০৩:২৭ পি.এম
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলার সফল আত্মকর্মী যুবক ও যুব সংগঠকদের কাজের স্বীকৃতিস্বরূপ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের ময়নাকাটা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আরিফ জামিল ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।
আরও পড়ুন: ঘাটারচরে নকল ওষুধ কারখানায় অভিযান, ৬ জন আটক
অনুষ্ঠানে সফল যুব সংগঠক হিসেবে বক্তব্য দেন সাউথ বেঙ্গল ইউথ ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, যুবসমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। তরুণদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, ২০২০ সাল থেকে সাউথ বেঙ্গল ইউথ ক্লাব শিবচরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এইচ. এম. ইবনে মিজান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে যুবকদের এগিয়ে আসতে হবে।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আ. হাই আকনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্কুলছাত্রী যুথির হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
অনুষ্ঠানের শেষপর্যায়ে উপজেলার চারজন সফল আত্মকর্মী যুবক ও যুব সংগঠককে তাঁদের কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন