুর রহমান সরকার বলেন, "বাঁধন একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক সেচ্ছাসেবী সংগঠন যারা মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রাতদিন ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিনামূল্যে রক্ত সরবরাহ করে।" তিনি শিক্ষার্থীদের এই মহৎ কাজে সম্পৃক্ত হয়ে সুন্দর সমাজ বিনির্মাণের আহ্বান জানান।

তাহসিনুর রহমান তমাল বলেন, "এক ব্যাগ রক্ত একটি ‘জীবন’, একঝাঁক নিবেদিত প্রাণ একটি ‘বাঁধন’।" তিনি উল্লেখ করেন, সংগঠনটি একটি সংঘবদ্ধ জনগোষ্ঠী, যারা নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে। তিনি আশা প্রকাশ করেন যে, একদিন বাংলাদেশের প্রতিটি মানুষ নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।

সংগঠনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বাঁধন এ পর্যন্ত ১২ লাখ ২৭ হাজার ৮৬৫ ব্যাগ রক্ত সরবরাহ করেছে এবং সম্পূর্ণ বিনামূল্যে ২৬ লাখ ৫৫ হাজার ৫১০ জন মানুষকে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে ৮ হাজার প্রবাসী ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


সৌদি আরবে ৮ হাজার প্রবাসী ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি

গত এক সপ্তাহের মধ্যে সৌদি আরব ৭ হাজার ৯৩৪ জন বিদেশি নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সময়ে, দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ হাজার ৯০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবরের মধ্যে পরিচালিত অভিযানে আটককৃতদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৮৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, সীমান্ত অতিক্রম করে অনুমতি ছাড়া দেশত্যাগের চেষ্টার সময় ২২ জনকে আটক করা হয়েছে।

এছাড়া, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, কর্মসংস্থান বা তথ্য গোপন করে সহায়তা করার অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩৭ হাজার ৬১৮ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে ভিসা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।

ট্রাভেল পারমিট সংগ্রহের জন্য সৌদি কর্তৃপক্ষ ২০ হাজার ২৫২ জনকে তাদের নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠিয়েছে। এছাড়া, ৬ হাজার ৫৫৫ জনকে ফ্লাইটের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।

মন্ত্রণালয় জানায়, এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জনকে ফেরত পাঠানো হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে ফেরত পাঠানো ব্যক্তিদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছে সরকার : মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছে সরকার : মীর শাহে আলম

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার খেলাধুলার উন্নয়ন, নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারীদের এগিয়ে নিতে কাজ করছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

তিনি উল্লেখ করেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস এবং সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করে। বিশেষ করে নারীদের ফুটবলে উৎসাহিত করতে তৃণমূল পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন অপরিহার্য।

আজ বিকেল ৪টায় বগুড়ার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে মোকামতলা উপজেলা বিএনপি আয়োজিত ‘নারী প্রীতি ফুটবল টুর্নামেন্টে’ তিনি এসব কথা বলেন। মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য জানান।

টুর্নামেন্টে অংশগ্রহণ করে বগুড়া মহিলা ফুটবল একাদশ ও নীলফামারী মহিলা ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নীলফামারী মহিলা ফুটবল একাদশ ১-০ গোলে বগুড়া মহিলা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনা ছিল উল্লেখযোগ্য। আয়োজকেরা জানান, ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নারী ফুটবলারদের উৎসাহিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ল্যাঙ্কাশায়ারের সঙ্গে জেমস অ্যান্ডারসনের ২৫ বছরের সম্পর্ক শেষ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


ল্যাঙ্কাশায়ারের সঙ্গে জেমস অ্যান্ডারসনের ২৫ বছরের সম্পর্ক শেষ

ল্যাঙ্কাশায়ারের সঙ্গে জেমস অ্যান্ডারসনের ২৫ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটতে যাচ্ছে। কাউন্টিটি আগামী মৌসুমের জন্য তাঁর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। ৪৪ বছর বয়সী অ্যান্ডারসন রোববার জানিয়েছেন, এই সিদ্ধান্তটি তাঁর দ্বারা নেওয়া হয়নি। যদিও তিনি ল্যাঙ্কাশায়ার ছাড়ার কথা নিশ্চিত করেছেন, তবে অবসর নেওয়ার বিষয়ে কোনো ঘোষণা দেননি তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যান্ডারসন উল্লেখ করেছেন, ছোটবেলা থেকেই তিনি ল্যাঙ্কাশায়ারের সমর্থক ছিলেন এবং ২৫ বছর ধরে সেই দলের হয়ে খেলতে পারা তাঁর স্বপ্নপূরণের সমান। ওল্ড ট্র্যাফোর্ডে মাঠে নামার অনুভূতিকে তিনি বিশেষ বলে উল্লেখ করেছেন। তিনি দলের অধিনায়ক হওয়ার সম্মান পাওয়ার কথাও স্মরণ করেছেন। তবে তাঁর ভাষায়, যদি সিদ্ধান্তটি তাঁর হাতে থাকতো, তাহলে সম্পর্কটির শেষ এভাবে হতো না। একই সঙ্গে তিনি দলের খেলোয়াড় ও সমর্থকদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন।

ল্যাঙ্কাশায়ার জানায়, চলমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে অ্যান্ডারসনের ক্লাবের হয়ে খেলার অধ্যায়ও শেষ হবে। ১৯ অক্টোবর, ক্লাবের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস এবং প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়ন অ্যান্ডারসনের সঙ্গে বৈঠক করেন। সেখানেই তাঁকে ২০২৭ মৌসুমের জন্য চুক্তি না বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।

ফারব্রেস জানিয়েছেন, দ্বিতীয় বিভাগ থেকে উন্নীত হয়ে প্রথম বিভাগে শিরোপার জন্য লড়াই করতে সক্ষম একটি নতুন দল গড়ার পরিকল্পনা করছে ল্যাঙ্কাশায়ার। আগামী তিন থেকে চার বছরের মধ্যে সেই লক্ষ্য পূরণ করতে চায় তারা। সেই পুনর্গঠনের অংশ হিসেবেই অ্যান্ডারসনের চুক্তি না বাড়ানোর ‘অত্যন্ত কঠিন’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ফারব্রেস তাঁকে ল্যাঙ্কাশায়ার ও ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা, বরং ক্লাবটির তৈরি করা সর্বকালের সেরা বোলার হিসেবে অভিহিত করেছেন।

বার্নলির সন্তান অ্যান্ডারসন ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। কাউন্টিটির হয়ে ১১২টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর শিকার ৪৪৩ উইকেট। তালিকাভুক্ত এক দিনের ক্রিকেটে ৬১ ম্যাচে নিয়েছেন ৮৩ উইকেট, আর ৪০টি টি-টোয়েন্টিতে পেয়েছেন ৫০ উইকেট। ২০১১ সালে ল্যাঙ্কাশায়ারের কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০১৯ সালে কেন্টের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচে ১ হাজার প্রথম শ্রেণির উইকেটের মাইলফলক স্পর্শ করেন অ্যান্ডারসন। ২০২৬ মৌসুমে প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের পূর্ণকালীন অধিনায়কও হন।

চলতি মৌসুমেও বল হাতে কার্যকর ছিলেন অ্যান্ডারসন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন তিনি, গড় ছিল ১৭.৬৮। তবে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স ল্যাঙ্কাশায়ারকে দ্বিতীয় বিভাগের নিচের দিক থেকে তুলতে পারেনি। দলটি মৌসুম শেষ করেছে দ্বিতীয় বিভাগের দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে।

ইংল্যান্ডের হয়ে অ্যান্ডারসনের আন্তর্জাতিক অধ্যায় শেষ হয় ২০২৪ সালে। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে শেষ করেন তিনি, যা টেস্ট ক্রিকেটে কোনো পেসারের সর্বোচ্চ এবং ইংল্যান্ডের ইতিহাসেও সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে তাঁর শিকার ৯৯১ উইকেট। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর তাঁর সামনে অন্য কোনো দলের হয়ে খেলার সুযোগ থাকবে কি না, কিংবা এখানেই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন কি না—তা এখনো নিশ্চিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%