ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

দৌলতখানের কৃষকরা শীতকালীন সবজিতে স্বপ্ন বুনছেন


দৌলতখানের কৃষকরা শীতকালীন সবজিতে স্বপ্ন বুনছেন

ভোলার দৌলতখানে কৃষকরা শীতকালীন সবজি চাষ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। অনুকূল আবহাওয়ার কারণে মাঠজুড়ে চলছে চারা রোপণ এবং চারা পরিচর্যার কাজ। বাজারের চাহিদা মাথায় রেখে কিছুটা বেশি লাভের আশায় এখানকার কৃষকেরা সবজিতে স্বপ্ন বুনছেন।

উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকরা লালশাক, বরবটি, পালং শাক, লাউ, মিষ্টি কুমড়া, তিতা করলা, বেগুন, পাতাকপি, বাঁধাকপি ও টমেটোসহ বিভিন্ন সবজি চাষাবাদ শুরু করেছেন। তারা আশা করছেন, তিন থেকে চার সপ্তাহ পর এসব সবজি বাজারজাত করতে পারবেন।

কৃষকরা সকালে ঘুম থেকে উঠে জমিতে হাল চাষ, চারা রোপণ, খেতে পানি দেওয়া এবং আগাছা পরিষ্কার করার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাদের প্রস্তুতি শুধু নিজেদের চাহিদার জন্য নয়, বরং বাণিজ্যিকভাবে শীতের সবজি উপজেলার বিভিন্ন বাজারে পাঠানোর জন্যও চলছে।

আরও পড়ুন: বিজ্ঞান ভিত্তিক আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষকের চাষ পদ্ধতি

সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগাম চাষ করলে বাজারে চাহিদা বেশি থাকে। তাই মুনাফা অনেক বেশি হয়। কৃষকেরা বর্তমানে উচু জমিতে সবজি চাষে মনোনিবেশ করছেন। চরশুভী গ্রামের কৃষকরা দীর্ঘকাল ধরে বাণিজ্যিক ভিত্তিতে সবজি চাষে বেশ সাফল্য অর্জন করেছেন। এখানকার সবজি পাইকারি বিক্রেতারা জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যান।

কৃষক শফিউল্লাহ জানান, "ছোটবেলা থেকে বাবার সঙ্গে সবজি চাষ করি। প্রতি বছর তিন থেকে চার খানি জমিতে সবজি চাষ করি। গত বর্ষা মৌসুমে সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ মৌসুমে আগাম সবজি বাজারে পাঠাতে চাই। ফলন ভালো হলে ক্ষতি পুষিয়ে নিতে পারবো।"

কৃষক লিটন বলেন, "গত মৌসুমে সবজি চাষ করে লোকসানে পড়েছি। এ মৌসুমে আগাম শীতকালীন সবজি চাষ শুরু করেছি। কয়েক সপ্তাহ পর বাজারে বিক্রি করতে পারবো। আশা করি, আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে।"

কৃষক মনির জানান, "চলতি মৌসুমে জমিতে মুলা, বেগুন, সিম, বাঁধাকপি ও ফুলকপি লাগিয়েছি। এতে সব মিলিয়ে আমার দুই লাখ টাকার মত ব্যয় হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে এবং ফলন ভাল হলে ৬ থেকে ৭ লাখ টাকার সবজি বিক্রি করতে পারব।"

আরও পড়ুন: শরীয়তপুরে পেঁয়াজ-রসুন চাষে ব্যস্ত কৃষকরা, ভালো ফলনের প্রত্যাশা

দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম ইনকিলাবকে বলেন, "উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা এখন শীতকালীন সবজি চাষ করছেন। কৃষিবিভাগের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করছি ফলন ভালো হলে কৃষকরা গত মৌসুমের ক্ষতি পুষিয়ে নিতে পারবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০০ কোটি রুপি মামলায় সাক্ষী হিসেবে আদালতে হাজির হবেন নোরা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


২০০ কোটি রুপি মামলায় সাক্ষী হিসেবে আদালতে হাজির হবেন নোরা

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি, সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দায়ের করা ২০০ কোটি রুপির অর্থ আদায়ের মামলায় সাক্ষী হিসেবে দিল্লির আদালতে হাজির হবেন। তার সাক্ষ্য নেওয়ার জন্য ৬ নভেম্বর রাউস অ্যাভিনিউ আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, গত ২ নভেম্বর মামলার শুনানিতে নোরা আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন তার আইনজীবী আদালতে উপস্থিতি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। পেশাগত ব্যস্ততার কারণে নির্ধারিত দিনে হাজির হতে পারবেন না বলে জানানো হয়।

আদালত নোরার অনুপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। অতিরিক্ত দায়রা বিচারক গগনদীপ সিং মন্তব্য করেন, সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত থাকা তার দায়িত্ব। পরে তাকে ৬ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি সরকারি কর্মকর্তা পরিচয়ে ফোর্টিস হেলথকেয়ারের সাবেক প্রমোটার শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি আদায় করেছেন। উল্লেখ্য, শিবিন্দর তখন একটি অর্থ পাচার মামলায় কারাগারে ছিলেন। তার জামিনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে অদিতির কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

এ মামলায় নোরা ফাতেহি অভিযুক্ত নন; তাকে সাক্ষী হিসেবে আদালতে ডাকা হয়েছে। উল্লেখযোগ্য যে, মামলার তদন্তে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজের নামও উঠে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে নেওয়া হলো শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে নেওয়া হলো শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যখন তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিলেট নগরের আখালিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়।

মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে মন্ত্রী তার নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও কর্মসূচিতে অংশগ্রহণ করেন। দুপুর পৌনে ১২টার দিকে হঠাৎ করে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত সিলেট নগরে হাসপাতালে ভর্তি করা হয়।

জুরেজ আবদুল্লাহ আরও জানান, চিকিৎসকরা বর্তমানে মন্ত্রীকে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। তবে তার শারীরিক অবস্থার কারণে তাকে হাসপাতালে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত ফিলিপাইনে ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির পরিকল্পনা করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


ভারত ফিলিপাইনে ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির পরিকল্পনা করছে

ভারত বর্তমানে ফিলিপাইনের কাছে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির পরিমাণ বৃদ্ধি করতে চূড়ান্ত পর্যায়ের আলোচনা চালাচ্ছে। এই বিষয়ে সরাসরি যুক্ত তিনটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

২০২২ সালে সম্পাদিত এক চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র সরবরাহের কাজ যখন শেষের দিকে, ঠিক তখনই নতুন এই চুক্তির খবর সামনে এসেছে। ভারতীয় দুটি সূত্র জানিয়েছে, ফিলিপাইন প্রায় পাঁচটি ব্রহ্মোস সিস্টেম কেনার পরিকল্পনা করছে, যার আওতায় প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকতে পারে। এই চুক্তির সম্ভাব্য মূল্য ৭০ কোটি থেকে ৮০ কোটি মার্কিন ডলার হতে পারে। এর আগে নৌবাহিনীর ব্যবহারের জন্য ফিলিপাইনের কাছে ৩৭.৫ কোটি ডলার মূল্যের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি সম্পন্ন করেছিল ভারত। তবে এবারের চুক্তির অঙ্ক পূর্ববর্তী চুক্তির তুলনায় বেশি।

দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ফিলিপাইন নিজেদের সামরিক বাহিনীকে আধুনিকায়ন এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে তাদের নতুন চুক্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আর্সেনিও আন্দোলোং রয়টার্সকে জানিয়েছেন, তাদের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র অতিরিক্ত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেনার আগ্রহ প্রকাশ করেছেন। গত বুধবার ‘দিল্লি ডিফেন্স ডায়ালগ’-এ ভার্চুয়ালি যুক্ত হয়ে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওডোরো বলেন, তারা আরও ব্রহ্মোস ইউনিট পাওয়ার আশা করছেন এবং সিস্টেমটিকে ফিলিপাইনের পরিবেশের জন্য আরো উপযোগী করে তুলতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি তালিকাও জমা দিয়েছেন।

ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস বিশ্বের অন্যতম দ্রুতগামী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা স্থল, সমুদ্র ও আকাশ থেকে নিক্ষেপ করা যায়। গত বছর ভারত-পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষের সময় ভারত প্রথমবার এই অস্ত্র ব্যবহার করার পর থেকেই এর চাহিদা বেড়েছে। গত জুলাইয়ে ভারত ইন্দোনেশিয়ায় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেয় এবং ভিয়েতনামের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ অন্যান্য দেশের সঙ্গে এই সিস্টেম নিয়ে আলোচনা চলছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত অর্থবছরে ভারতের প্রতিরক্ষা খাতের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬২ শতাংশের বেশি বেড়ে ৩৮৪.২৪ বিলিয়ন রুপিতে (৪.১১ বিলিয়ন ডলার) পৌঁছেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবানা-শাবনূরের ভক্ত থেকে অভিনেত্রী, জিমের অভিনয় যাত্রা কেমন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


শাবানা-শাবনূরের ভক্ত থেকে অভিনেত্রী, জিমের অভিনয় যাত্রা কেমন?

মাফতুহা জান্নাত শিশুশিল্পী হিসেবে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন। এরপর পড়াশোনার জন্য কিছু সময় বিরতি নেন। পরে নতুন করে শুরু করে দর্শকদের কাছে জিম নামে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী।

তিনি শাবানা ও শাবনূরের ভক্ত ছিলেন। ছোটবেলায় তাদের সিনেমা দেখে অভিনয়ের স্বপ্ন দেখতেন মাফতুহা জান্নাত। তবে তার অভিনয়ের শুরুটা হয়েছিল নাচের মাধ্যমে। পরে শিশুশিল্পী হিসেবে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পান।

সপ্তম শ্রেণিতে পড়ার সময় অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান মাফতুহা জান্নাত। সিনেমাটিতে রানুর (জয়া আহসান) ছোটবেলার স্মৃতিচারণার অংশে তাকে দেখা গিয়েছিল। কিন্তু শৈশবের সেই অভিনয় নিয়মিত হয়নি। পড়াশোনার জন্য দীর্ঘ বিরতি ছিল। ২০২৩ সালে তিনি আবার নতুন করে ফিরেছেন।

বাবু সিদ্দিকীর পরিচালনায় ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ নাটকটি ছিল মাফতুহা জান্নাতের প্রথম নাটক। কীভাবে তিনি এই সুযোগটি পেলেন? এ প্রসঙ্গে জিম বলেন, ‘ফেসবুকের মাধ্যমে বাবু সিদ্দিকী ভাইয়ের সঙ্গে পরিচয়। আমার অভিনয়ের আগ্রহের কথা জেনে তিনি সুযোগ দিয়েছিলেন। এভাবেই শুরু।’

এরপর তিনি মাবরুর রশিদ বান্নাহর ‘যত্ন’ নাটকে কাজ করেন। এ প্রসঙ্গে মাফতুহা জান্নাত বলেন, ‘যত্ন’ নাটকটি আমার টার্নিং পয়েন্ট ছিল। নাটকের ইরা চরিত্রটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এখনো দর্শক দূর থেকে ইরা নাম ধরে ডাকেন। আরশ খান ভাইয়ের সঙ্গে দর্শক আমাদের জুটি পছন্দ করেন। দর্শকের এই ভালোবাসার কারণে সকাল আহমেদ ভাই নির্মাণ করেন ‘দোষটা কার?’

এ নাটকেও দর্শক আমাদের জুটি পছন্দ করেছেন। এই নাটকে চেনা ছকের বাইরে গিয়ে আমাকে চরিত্রের জটিল মনস্তত্ত্ব ফুটিয়ে তুলতে হয়েছিল, যা আমাকে নতুন চ্যালেঞ্জ নিতে উসকে দিয়েছিল। কাজটি প্রকাশের পর সাধারণ দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলাম। এটি আমার আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দিয়েছিল।

সম্প্রতি জিমের আলোচনায় থাকার প্রধান কারণ হচ্ছে—‘বিষপাখি’, ‘পেট্রোল’ ও ‘আহা একি মায়া’। এই তিন নাটকের গল্প ও চরিত্রে ভিন্নতা রয়েছে। তার কাছে প্রতিটি কাজের অভিজ্ঞতা আলাদা মনে হয়েছে।

জিম বলেন, ‘দর্শক এখন একঘেয়ে গল্প দেখতে চান না। তিনটি নাটকের গল্প একটির চেয়ে অন্যটি সম্পূর্ণ আলাদা। রোমান্স, ড্রামা থেকে সাইকোলজিক্যাল থ্রিলার—বিভিন্ন ধরনের গল্পে দর্শক নতুনত্ব পেয়েছেন। প্রতিটি চরিত্রে চেষ্টা করেছি, সাধারণ মানুষ যেন নিজের জীবনের সঙ্গে চরিত্রগুলো মেলাতে পারেন। চরিত্রের চেনা রূপ ও বাস্তবতাই দর্শকদের মন ছুঁয়েছে বলে মনে করি।’

তিনি আরও বলেন, অনেক নির্মাতা ও প্রযোজক নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে ঝুঁকি নিতে চান না। ফলে শুরুতে একই ধরনের চরিত্রের প্রস্তাব বেশি আসে। অভিনয়দক্ষতা প্রমাণের জন্য বৈচিত্র্যময় ও শক্তিশালী চরিত্র পাওয়া নতুনদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘শুরুতে আমাকেও এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে। নতুনদেরও প্রতিভা আছে। তাদের সুযোগ দেওয়া দরকার।’

অভিনয়ে শরীরী ভাষার গুরুত্বও তিনি এই পড়াশোনার মাধ্যমে বুঝতে শিখেছেন।

অভিনেত্রী বলেন, ‘অভিনয়ে শুধু সংলাপ বললেই হয় না। চোখের ইশারা কিংবা শরীরের ছোট্ট কোনো অঙ্গভঙ্গির মাধ্যমে অনুভূতি প্রকাশ করা যায়। কীভাবে অতিরঞ্জন না করে একটি চরিত্রের আবেগ ফুটিয়ে তুলতে হয়, নাট্যকলার পড়াশোনা আমাকে তা শিখিয়েছে। স্ক্রিপ্ট পড়ার পর এর ভেতরের মূল ভাবনা বুঝতেও সুবিধা হয়। পরিচালকের চাওয়া অনুযায়ী অভিনয় করতে এটি অনেক সাহায্য করে।’

ভবিষ্যতে কোন ধরনের চরিত্রে অভিনয় করতে চান মাফতুহা জান্নাত? নির্দিষ্ট কোনো নির্মাতার নাম বলতে চাননি তিনি। বরং সব নির্মাতার সঙ্গেই কাজ করার আগ্রহ রয়েছে। তবে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে বৈচিত্র্যকে গুরুত্ব দিতে চান। বিশেষ করে মনস্তাত্ত্বিক জটিলতা রয়েছে, এমন চরিত্রে অভিনয়ের ইচ্ছা তাঁর। সাদা-কালো বিভাজনের বাইরে পর্দায় তুলে ধরতে চান মানুষের মনের নানা রূপ। পাশাপাশি বাস্তব জীবনের শক্তিশালী নারীদের গল্পও অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে আনতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%