০৪:১০ পি.এম
নরসিংদীর রায়পুরায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্র হাতে ভাইরাল হওয়া নিরব মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রায়পুরা পৌর শহর থেকে রায়পুরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া নিরব উপজেলার চানপুর ইউনিয়নের সদাগরকান্দি এলাকার হুমায়ুন মিয়ার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট সদাগরকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদ উদ্দিনের অনুসারীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সরকার বাড়িতে হামলা চালায়। হামলার সময় গুলিবিদ্ধ হয়ে সরকারবাড়ির মোমেন সরকার (৫২) নিহত হন। ঘটনার পর ফরিদ উদ্দিনের অনুসারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। অস্ত্রধারীদের ভয়ে সরকারবাড়ির অনেক নারী-পুরুষ বর্তমানে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
আরও পড়ুন: কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, ৫ লাখ টাকা জরিমানা
অভিযোগ রয়েছে, গ্রেপ্তার হওয়া নিরবের মতো আরো কয়েকজন অস্ত্রধারী প্রকাশ্যে সদাগরকান্দি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এতে সরকারবাড়ির লোকজনসহ স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া গত ৬ সেপ্টেম্বর বিদ্যালয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদুল ইসলাম টুটুলকে মাথায় অস্ত্র ঠেকিয়ে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। তিন দিন আগে সাইফুল্লাহ নামে আরেক যুবককে তুলে নিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগও উঠেছে ফরিদ উদ্দিনের অনুসারীদের বিরুদ্ধে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৫২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক হাতে অস্ত্র উঁচিয়ে ধরে অন্য হাতে মোবাইল ফোনের ক্যামেরায় নিজের ভিডিও ধারণ করছেন এক যুবক। এ সময় তার সঙ্গে অস্ত্র হাতে আরো কয়েকজনকে হাঁটতে দেখা যায়।
ভিডিওর কিছু অংশে দেখা যায়, একটি বাড়ির আঙিনায় বসে থাকা অবস্থায় তার হাতে একনলা বন্দুক ও কোলে হেলমেট দেখা যায়। ঘরের ভেতরে বিছানার ওপরও একটি একনলা বন্দুক ও একটি ভেস্ট পড়ে থাকতে দেখা যায়। ভিডিওর শেষাংশে হাতে বন্দুক নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও ধারণ করেন ওই যুবক।
এ ব্যাপারে জানতে ফরিদ উদ্দিনের মুঠোফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে। এ কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রবীন্দ্রবিরোধী পোস্টার সাঁটানো
চানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন সরকার বলেন, "ফরিদ উদ্দিনের অনুসারীরা আমাদের একজনকে গুলি করে হত্যা করেছে। তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। তাদের ভয়ে অনেক নারী-পুরুষ এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। অস্ত্রধারীদের কাছে এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছে। অস্ত্র উদ্ধার ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জোরালো পদক্ষেপ দাবি করেন তিনি।"
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, "অভিযুক্ত নিরবকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন