বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
১০:৫৪ পি.এম
জেলা ক্রীড়া সংস্থা এবং ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) চাঁদপুর জেলা শাখার মধ্যে চাঁদপুর জেলা স্টেডিয়াম ব্যবহারের জটিলতা ও অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই ফলপ্রসূ আলোচনা শেষে কোয়াব তাদের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা ক্রীড়া সংস্থার অফিস রুমে এই যৌথ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনু, ফুটবল কমিটির সম্পাদক আনোয়ার হোসেন মানিক, ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আহমেদ হাসান আল জায়েদ রিফাই, এবং সাবেক কৃতি ফুটবলার আমিনুল। কোয়াবের প্রতিনিধিত্ব করেন জাতীয় দলের ক্রিকেটার ও কোয়াবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রানা, কোয়াব চাঁদপুর ইনচার্জ মোরসালিন খান, সদস্য সাদ্দাম হোসাইন, আল ফাহাদ, সাদ্দাম হোসেন মিঠু ও ফয়সাল হোসেন নকীবসহ স্থানীয় উদীয়মান ক্রিকেট খেলোয়াড়রা।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদিন জনু মন্তব্য করেন, “আমরা চাই চাঁদপুরে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স ও কাবাডিসহ সকল ইভেন্টের খেলাধুলা সচল থাকুক। স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক চাঁদপুরের খেলাধুলার উন্নয়নে অত্যন্ত আন্তরিক।” তিনি আরও জানান, স্থানীয় খেলোয়াড়দের স্বার্থ রক্ষার জন্য এবং ফুটবলের পাশাপাশি সপ্তাহে ১-২ দিন ম্যাচ বাদ দিয়ে বাকি দিনগুলোতে ক্রিকেটারদের মাঠ ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য সুব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কোয়াবের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান রানা বলেন, “অক্টোবর থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত আমাদের মূল ক্রিকেট মৌসুম। এই সময়ে মাঠ না পেলে স্থানীয় ক্রিকেটারদের ভবিষ্যৎ ও টুর্নামেন্ট মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হবে।” তবে জেলা ক্রীড়া সংস্থার আশ্বাসের কথা উল্লেখ করে তিনি জানান, স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করে সমাধান না হওয়া পর্যন্ত কোয়াব তাদের মানববন্ধনের কর্মসূচি স্থগিত রেখেছে।
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করে একটি সন্তোষজনক ও মধ্যস্থতামূলক সমাধানের জোরালো আশ্বাস দেওয়া হয়েছে। আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে চাঁদপুর স্টেডিয়ামে ফুটবল ও ক্রিকেট-উভয় খেলার সুস্থ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুকূলে ‘স্বাধীনতা কাপ ২০২৬’, ‘সুপার কাপ ২০২৬’, ‘ফেডারেশন কাপ ২০২৬-২৭’ এবং ‘বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭’-এর খেলা আয়োজনের জন্য চাঁদপুর জেলা স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আসন্ন বাংলাদেশ ফুটবল লিগে অংশগ্রহণকারী ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব স্টেডিয়ামটিকে তাদের ‘হোম ভেন্যু’ হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছে। এরই প্রেক্ষিতে গত ২২ আগস্ট ২০২৬ থেকে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত মাঠ, ড্রেসিং রুমসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাফুফের অনুকূলে ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দীর্ঘসময় মাঠ ফুটবলকে দেওয়ায় স্থানীয় ক্রিকেট চর্চা ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জয়পুরহাটে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ১৫ জন বেকার যুবকের মাঝে ১৫টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকালে জেলা পরিষদ কার্যালয় চত্বরে তাদের আয়োজিত অনুষ্ঠানে দরিদ্র বেকারদের হাতে এসব ভ্যানগাড়ির বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ভ্যানগাড়িগুলো হস্তান্তর করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
এ সময় তিনি বলেন, বেকারত্ব দূর করতে ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে জেলা পরিষদ নানামুখী উদ্যোগ গ্রহণ করছে। এই ভ্যানগাড়িগুলো বেকার যুবকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তার পাশাপাশি তাদের পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুল আলীম। এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ও কুয়েত দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেছে। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বিশেষ অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী হামাদ আল-মাশআনের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার বৈঠকে হুমায়ুন কবির চলমান মধ্যপ্রাচ্য সংকটে কুয়েতের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের আগ্রহের কথা জানান।
কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংহতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ-কুয়েত যৌথ কমিশনের পরবর্তী বৈঠক দ্রুত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য খাতে সহযোগিতা আরও এগিয়ে নেওয়া যায়।
হুমায়ুন কবির কুয়েতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জানান, বাংলাদেশও শিগগিরই যৌথ কমিশনের বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রস্তুত। বৈঠকে বাংলাদেশ-কুয়েত সম্পর্কের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানবিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২৬ হাজার ফলোয়ারের মাইলফলক অর্জন করেছেন। এই আনন্দের মুহূর্তকে স্মরণীয় করে তোলার জন্য তিনি ‘টিম বিজয়ী’র ভলেন্টিয়ারদের সঙ্গে কেক কেটে সেলিব্রেশন করেন।
২৭শে আগষ্ট (মঙ্গলবার) পুরান বাজারে অবস্থিত তাঁর বাসায় নারী নেত্রী তানিয়া ইশতিয়াক খান ভলেন্টিয়ারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা সামাজিক কার্যক্রমে নিরলসভাবে সহযোগিতা করে আসছেন এবং ফেসবুক পেজে সবসময় সক্রিয় থাকেন। ডিজিটাল প্ল্যাটফর্মে সামাজিক সচেতনতা ও নারী উন্নয়নে ভলেন্টিয়ারদের এই সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ভলেন্টিয়ারদের হাতে বিশেষ শুভেচ্ছা উপহার প্রদান করেন তানিয়া ইশতিয়াক খান। এই সময় ভলেন্টিয়ারদের মধ্যে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) স্থানান্তরের আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিইউর রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী স্থানান্তর ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৩ আগস্ট শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিসিইউ প্রশাসন এবং সংশ্লিষ্ট সাত কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে। একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠন করা হবে ‘স্থানান্তর বাস্তবায়ন কমিটি’।
রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩১ আগস্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লিখিত তিন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তালিকা, পরীক্ষার ফল, সিলেবাস ও একাডেমিক রেগুলেশনের হার্ড ও সফটকপি ডিসিইউ প্রশাসনের কাছে হস্তান্তর করবে।
শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তথ্যসেবা দিতে ডিসিইউর প্রশাসনিক কার্যালয় এবং সাত কলেজের প্রতিটিতে পৃথক হেল্পডেস্ক চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিলেবাস অনুসারেই অনুষ্ঠিত হবে।
২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ হবে সেপ্টেম্বর ২০২৬ সালে এবং পরীক্ষা শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এ ক্ষেত্রে টার্মপেপার মূল্যায়ন স্ব স্ব কলেজের বিভাগ সম্পন্ন করবে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ অক্টোবর ২০২৬ সালে অনুষ্ঠিত হবে। তাদের পরীক্ষা শুরু হবে একই বছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহে।
অন্যদিকে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ হবে ডিসেম্বর ২০২৬ সালে। এ বর্ষের পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে।
বিষয়ভিত্তিক পরীক্ষার রুটিন ও চূড়ান্ত তারিখ খুব শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ডিসিইউ কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ