ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০


টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। দোকানগুলোরও ভাঙচুর করা হয়। এতে অন্তত ২০ জন আহত হন, যাদের মধ্যে পুলিশ সদস্যরাও রয়েছেন। ঘটনার পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হকের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও তাদের সঙ্গে যোগ দেন।

আরও পড়ুন: ফটিকছড়িতে ছাত্রলীগের ধর্মঘট, শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলছে

পরে বিক্ষোভ মিছিলটি চৌরঙ্গী থেকে পাটগাতী বাসস্ট্যান্ড হয়ে পাটগাতী বাজারে যায়। সেখানে যুবদলের কার্যালয় ভাঙচুর করা হয়। এরপর নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা আবার চৌরঙ্গী হয়ে পাটগাতী বাসস্ট্যান্ডে ফিরে যান। এ সময় পুলিশ সদস্যরা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চ বিদ্যালয়সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া তারা কয়েকটি দোকান ভাঙচুর করেন। এ ঘটনার পর গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় গ্রাম্য চিকিৎসকদের কাছ থেকে নেওয়া হয়েছে।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, "নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"

আরও পড়ুন: কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

অপরদিকে, একই দিন দুপুর ২টার দিকে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার বটতলায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা পেট্রোল ঢেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ছাত্রশিবিরের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী: নাসির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


ইসলামী ছাত্রশিবিরের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী: নাসির

ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির মন্তব্য করেছেন যে, অন্যান্য রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজের মধ্যে তাদের অবস্থান ও কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী।

মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি এই কথা বলেন একটি ফেসবুক পোস্টে।

পোস্টে নাসির উদ্দীন বলেন, "পতিত ফ্যাসিস্টের আহূত কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে থাকার পরিবর্তে অবসর যাপনের জন্য পর্যটনকেন্দ্রে সময় কাটানোয় শিক্ষার্থীরা হতাশ ও আশাহত হয়েছেন।" তিনি আরও বলেন, শিক্ষার্থীরা অনেক বেশি খুশি হতেন, যদি তিনি এই সময়ে শিক্ষার্থীদের পাশে থেকে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রাজপথে মোকাবিলায় সাহসী ভূমিকা রাখতেন এবং প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় পাশে দাঁড়াতেন।

তিনি উল্লেখ করেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি, সাবেক সমন্বয়ক ও জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।" একই সঙ্গে তিনি হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

নাসির উদ্দীন আরও বলেন, "জুলাইয়ে ছাত্রশিবির যেমন নীরব ভূমিকায় ছিল; যদি লীগের পতন না হতো শিবিরের কোনো নেতাই ক্ষতিগ্রস্ত হতেন না। ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা থেকে একজন কর্মী পর্যন্ত নিজেদের নীরব ভূমিকার জন্য লীগের ছাড়পত্র পেয়ে সুবিধাজনক অবস্থান থাকতেন।" তিনি বলেন, "সাদিক কায়েম ও এসএম ফরহাদরা হতেন হল ছাত্রলীগের নেতা। ঠিক একইভাবে এখনও তারা নীরব ভূমিকা রাখছে; যদি লীগ ফিরে আসে তাহলে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। লীগে ধরনা দেবে যে, আপনাদের ফিরে আসতে আমরা কোনোরূপ বাধা দেইনি। তারপর লীগের ছায়াতলে নিরাপদে থাকবে।" তিনি বলেন, "অপরাপর রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজ থেকে তাদের অবস্থান-কার্যক্রম ২৪-এর মতোই সুবিধাবাদী।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, রাষ্ট্রীয় অতিথি ভবনে ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, রাষ্ট্রীয় অতিথি ভবনে ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) এ অংশগ্রহণের জন্য তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইস্তাম্বুলে পৌঁছেছেন। পরে, তাকে ভিভিআইপি মর্যাদায় ইস্তাম্বুল বিমানবন্দরের অভ্যন্তরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।

বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ (M. İlker Haktankaçmaz) সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে, প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে, আজ সকাল সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে, টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে ২টা ৫৫ মিনিটে আন্তালিয়ার উদ্দেশে রওনা দেন তিনি।

আগামীকাল বুধবার জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া, সম্মেলনের ফাঁকে তিনি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক, ৪০ মশাল ও চাকু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ সদস্য আটক, ৪০ মশাল ও চাকু উদ্ধার

রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতির সময় মোহনপুর থানা পুলিশ তিন সক্রিয় সদস্যকে আটক করেছে। এ সময় ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, একটি চাকু ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য সেখানে সমবেত হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের দাবি, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন—এমন প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. মেহেদী হাসান নিরব (২৫), পিতা মোজাহার আলী, সাং হরিদাগাছি; মো. মশিউর রহমান তুহিন (২৪), পিতা মো. ইমরুল হোসেন এবং মো. সুমন আলী (২১), পিতা দুলাল হোসেন। শেষোক্ত দুজনের বাড়ি উপজেলার তিলাহারী গ্রামে।

পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় ৮ ইঞ্চি লম্বা একটি চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


নারী ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান

ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের জন্য একটি নিরাপদ, হয়রানিমুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক বাজার পরিবেশ নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা। তারা রাজধানীর কারওয়ান বাজারে নারী ব্যবসায়ীদের উচ্ছেদ না করে বাজারের খালি জায়গায় পুনর্বাসন এবং টোকেনের মাধ্যমে নির্দিষ্ট স্থান বরাদ্দের দাবি জানিয়েছেন। নিরাপদ কর্মপরিবেশ এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত হলে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীতে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস) আয়োজিত একটি অ্যাডভোকেসি সভায় এসব দাবি ও আহ্বান জানানো হয়। ‘বাধা অতিক্রম : বাজারে ব্যবসায়রত নারীদের নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিডব্লিউসিএস’র সভাপতি অধ্যাপক ড. ইশরাত শামীম।

তিনি উল্লেখ করেন, কারওয়ান বাজারের ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের নেতৃত্বের বিকাশ, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ৩০ জন সন্তান যাতে পড়াশোনার সুযোগ পায়, সে জন্য ‘শিশুদের পাঠশালা’ চালু করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নারী ব্যবসায়ীদের ব্যবসার সরঞ্জাম ও আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত তদারকিও করা হচ্ছে।

সভায় উত্থাপিত মূল প্রবন্ধে সিডব্লিউসিএস’র প্রকল্প সমন্বয়কারী খাদিজা বেগম জানান, কারওয়ান বাজারের নারী ক্ষুদ্র উদ্যোক্তার ওপর পরিচালিত জরিপে তাদের ব্যবসা ও ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ৫৫ দশমিক ৭ শতাংশ বিবাহিত, ৩১ দশমিক ৪ শতাংশ বিধবা এবং ১১ দশমিক ৪ শতাংশ স্বামী থেকে আলাদা রয়েছেন। তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে মূলধনের সংকট, নিরাপত্তাহীনতা, চুরি ও হয়রানির মতো সমস্যার মুখোমুখি হতে হয়। নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য তাদের সহযোগিতা প্রয়োজন।

সভায় নারী ব্যবসায়ীরা ফুটপাত ও বাজার থেকে উচ্ছেদ না করার জন্য এবং তাদেরকে টোকেনের মাধ্যমে নির্দিষ্ট জায়গা বরাদ্দের দাবি জানান। সবজি বিক্রেতা রুমা খান ও লাবণী আক্তার বলেন, নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হলে ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসার পরিধি বৃদ্ধি করতে সক্ষম হবে।

কারওয়ান বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার জানান, নারী ব্যবসায়ীরা এখন একটি শৃঙ্খলার মধ্যে এসেছেন। রাস্তা থেকে তাদের উচ্ছেদ করা হলে সিটি করপোরেশন ও বাজার ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে বাজারের খালি জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া যেতে পারে। তিনি বলেন, নারীদের পিছিয়ে রেখে কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়।

ঢাকা উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিডব্লিউসিসিআই) প্রকল্প সমন্বয়কারী মো. নাসির উদ্দিন বলেন, প্রান্তিক পর্যায়ের নারী ব্যবসায়ীদের মূলধারায় যুক্ত করে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তিনি তাদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতায় যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।

সভায় আরো বক্তব্য দেন ডিডব্লিউসিসিআই’র অর্থ ব্যবস্থাপক জুলকার নাইন, কারওয়ান বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন খান, সিডব্লিউসিএস’র কোষাধ্যক্ষ অধ্যাপক নুসরাত সুলতানা, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন ও রীতা ভৌমিক এবং ব্যবসায়ী মো নুরুজ্জামান, মনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন ও আনোয়ার হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%