প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কিছু অন্যায় ও পাপ রয়েছে, যেগুলোর পরিণতি শুধুমাত্র ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং এর নেতিবাচক প্রভাব গোটা সমাজ ও রাষ্ট্রের ওপর পড়ে। অনেক সময় মানুষের অন্যায় আচরণই মানুষের নৈতিক অবক্ষয়, অর্থনৈতিক সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক অস্থিরতার পেছনে দায়ী হয়ে থাকে।
এ বিষয়ে মহানবী (সা.) উম্মতকে সতর্ক করে পাঁচটি অভ্যাস থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.) মুহাজির সাহাবিদের উদ্দেশে বলেন, ‘হে মুহাজির সম্প্রদায়! পাঁচটি বিষয় এমন রয়েছে, যখন তোমরা সেগুলোতে আক্রান্ত হবে তখন ভয়াবহ পরিণতির সম্মুখীন হবে। আমি আল্লাহর কাছে পানাহ চাই, যেন তোমরা সেগুলোতে আক্রান্ত না হও।’ এরপর তিনি পাঁচটি বিষয়ের পরিণতি বর্ণনা করেন। (ইবনে মাজাহ, হাদিস : ৪০১৯)
১. প্রকাশ্যে অশ্লীলতা ও বেহায়াপনা ছড়িয়ে পড়া : মহানবী (সা.) বলেন, কোনো সম্প্রদায়ের মধ্যে যখন প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন তাদের মধ্যে এমন মহামারি ও রোগব্যাধি দেখা দেয়, যা তাদের পূর্ববর্তী লোকদের মধ্যে ছিল না। অশ্লীলতা মানুষের নৈতিক চরিত্রকে ধ্বংস করে এবং সামাজিক পরিবেশকে কলুষিত করে। বিশেষত যখন পাপকে গোপন রাখার পরিবর্তে প্রকাশ্যে প্রচার করা হয়, তখন তা সমাজে স্বাভাবিক বিষয়ে পরিণত হতে থাকে। বর্তমানে বিভিন্ন মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে পড়া, পর্দাহীনতা ও অনৈতিক সম্পর্কের বিস্তার আমাদের জন্য গভীর চিন্তার বিষয়। তাই ব্যক্তি ও পরিবার থেকে শুরু করে সামাজিক পর্যায়ে শালীনতা, পবিত্রতা ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়া জরুরি।
২. ওজনে ও পরিমাপে কম দেওয়া : নবীজি (সা.) বলেন, কোনো সম্প্রদায় যখন ওজনে ও পরিমাপে কম দিতে শুরু করে, তখন তারা দুর্ভিক্ষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শাসকদের জুলুমের শিকার হয়। ব্যবসা-বাণিজ্যে সততা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। অথচ সামান্য বেশি লাভের আশায় অনেকেই পণ্যের ওজন কম দেয়, পরিমাপে কারচুপি করে কিংবা পণ্যের গুণগত মান গোপন করে। এসব প্রতারণা মানুষের অধিকার নষ্ট করে এবং বাজারব্যবস্থায় অবিশ্বাস সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, ‘দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়।’ (সুরা : মুতাফফিফিন, আয়াত : ১)
অতএব—ব্যক্তি, ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে লেনদেনের স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা নিশ্চিত করা জরুরি।
৩. সম্পদের জাকাত আদায় না করা : নবীজি (সা.) বলেন, কোনো সম্প্রদায় যখন তাদের সম্পদের জাকাত আদায় করা বন্ধ করে দেয়, তখন আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। চতুষ্পদ জন্তু না থাকলে তাদের ওপর বৃষ্টিই বর্ষিত হতো না। জাকাত ইসলামের অন্যতম মৌলিক বিধান। তাই প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উচিত যথাযথ হিসাব করে জাকাত আদায় করা।
৪. আল্লাহ ও রাসুলের অঙ্গীকার ভঙ্গ করা : নবীজি (সা.) বলেন, কোনো সম্প্রদায় যখন আল্লাহ ও তাঁর রাসুলের সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করে, তখন তাদের ওপর এমন শত্রু চাপিয়ে দেওয়া হয়, যারা তাদের সম্পদের কিছু অংশ ছিনিয়ে নেয়। আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাঁর বিধান মেনে চলার অঙ্গীকার একজন মুমিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তাই ঈমান, আমল ও প্রতিশ্রুতির ক্ষেত্রে আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করা জরুরি।
৫. আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করা : নবীজি (সা.) বলেন, যখন কোনো সম্প্রদায়ের শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করেন না এবং আল্লাহর নাজিলকৃত বিধান গ্রহণ না করে অন্য বিধানকে প্রাধান্য দেন, তখন আল্লাহ তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও সংঘাত সৃষ্টি করে দেন।
ন্যায়বিচার প্রতিষ্ঠা শাসনব্যবস্থার অন্যতম প্রধান দায়িত্ব। ইসলাম বিচারক ও শাসকদের পক্ষপাতহীনভাবে ন্যায়বিচার করার নির্দেশ দিয়েছে। যখন বিচারব্যবস্থায় ন্যায়ের পরিবর্তে স্বার্থ, ক্ষমতা ও পক্ষপাত প্রাধান্য পায়, তখন সমাজে অবিশ্বাস, বিভেদ ও সংঘাত সৃষ্টি হয়। তাই শাসক ও বিচারকদের জন্য আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা অপরিহার্য। (ইবনে মাজাহ, হাদিস : ৪০১৯; আল-মুজামুল আওসাত, ইমাম তাবারানি, হাদিস: ৪৬৭১; আল-মুস্তাদরাক আলাস সহিহাইন, হাদিস: ৮৬২৩; শুআবুল ঈমান, হাদিস: ৩০৪২)
উল্লিখিত হাদিসে নবীজি (সা.) যে পাঁচটি বিষয় থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, সেগুলো শুধু অতীতের কোনো সম্প্রদায়ের জন্য সতর্কবার্তা নয়; বরং সব যুগের মানুষের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন