০৮:০১ এম
চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাটে ট্রেনে কাটা পড়ে শের আলী (৫৫) নামক এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সন্ধায় গাইদঘাট রেলপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শের আলী মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন তিন সন্তানের জনক।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শের আলী মহিষ চরানোর জন্য বাড়ির পার্শ্ববর্তী মাঠে যান। দীর্ঘ সময় মহিষ চরানোর পর শারীরিক অসুস্থতা এবং ক্লান্তি তাঁকে দুর্বল করে দেয়। একপর্যায়ে, গাইদঘাট রেলওয়ে স্টেশনের অদূরে রেললাইনের ওপর মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়েন। এর মধ্যে, রাজশাহী থেকে খুলনাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই শের আলীর মৃত্যু ঘটে এবং তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম জানান, মহিষ চরানোর সময় অতিরিক্ত ক্লান্ত হয়ে শের আলী রেললাইনের ওপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলেন। তিনি ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেননি। পরে তিনি ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু আরও বলেন, স্থানীয় বাসিন্দা ও স্বজনদের কাছ থেকে জানা যায়, সারাদিন রেললাইনের আশপাশে মহিষ চরানোর কারণে শের আলী ক্লান্ত হয়ে পড়েছিলেন। এক সময় তিনি রেললাইনের ওপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। ট্রেনের চালক বারবার হর্ণ দিলেও তিনি সেগুলো শুনতে বা বুঝতে পারেননি। পরে ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু ঘটে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, সুরতহাল প্রতিবেদনের প্রস্তুতির পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন