ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

পাঁচটি গুনাহ ও তার ভয়াবহ পরিণতি


পাঁচটি গুনাহ ও তার ভয়াবহ পরিণতি

মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কিছু অন্যায় ও পাপ রয়েছে, যেগুলোর পরিণতি শুধুমাত্র ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং এর নেতিবাচক প্রভাব গোটা সমাজ ও রাষ্ট্রের ওপর পড়ে। অনেক সময় মানুষের অন্যায় আচরণই মানুষের নৈতিক অবক্ষয়, অর্থনৈতিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক অস্থিরতার পেছনে দায়ী হয়ে থাকে।

এ বিষয়ে মহানবী (সা.) উম্মতকে সতর্ক করে পাঁচটি অভ্যাস থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.) মুহাজির সাহাবিদের উদ্দেশে বলেন, ‘হে মুহাজির সম্প্রদায়! পাঁচটি বিষয় এমন রয়েছে, যখন তোমরা সেগুলোতে আক্রান্ত হবে তখন ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে। আমি আল্লাহর কাছে পানাহ চাই, যেন তোমরা সেগুলোতে আক্রান্ত না হও।’ এরপর তিনি পাঁচটি বিষয়ের পরিণতি বর্ণনা করেন। (ইবনে মাজাহ, হাদিস : ৪০১৯)

১. প্রকাশ্যে অশ্লীলতা ও বেহায়াপনা ছড়িয়ে পড়া : মহানবী (সা.) বলেন, কোনো সম্প্রদায়ের মধ্যে যখন প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে এমন মহামারি ও রোগব্যাধি দেখা দেয়, যা তাদের পূর্ববর্তী লোকদের মধ্যে ছিল না। অশ্লীলতা মানুষের নৈতিক চরিত্রকে ধ্বংস করে এবং সামাজিক পরিবেশকে কলুষিত করে। বিশেষত যখন পাপকে গোপন রাখার পরিবর্তে প্রকাশ্যে প্রচার করা হয়, তখন তা সমাজে স্বাভাবিক বিষয়ে পরিণত হতে থাকে। বর্তমানে বিভিন্ন মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে পড়া, পর্দাহীনতা ও অনৈতিক সম্পর্কের বিস্তার আমাদের জন্য গভীর চিন্তার বিষয়। তাই ব্যক্তি ও পরিবার থেকে শুরু করে সামাজিক পর্যায়ে শালীনতা, পবিত্রতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া জরুরি।

আরও পড়ুন: আল্লাহর হক আদায় করার ১৬ উপায় ও গুরুত্ব নিয়ে আলোচনা

২. ওজনে ও পরিমাপে কম দেওয়া : নবীজি (সা.) বলেন, কোনো সম্প্রদায় যখন ওজনে ও পরিমাপে কম দিতে শুরু করে, তখন তারা দুর্ভিক্ষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শাসকদের জুলুমের শিকার হয়। ব্যবসা-বাণিজ্যে সততা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। অথচ সামান্য বেশি লাভের আশায় অনেকেই পণ্যের ওজন কম দেয়, পরিমাপে কারচুপি করে কিংবা পণ্যের গুণগত মান গোপন করে। এসব প্রতারণা মানুষের অধিকার নষ্ট করে এবং বাজারব্যবস্থায় অবিশ্বাস সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, ‘দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়।’ (সুরা : মুতাফফিফিন, আয়াত : ১)

অতএব—ব্যক্তি, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে লেনদেনের স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করা জরুরি।

৩. সম্পদের জাকাত আদায় না করা : নবীজি (সা.) বলেন, কোনো সম্প্রদায় যখন তাদের সম্পদের জাকাত আদায় করা বন্ধ করে দেয়, তখন আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। চতুষ্পদ জন্তু না থাকলে তাদের ওপর বৃষ্টিই বর্ষিত হতো না। জাকাত ইসলামের অন্যতম মৌলিক বিধান। তাই প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উচিত যথাযথ হিসাব করে জাকাত আদায় করা।

৪. আল্লাহ ও রাসুলের অঙ্গীকার ভঙ্গ করা : নবীজি (সা.) বলেন, কোনো সম্প্রদায় যখন আল্লাহ ও তাঁর রাসুলের সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করে, তখন তাদের ওপর এমন শত্রু চাপিয়ে দেওয়া হয়, যারা তাদের সম্পদের কিছু অংশ ছিনিয়ে নেয়। আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাঁর বিধান মেনে চলার অঙ্গীকার একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই ঈমান, আমল ও প্রতিশ্রুতির ক্ষেত্রে আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করা জরুরি।

আরও পড়ুন: কবর, আখিরাতের প্রথম ধাপ: ইসলামের মৌলিক আকিদা

৫. আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করা : নবীজি (সা.) বলেন, যখন কোনো সম্প্রদায়ের শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করেন না এবং আল্লাহর নাজিলকৃত বিধান গ্রহণ না করে অন্য বিধানকে প্রাধান্য দেন, তখন আল্লাহ তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি করে দেন।

ন্যায়বিচার প্রতিষ্ঠা শাসনব্যবস্থার অন্যতম প্রধান দায়িত্ব। ইসলাম বিচারক ও শাসকদের পক্ষপাতহীনভাবে ন্যায়বিচার করার নির্দেশ দিয়েছে। যখন বিচারব্যবস্থায় ন্যায়ের পরিবর্তে স্বার্থ, ক্ষমতা ও পক্ষপাত প্রাধান্য পায়, তখন সমাজে অবিশ্বাস, বিভেদ ও সংঘাত সৃষ্টি হয়। তাই শাসক ও বিচারকদের জন্য আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অপরিহার্য। (ইবনে মাজাহ, হাদিস : ৪০১৯; আল-মুজামুল আওসাত, ইমাম তাবারানি, হাদিস: ৪৬৭১; আল-মুস্তাদরাক আলাস সহিহাইন, হাদিস: ৮৬২৩; শুআবুল ঈমান, হাদিস: ৩০৪২)

উল্লিখিত হাদিসে নবীজি (সা.) যে পাঁচটি বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, সেগুলো শুধু অতীতের কোনো সম্প্রদায়ের জন্য সতর্কবার্তা নয়; বরং সব যুগের মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা।

আরও পড়ুন: ২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালি মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৬ এম


ইতালি মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে

স্মার্টফোন থেকে ছবি ও ভিডিও ব্যবহার করার অভিযোগে, ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮০৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮৮৭ মিলিয়ন ডলার) জরিমানা করেছে ইতালি। শনিবার গারান্তে দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ এ জরিমানার ঘোষণা দেয়। খবর আল জাজিরার

গারান্তে জানায়, অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহারকারীদের স্মার্টফোনে সংরক্ষিত ছবি, ভিডিও এবং সংশ্লিষ্ট তথ্য তাদের অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে ব্যবহারকারীদের যথাযথভাবে কিছু জানানো হয়নি।

ফেসবুকের ‘গেট সাজেশনস ফ্রম গ্যালারি হোয়েন ব্রাউজিং ফেসবুক’ নামের একটি ফিচারের কারণে এ অভিযোগ উঠেছে। ফিচারটি চালু থাকলে ফেসবুক ব্যবহারের সময় ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও পোস্ট করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দেওয়া হয়।

ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের মতে, ফিচারটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ই-প্রাইভেসি নির্দেশনা বাস্তবায়নে করা ইতালির আইন লঙ্ঘন করেছে।

গারান্তে বলেছে, ব্যবহারকারীদের সম্মতি নেওয়ার প্রক্রিয়া মেটার কাছে অত্যন্ত সাধারণ ও অস্পষ্ট। ফলে ব্যবহারকারীরা সম্মতি দেওয়ার মাধ্যমে ঠিক কী ধরনের তথ্য ব্যবহারের অনুমতি দিচ্ছেন, তা পুরোপুরি বুঝতে পারেন না। তাছাড়া, ফিচারটি আগে থেকেই চালু ছিল।

কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এ ফিচারের কারণে ইতালিতে প্রায় ২ কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে, সম্মতি চাওয়ার অস্পষ্ট নোটিশ সংশোধন এবং ফিচারটি ডিফল্টভাবে চালু রাখার ব্যবস্থা বন্ধ করতে।

জরিমানার সিদ্ধান্তের পেছনে মেটার অসহযোগিতার বিষয়টিও উল্লেখ করেছে গারান্তে। একই সঙ্গে ২০১৯ সালে একই ধরনের একটি লঙ্ঘনের ঘটনায় মেটাকে জরিমানা করার বিষয়টিও এবারের সিদ্ধান্তে বিবেচনায় নেওয়া হয়েছে।

মেটার বৈশ্বিক আয়ের প্রায় শূন্য দশমিক ৪৭ শতাংশের সমান এ জরিমানা। তবে এ কার্যক্রমে সংগৃহীত ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে ব্যবহার করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়নি। মেটা এ ধরনের ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছে।

এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি মেটা। তবে ইতালির নিয়ন্ত্রক সংস্থার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অধিকার রয়েছে প্রতিষ্ঠানটির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৫০ হাজার সেনা নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৭ এম


ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৫০ হাজার সেনা নিহতের দাবি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্তত ৪ লাখ ৫০ হাজার নাগরিকের মৃত্যু ঘটেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই রাশিয়ার সামরিক বাহিনীর সদস্য। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) রসস্ট্যাটের ফাঁস হওয়া নথি বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে। গত আগস্ট পর্যন্ত সময়ের হিসাব ধরে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের মধ্যে চার হাজারের বেশি বিদেশি নাগরিকও রয়েছেন। তাদের মধ্যে উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল, কলম্বিয়া ও নাইজেরিয়ার নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গত ১ নভেম্বর, বেলারুশের সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো নামের দুটি হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের নেটওয়ার্কে প্রবেশের দাবি করে এসব নথি প্রকাশ করে। পরে তথ্যগুলো বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে সরবরাহ করা হয়।

অন্যদিকে, রসস্ট্যাট জানিয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে তাদের ওপর সাইবার হামলা হয়েছিল। তবে সংস্থাটি দাবি করেছে, তাদের তথ্যভান্ডার থেকে কোনো সুরক্ষিত তথ্য চুরি বা ফাঁস হওয়ার প্রমাণ পাওয়া যায়নি।

ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধান অনুযায়ী, মৃত্যুর তথ্য নিবন্ধনে কয়েক মাস, এমনকি কয়েক বছরও সময় লাগতে পারে। বিলম্বে নিবন্ধিত মৃত্যুর হিসাব যুক্ত হলে গত আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজারে পৌঁছাতে পারে। ফাঁস হওয়া নথিতে প্রায় ৪ লাখ ১০ হাজার মৃত্যুকে সরাসরি যুদ্ধসংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া যুদ্ধে অংশ নেওয়ার বয়সী আরও ৪২ হাজার পুরুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে, যাদের মরদেহ উদ্ধার না হলেও আদালতের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে সম্মুখযুদ্ধের এলাকায় বা এর কাছাকাছি নিহত আরও ১২ হাজার ব্যক্তির তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা অন্তত ৪ লাখ ৫০ হাজার বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে আভদিভকা ও পোকরভস্ক অঞ্চল ঘিরে। এসব এলাকায় প্রায় ১ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া বাখমুত এলাকায় নিহত হয়েছেন আরও প্রায় ৪৮ হাজার।

২০২৪ সালে আভদিভকা দখলের পর রুশ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের কয়লাখনিসমৃদ্ধ শহর পোকরভস্কের দিকে অগ্রসর হয়। দীর্ঘ লড়াইয়ের পর ২০২৬ সালের শুরুতে শহরটি দখল করে রাশিয়া। অন্যদিকে, ২০২৩ সালের মে মাসে রুশ বাহিনী ও ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনারের হাতে বাখমুতের পতন ঘটে।

যুদ্ধে নিহত রুশ সেনাদের গড় বয়সও বেড়েছে। যুদ্ধের প্রথম বছরে নিহতদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে তা বেড়ে ৪০ বছরে দাঁড়ায়। নিহতদের মধ্যে ৩৫ থেকে ৪৪ বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি। এ বয়সসীমার প্রায় ১ লাখ ৫৮ হাজার পুরুষ নিহত হয়েছেন।

রাশিয়ার অপেক্ষাকৃত দরিদ্র ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে প্রাণহানির হার বেশি বলে প্রতিবেদনে উঠে এসেছে। সাইবেরিয়ার বুরিয়াত জনগণের বসবাস বেশি এমন জাবাইকালস্কি অঞ্চলে প্রায় ১২ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। অঞ্চলটির প্রতি ৮০ জনে একজনের মৃত্যুর সমান এই সংখ্যা।

এ ছাড়া বাশকোর্তোস্তান অঞ্চলে নিহতের সংখ্যা প্রায় ১৫ হাজার ৮০০। অঞ্চলটিতে বাশকির ও ভলগা তাতারসহ বিভিন্ন সংখ্যালঘু জনগণের বসবাস রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের হিসাবে, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে বিদেশি নাগরিকত্বধারী অন্তত ৪ হাজার ১৪১ জন নিহত হয়েছেন। তবে ব্লুমবার্গের হিসাবে, রাশিয়ার বাইরে জন্ম নেওয়া ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করলে এ সংখ্যা ১১ হাজার ৩৩৫।

নিহত বিদেশিদের মধ্যে উজবেকিস্তানের নাগরিক ৮০৭ জন এবং তাজিকিস্তানের ৫৯৮ জন। এ ছাড়া ৪৪ জন নেপালি ও ৯৮ জন কলম্বীয় নাগরিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩৪০ নাগরিকও প্রাণ হারিয়েছেন।

বিদেশিদের রুশ বাহিনীতে যোগ দেওয়ার অন্যতম কারণ অর্থের প্রলোভন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার নাগরিকদের অনেককে রাশিয়ায় ভালো বেতনের বেসামরিক চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দেশটিতে পৌঁছানোর পর তাদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়।

অনলাইন চাকরির বিজ্ঞাপন ও স্থানীয় নিয়োগকারী এজেন্টদের মাধ্যমে বিদেশিদের প্রলুব্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থাটি। কেনিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, দেশটির এক হাজারের বেশি নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মাসে প্রায় ২ হাজার ৭১৫ ডলার বেতন এবং সর্বোচ্চ ৯ হাজার ৩০৯ ডলার বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তবে ইউক্রেনে যুদ্ধ করতে কাউকে জোর করা হচ্ছে না বলে দাবি মস্কোর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মজুরি কমে বিক্ষোভে উত্তাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ এম


ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মজুরি কমে বিক্ষোভে উত্তাল

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং পুলিশের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফ্রান্স আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। শনিবার, দেশটির বিভিন্ন শহরে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ও বিভিন্ন যুব সংগঠনের উদ্যোগে লাখো মানুষ রাজপথে নেমে আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, দেশজুড়ে বিক্ষোভে অংশ নিয়েছেন ১ লাখ ৬ হাজার মানুষ। তবে কিছু শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবারের বিক্ষোভে প্যারিসে ২৪ হাজার মানুষ অংশ নেন। গত সপ্তাহে দেশজুড়ে ১ লাখ ৪৬ হাজার এবং প্যারিসে ৪৬ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এর মানে হলো, আগের সপ্তাহের তুলনায় এবার বিক্ষোভকারীর সংখ্যা কমেছে।

তবে শিক্ষার্থীদের ইউনিয়নগুলো ভিন্ন হিসাব দিয়েছে বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ে। তাদের দাবি, শনিবারের কর্মসূচিতে অংশ নিয়েছেন ২ লাখ মানুষ, যাদের মধ্যে প্রায় ১ লাখ প্যারিসে ছিলেন।

শনিবারের বিক্ষোভের ফলে আটকের সংখ্যা আগের বড় কর্মসূচিগুলোর তুলনায় কম ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ২১৯ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে প্যারিসে ৪৫ জনকে আটক করা হয়েছে বলে নগরীর কৌঁসুলিরা জানিয়েছেন।

এক মাসেরও বেশি সময় ধরে ফ্রান্সে উচ্চবিদ্যালয় অবরোধ, বড় ধরনের বিক্ষোভ এবং ধর্মঘট চলছে। শিক্ষার মান কমে যাওয়া, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি এবং পুলিশের সহিংসতার প্রতিবাদে বিক্ষোভকারীরা এসব কর্মসূচি পালন করছেন। কয়েকটি কর্মসূচিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সমালোচনা করে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেছেন তারা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছু বিক্ষোভের প্রান্তিক অংশে সহিংসতার ঘটনা ঘটেছে। ১৭ অক্টোবরের প্রথম বড় বিক্ষোভে কয়েকটি শহরে লুটপাটের ঘটনাও ঘটে। এরপর থেকে বিক্ষোভস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং পরিবহন চলাচল ও বিক্ষোভের অনুমতির ক্ষেত্রেও নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে।

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে সপ্তাহান্তে বিক্ষোভ নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। তবে শহরটির প্রশাসনিক দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রায় সাড়ে তিন হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। শহরের একটি জনপ্রিয় চত্বরে আগুন জ্বলতে থাকার ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমগুলো।

লিয়ঁ শহরেও বিক্ষোভে অংশ নেন প্রায় আট হাজার মানুষ। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মুখোশ পরা বিক্ষোভকারীরা রাস্তায় জ্বালানো আগুনের সামনে স্লোগান দিচ্ছেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে ধাওয়া দিতে এবং কাঁদানে গ্যাস ছুড়তে দেখা গেছে।

নঁত, বোর্দো ও প্যারিসেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ব্যবহারের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার আবারও ধর্মঘটের ডাক

বিক্ষোভের ধারাবাহিকতায় আগামী মঙ্গলবার নতুন করে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। তারা ন্যূনতম মজুরি ০ দশমিক ৬ শতাংশ বাড়ানোর সরকারি প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে। ইউনিয়নগুলোর ভাষায়, এই বৃদ্ধি খুবই সামান্য এবং তা কার্যত ‘ছুড়ে দেওয়া কয়েকটি টুকরোর’ মতো।

ধর্মঘট ও বিক্ষোভের কর্মসূচি পালিত হলে তা হবে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে। ২০১৮ সালে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে এ আন্দোলনের সূচনা হয়েছিল। পরে দুই বছর ধরে চলা বিক্ষোভ মাক্রোঁ সরকারের শুরুর সময়টিকে বড় ধরনের চাপে ফেলেছিল।

ইয়েলো ভেস্ট আন্দোলনের খবরাখবর সংরক্ষণকারী ওয়েবসাইট ১৭অক্টোবরগিলেটজাউনেট ডট নেট জানিয়েছে, মঙ্গলবার আন্দোলনকারীরা আট বছর পূর্তি উদ্‌যাপন করবেন সেই জায়গাগুলোতে, যেখান থেকে আন্দোলনের সূচনা হয়েছিল। সারা দেশের বিভিন্ন সড়কের গোলচত্বর ও টোল প্লাজায় এ কর্মসূচি পালনের কথা রয়েছে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৯ এম


২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন তাকি উসমানি

বাংলাদেশ সফরের অংশ হিসেবে আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা প্রদান করবেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। একই দিনে মুসল্লিদের উদ্দেশে তিনি একটি বয়ানও করবেন। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ নভেম্বর) তার সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করা হয়। সফরের প্রধান সমন্বয়ক এবং রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদের স্বাক্ষরিত সূচিতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

সূচি অনুযায়ী, মুফতি তাকি উসমানি আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এই সময় তিনি ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সম্মেলন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

২২ নভেম্বর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে তিনি যোগ দেবেন। পরের দিন ২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে অংশগ্রহণ করবেন।

২৪ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা সফরের পরিকল্পনা রয়েছে তার। ২৫ নভেম্বর সিলেটের আলিয়া মাঠে উলামা সম্মেলন এবং ২৬ নভেম্বর বেফাক ও হাইআ আয়োজিত উলামা সম্মেলনে অংশগ্রহণ করবেন এই আলেম।

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বয়ান শেষে বাদ আসর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। সফরের শেষ দিন ২৮ নভেম্বর বাদ মাগরিব জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি প্রদান করবেন তিনি।

মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে তার আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি রয়েছে। এছাড়া, তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%