মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৩ পি.এম
নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত মাসুম মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময়ে মাসুম ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে বৈদ্যুতিক তার চুরি করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পরে মঙ্গলবার সকালে স্থানীয় পথচারীরা সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পলাশ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যৌতুকের দাবিতে স্ত্রীকে রড ও ইট দিয়ে মারধর করে নাকের হাড় ভেঙে দেওয়ার ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। আদালত একই সঙ্গে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শেখ আলমগীর আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও অভিযোগপত্র অনুযায়ী, ২০১০ সালের ২৫ মে ইসলামী শরিয়াহ অনুযায়ী তিন লাখ এক টাকা দেনমোহরে তানিয়া আরেফিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। তানিয়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আব্দুল মজিদের কন্যা। রফিকুল ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী প্রতাপপুর গ্রামের মৃত আফছার আলীর পুত্র।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন রফিকুল। এর ধারাবাহিকতায় ২০২০ সালের ২৫ ডিসেম্বর ভোররাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে মারধর করা হয়। একপর্যায়ে রড ও ইট দিয়ে আঘাত করলে তানিয়ার নাকের হাড় ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় তানিয়া আরেফিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করে আদালত রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করেন।
রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(খ) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১১(গ) ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ধারার সাজা একই সঙ্গে কার্যকর হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মঙ্গলবার হ্যামিল্টনে বৃষ্টির কারণে নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য একটি বলও মাঠে গড়াতে পারেনি।
ভারত পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে শুক্রবার এবং রোববার মাউন্ট মঙ্গানুইয়ে।
এর পরবর্তী সময়ে দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রথম টেস্ট আগামী সপ্তাহে ওয়েলিংটনে শুরু হবে। মাসের শেষের দিকে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।
নিউজিল্যান্ড এবং ভারত দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে ১০০ বছরের লড়াইয়ের ইতিহাস উদযাপন করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের উদ্যোগে ১২ নভেম্বর বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। এই প্রদর্শনীটি পাঁচ দিনব্যাপী চলবে এবং এতে ৯০ জন শিক্ষার্থীর তৈরি ২৪৫টি শিল্পকর্ম প্রদর্শিত হবে।
প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার দুপুর ১২টায় চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের পুরস্কারপ্রাপ্ত শিল্পকর্মও এই প্রদর্শনীতে স্থান পাবে।
১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনীটি। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফছোনী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক আব্দুস শাকুর শাহ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল রতন।
কারুশিল্প বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ফারুক আহমদ মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া চারুকলা অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন।
প্রদর্শনী আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মহিউদ্দিন রাব্বানি, সাংবাদিক, জ্বালানি খাতের ওপর অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার জন্য মিডিয়া ফেলোশিপ অর্জন করেছেন। কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভাইরনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) তাকে এই ফেলোশিপের জন্য মনোনীত করেছে। তার ‘বিশ্বব্যাংক গোষ্ঠীর অর্থায়নই কি বাড়াচ্ছে গ্যাসে আমদানি-নির্ভরতা?’ শীর্ষক প্রতিবেদনটি গত সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল।
নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশ নিয়ে কাজ করা এই সংস্থা জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ফেলোশিপ প্রদান করছে।
মহিউদ্দিন রাব্বানি চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ছোটবেলা থেকেই তার পত্রপত্রিকা পড়া ও লেখালেখির প্রতি আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাংবাদিকতা পেশায় প্রবেশ করেন। বর্তমানে তিনি ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।
এর আগে তিনি দৈনিক সংবাদ, দৈনিক আমার সংবাদ, দৈনিক সবুজ বাংলা ও দৈনিক বাণিজ্য প্রতিদিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন। পেশাগত জীবনে অর্থনীতি, বাণিজ্য ও জ্বালানি খাত নিয়ে নিয়মিত সংবাদ ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করে আসছেন মহিউদ্দিন রাব্বানি।
ফেলোশিপের জন্য মনোনীত প্রতিবেদনে বাংলাদেশের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) অবকাঠামো সম্প্রসারণের প্রভাব এবং দেশের জ্বালানি নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
মহিউদ্দিন রাব্বানি দেশের পেশাদার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ