০৯:৫৬ এম
মানুষ সামাজিক জীব। সমাজে একে অপরের অধিকার ও নিরাপত্তা রক্ষার মাধ্যমে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হয়। কিন্তু যখন অন্যায় ও অবিচার মানুষের চোখের সামনে ঘটে, এবং কেউ প্রতিবাদ করার সাহস দেখায় না, অথবা সাহস থাকলেও প্রয়োজন মনে করে না, তখন অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এক পর্যায়ে অন্যায় শুধুমাত্র অপরাধীর মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর মাশুল পুরো সমাজকে দিতে হয়। এজন্য ইসলাম অন্যায়ের প্রতিবাদকে শুধুমাত্র নৈতিক দায়িত্ব নয়, বরং ঈমানি দায়িত্ব হিসেবেও ঘোষণা করেছে।
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, "তোমাদের কেউ গর্হিত কাজ হতে দেখলে সে যেন স্বহস্তে (শক্তি প্রয়োগে) পরিবর্তন করে দেয়, যদি তার সে ক্ষমতা না থাকে, তবে মুখ (বাক্য) দ্বারা এর পরিবর্তন করবে। আর যদি সে সাধ্যও না থাকে, তখন অন্তর দ্বারা করবে, তবে এটা ঈমানের দুর্বলতম পরিচায়ক।" (মুসলিম, হাদিস : ৮১)
অন্যায়ের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। এই হাদিসে অন্যায়ের প্রতিবাদের তিনটি স্তর তুলে ধরা হয়েছে। সামর্থ্য ও দায়িত্বের সীমার মধ্যে থেকে কার্যকরভাবে অন্যায় প্রতিরোধ করা, প্রয়োজনে সত্য কথা বলা এবং অন্তত অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করা। তবে হাত দিয়ে প্রতিরোধের বিষয়টি শুধুমাত্র তার ক্ষেত্রেই প্রযোজ্য, যার আইনগত ও বাস্তবিক ক্ষমতা রয়েছে। এর অর্থ এই নয় যে কেউ নিজ হাতে আইন তুলে নেবে কিংবা প্রতিবাদের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করবে।
আরও পড়ুন: আল্লাহর হক আদায় করার ১৬ উপায় ও গুরুত্ব নিয়ে আলোচনা
অন্যায়কে প্রশ্রয় দেওয়ার পরিণতি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন। আবু বকর (রা.) বলেন, "হে জনসমাজ! তোমরা তো এ আয়াত পাঠ করে থাকো, কিন্তু একে যথাস্থানে প্রয়োগ করো না। আল্লাহ বলেছেন, ‘তোমরা যদি সৎপথে পরিচালিত হও, তবে যে পথভ্রষ্ট হয়েছে সে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।’" (সুরা : আল-মায়িদা, আয়াত : ১০৫)
তিনি খালিদ হতে বর্ণনা করে বলেন, "আমরা নবী (সা.)-কে বলতে শুনেছি, মানুষ যখন কোনো জালেমকে জুলুম করতে দেখে তার দুহাত চেপে ধরে না, অবিলম্বে আল্লাহ তাদের সবাইকে শাস্তি দেবেন।" (আবু দাউদ, হাদিস : ৪৩৩৮)
অর্থাৎ অন্যায়ের ব্যাপারে নির্বিকার থাকা শুধুমাত্র ব্যক্তিগত দুর্বলতা নয়; এটি সমাজের জন্যও বিপজ্জনক। কারণ অন্যায়কারী যখন দেখে, তার অপরাধের বিরুদ্ধে কেউ কথা বলছে না, তখন তার অপরাধপ্রবণতা আরও বেড়ে যায়। এভাবে একসময় জুলুম সমাজের স্বাভাবিক ঘটনায় পরিণত হয়।
অন্যায়ের প্রতিবাদের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠা করাও অপরিহার্য। অপরাধী যে-ই হোক, তার পরিচয়, সম্পদ, ক্ষমতা কিংবা আত্মীয়তার সম্পর্ক যেন বিচারের পথে বাধা হয়ে না দাঁড়ায়। মহান আল্লাহ ইরশাদ করেন, "হে মুমিনগণ, তোমরা ন্যায়ের ওপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষীরূপে। যদিও তা তোমাদের নিজদের কিংবা মা-বাবার অথবা নিকটাত্মীয়দের বিরুদ্ধে হয়। যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ কোরো না। আর যদি তোমরা ঘুরিয়ে-পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও, তবে আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবগত।" (সুরা : নিসা, আয়াত : ১৩৫)
আরও পড়ুন: কবর, আখিরাতের প্রথম ধাপ: ইসলামের মৌলিক আকিদা
এ আয়াতের শিক্ষা হলো, ন্যায়বিচারের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ, দলীয় আনুগত্য কিংবা প্রভাবশালীদের প্রতি পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে, আর নিরপরাধ ব্যক্তির অধিকার রক্ষা করতে হবে। একইভাবে প্রতিবাদের ক্ষেত্রেও সত্যনিষ্ঠা ও ইনসাফ বজায় রাখতে হবে। কারো প্রতি বিদ্বেষ যেন আমাদের অন্যায় করতে প্ররোচিত না করে।
মহান আল্লাহ বলেন, "হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সঙ্গে সাক্ষ্যদানকারী হিসেবে সদা দণ্ডায়মান হও। কোনে কওমের প্রতি শত্রুতা যেন তোমাদের কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, তা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই তোমরা যা করো, আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত।" (সুরা : মায়িদা, আয়াত : ৮)
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন